এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ১৮ জানুয়ারি এসেছিলেন আইনজীবী কে এম তানজিব-উল আলম। কথা বলেছেন কথাবন্ধু জয়ীর সঙ্গে। আইনজীবীদের বিভিন্ন বিষয় ও আইন নিয়ে আলোচনা করেছেন। অনুষ্ঠানে অতিথি বন্ধু হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দুই শিক্ষার্থী গোলাম সরওয়ার ও আমরিন খানকথাবন্ধু: শুরুতেই আপনার শিক্ষাজীবন ও কর্মজীবন সম্পর্কে কিছু বলুন।কে এম তানজিব-উল আলম: আমি এ লেভেল করেছি ১৯৯৩ সালে। লন্ডন ইউনিভার্সিটি থেকে এলএলবি করেছি ১৯৯৬ সালে। ১৯৯৭ সালে ব্যারিস্টার হয়েছি। পরে বাংলাদেশে এসে আইনজীবী ড. কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসে ১২ বছর কাজ করেছি। এরপর নিজেই একটি প্রতিষ্ঠান দিই ২০০৯ সালে। এর নাম তানজিব-উল আলম অ্যান্ড অ্যাসোসিয়েটস। কথাবন্ধু: আগে থেকেই আইনজীবী হওয়ার ইচ্ছা ছিল?তানজিব-উল আলম: আইন বিষয় নিয়েই পড়াশোনার ইচ্ছে ছিল। কারণ আমার মনে হয়, আইন হচ্ছে এমন একটি বিষয়, যেখানে আইনজীবীদের কখনো বেকার থাকতে হয় না। যাঁরা কনিষ্ঠ, তাঁরা জ্যেষ্ঠদের সঙ্গেই কাজ করতে পারেন। চাকরি খোঁজার কোনো প্রয়োজন নেই। নিজেই নিজের ভবিষ্যৎ তৈরি করা যায়।কথাবন্ধু: অ্যাডভোকেট ও ব্যারিস্টারের মধ্যে তফাতটা আসলে কোথায়?তানজিব-উল আলম: ইংল্যান্ডে চারটা ইন আছে। এই চারটা ইনের সদস্য যাঁরা, তাঁদের ব্যারিস্টার বলা হয়। এ ছাড়া ইংল্যান্ডে যদি কেউ আদালতে কাজ করতে চান, সে ক্ষেত্রে অবশ্যই তাঁকে ব্যারিস্টার হতে হবে। আর এর সদস্য হতে হলে তাঁকে একটি বার পরীক্ষা দিতে হয়। বার কাউন্সিলের পরীক্ষায় পাস করার পর তাঁকে আদালতে যাওয়ার অনুমতি দেওয়া হয়। আমাদের দেশে যদি কেউ অনুশীলন করতে চান, তাহলে তাঁকে এলএলবি পাস করার পর বার কাউন্সিলে (রেগুলেটরি অথরিটি) পরীক্ষা দিতে হয়। বার কাউন্সিল থেকে পাস করলে তাঁকে অ্যাডভোকেট বলা যাবে।কথাবন্ধু: অন্য কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি নিয়ে যদি কেউ এ পেশায় আসতে চান, সে ক্ষেত্রে তাঁকে কী করতে হবে?তানজিব-উল আলম: এটা কখনো সম্ভব নয়। অন্য কোনো বিষয়ে পড়াশোনা করে আইনজীবী হওয়া সম্ভব নয়। আইনজীবী হতে হলে তাঁকে অবশ্যই এলএলবি কোর্স করতে হবে। এর পূর্বশর্তই হচ্ছে এলএলবি পাস করে বার কাউন্সিল থেকে পরীক্ষা দিয়ে আইনজীবী হিসেবে অনুমতি নেওয়া।গোলাম সরওয়ার: বাংলাদেশের বার কাউন্সিলে পরীক্ষা না দিয়ে বা অনুমতি না নিয়ে কি অনুশীলন করা সম্ভব? চেম্বারে বসা যায় কি না? তানজিব-উল আলম: না, এটা কখনো সম্ভব নয়। বাংলাদেশে আইনজীবী হিসেবে কেউ যদি অনুশীলন করতে চান, সে ক্ষেত্রে অনুশীলন হচ্ছে তাঁর রাইট অব অর্ডিয়েন্স। মানে তাঁকে আদালতে গিয়ে তাঁর মক্কেলের পক্ষে কথা বলার অনুমতি থাকতে হবে। তাই কেউ যদি অনুমতি পেতে চান, তাঁকে অবশ্যই এলএলবি পাস করে বার কাউন্সিলে পরীক্ষা দিয়ে তারপর সম্ভব। এর আগে কখনো নয়।আমরিন খান: একজন আইনজীবীর কি কোনো ধরনের সামাজিক দায়বদ্ধতা রয়েছে?তানজিব-উল আলম: শুধু আইনজীবী নন, প্রত্যেক নাগরিকেরই সামাজিক দায়িত্ব রয়েছে। কিন্তু একজন আইনজীবীকে যেহেতু রুল অব ল মেনে চলতে হয়, কিংবা যেহেতু তিনি বিচারিক কার্যক্রমের সঙ্গে জড়িত, সেদিক থেকে তাঁর দায়িত্বটা আরও বেশি। আইনজীবীদের সামাজিক দায়বদ্ধতা অনেক বেশি। অর্থাৎ উদ্দেশ্য সৎ থাকা।কথাবন্ধু: বাংলাদেশে কি ব্যারিস্টার হওয়ার কোনো সুযোগ রয়েছে? এই কোর্স করতে কত সময় লাগবে?তানজিব-উল আলম: না, এর জন্য ইংল্যান্ডে গিয়ে চারটি ইনে সদস্য হতে হবে। বাংলাদেশ থেকে এলএলবি কোর্স করার পর ইংল্যান্ডে এক বছরের বার করে তাঁকে ব্যারিস্টার হতে হবে। বাংলাদেশে অ্যাডভোকেট হওয়া যায়, কিন্তু ব্যারিস্টার হতে হলে তাঁকে ইংল্যান্ডে যেতে হবে। লন্ডন ও যুক্তরাজ্য আইন বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স হচ্ছে তিন বছরের। বাংলাদেশ থেকে যাঁরা এলএলবি কোর্স করে যাঁন, তাঁদের জন্য সেখানে এক বছরের একটি কোর্স চালু আছে। এ ছাড়া তিন বছরের কোর্স দুই বছরেও করা যায়। ওই দুই বছরের অনার্স করে তাঁরা বারে ভর্তি হতে পারবেন।কথাবন্ধু: একজন আইনজীবী কখন জজ (বিচারক) হিসেবে স্বীকৃতি পেতে পারেন? তানজিব-উল আলম: কেউ যদি এলএলবি করে বিচারক হতে চান, সে জন্য তাঁকে জুডিশিয়াল পরীক্ষা দিতে হবে। জুডিশিয়াল পরীক্ষায় পাস করার পর তিনি বিচারক হতে পারেন। আর কেউ যদি হাইকোর্টের বিচারক হতে চান, সে ক্ষেত্রে তিনি জুডিশিয়াল আদালত থেকে অভিজ্ঞতা অর্জন করে জেলা জজ হওয়ার পর আসতে পারেন। আর কেউ যদি সুপ্রিম কোর্টের বিচারক হতে চান, সে ক্ষেত্রে তাঁকে সুপ্রিম কোর্টে ১০ বছরের অনুশীলন করার অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু আমাদের দেশে ২০ বছরের অভিজ্ঞতার নিচে কোনো বিচারক নেই। আমাদের দেশে ৪৮ থেকে ৫০ বছরের পর আদালতে বিচারক হিসেবে কাজ করেন।কথাবন্ধু: অ্যাডভোকেট বা ব্যারিস্টার হওয়ার পর কীভাবে কাজ শুরু করতে হয়?তানজিব-উল আলম: এ জন্য তাঁকে পাস করার পর অবশ্যই জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে কাজ করতে হবে। কাজের ধরন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে। অভিজ্ঞতাই এই পেশার মূল সাফল্য।কথাবন্ধু: একজন আইনজীবী হিসেবে কর্মজীবন গড়ার ক্ষেত্রে আপনার দিকনির্দেশনা কী হবে?তানজিব-উল আলম: নিজের পেশাকে ভালো না বাসলে আইনজীবী হওয়া সম্ভব নয়। আর সবচেয়ে বেশি যা দরকার, সেটা হচ্ছে দীর্ঘ সময় ধরে ধৈর্য এবং নিজের মানসিকতাকে টিকিয়ে রাখা। আইনজীবী হতে হলে অবশ্যই সব বিষয়ের প্রতি তাঁর অভিজ্ঞতা থাকতে হবে। প্রচুর শ্রম দিতে হবে। পাস করার পর বা আইনজীবী হওয়ার পর তাঁর পড়াশোনা আরও বেড়ে যায়। তাই আইনজীবীদের পূর্বশর্ত হচ্ছে সারা জীবন পড়াশোনা করার মানসিকতা থাকতে হবে। গ্রন্থনা: সুদীপ দে