আইনস্টাইনের সঙ্গে মিল যেখানে!

বিশ্বের অন্যতম বিখ্যাত এবং পদার্থবিদ্যা জগতের মর্যাদাপূর্ণ জার্নাল অ্যানালেন ডার ফিজিক। এই জার্নালের সর্বশেষ সংখ্যায় প্রকাশিত হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল শিক্ষার্থীর গবেষণা প্রবন্ধ। শুধু তা-ই নয়, তাঁদের গবেষণাটি স্থান পেয়েছে জার্নালটির প্রচ্ছদে! বুয়েটের ২০০৮ ব্যাচের তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশল বিভাগের মো. মাসুদুর রহমান, এহসানুল হক, রাকিবুল ইসলাম, তানভীর উর রহমান চৌধুরী এবং ২০০৯ ব্যাচের আয়েদ আল সায়েম অ্যানালেন ডার ফিজিক-এর প্রচ্ছদে ছাপা হওয়া নিজেদের নামগুলো ঘুরেফিরে দেখছেন বারবার। চোখ কচলে তাকাতেও হচ্ছে বৈকি!
ঘটনাটা ‘সুখস্বপ্ন’ ভেবে ভুল হবে না-ই বা কেন? প্রতি দুই মাস পর পর অ্যানালেন ডার ফিজিক প্রকাশিত হয় পদার্থবিদ্যায় বিশ্বের যুগান্তকারী সব সমসাময়িক আবিষ্কারগুলো নিয়ে। এটা এমন এক জার্নাল যেখানে আইনস্টাইনের বহুল আলোচিত আপেক্ষিকতার সূত্র থেকে শুরু করে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম বলবিদ্যার মতো গবেষণাগুলো প্রথম প্রকাশিত হয়েছিল। যেসব গবেষণা পদার্থবিজ্ঞান নিয়ে আমাদের ধারণা চিরতরে বদলে দিয়ে আধুনিক পদার্থবিদ্যার যাত্রা শুরু করে। এমনকি আইনস্টাইনের নোবেল পুরস্কার পাওয়ার পেছনে ‘আলোক তড়িৎক্রিয়া’ নিয়ে যে গবেষণা তাও প্রথম এই জার্নালেই প্রকাশিত হয়। আর সেটির প্রচ্ছদেই কিনা শোভা পাচ্ছে সদ্য বুয়েট পেরোনো একদল তরুণের নাম!
কী ছিল তাঁদের গবেষণার বিষয়? ‘ট্র্যাক্টর বিম’। বাংলায় ‘আকর্ষী রশ্মি’। এই রশ্মি যেকোনো বস্তুকে চুম্বকের মতো আকর্ষণ করতে পারে। ভেবে দেখুন, সেই আকর্ষণের কাজটি যদি আলোর মাধ্যমে করা যেত তবে তাবৎ দুনিয়ার কত কঠিন কাজই আমাদের হাতের মুঠোয় চলে আসত! বিজ্ঞানীরা সেই অসাধ্য সাধনের লক্ষ্যে কম চেষ্টা করেছেন তা কিন্তু নয়। বিগত কয়েক দশক ধরে বিজ্ঞানীরা ট্র্যাক্টর বিমের সহায়তায় বস্তুকে আলোর বিপরীত দিকে ধাবিত করার কৌশল বের করেছেন। দুর্ভাগ্যজনক হলেও সেই কাজে কিছু না কিছু সীমাবদ্ধতা থেকেই যাচ্ছিল। বিশেষ করে যেকোনো তরলে (পানি, রক্ত, বেনজিন) সম্পূর্ণ নিমজ্জিত বস্তুকণাকে এই আকর্ষী রশ্মি দিয়ে টেনে তোলাটা বেশ চ্যালেঞ্জিং ছিল। আর সেই কঠিনতম চ্যালেঞ্জেরই অভিনব সমাধান দিয়ে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন এ দেশের কয়েকজন তরুণ।
শুরুটা হয়েছিল বুয়েটেরই একজন প্রাক্তন ছাত্র, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরে পিএইচডি কোর্সের ছাত্র মাহদী রাহমান চৌধুরীর হাত ধরে। দীর্ঘদিন ধরেই তিনি বিষয়টি নিয়ে গবেষণা করছিলেন। ট্র্যাক্টর বিমের সঙ্গে সংশ্লিষ্ট অন্য বেশ কিছু বিষয়ের রহস্য উদ্ঘাটন করে ফেলেন বিভিন্ন সময়ে বিভিন্নজনকে সঙ্গে নিয়ে। পরে সহযোগিতার জন্য যোগাযোগ করেন বাংলাদেশে। বুয়েটের প্রয়াত শিক্ষক মো. আবদুল মতিনের অধীনে সে সময় থিসিস করছিলেন মাসুদুর রহমান। বিষয়টি ভালো লাগায় এটাকেই তিনি গবেষণার বিষয় হিসেবে বেছে নেন। এরপর তাঁর সঙ্গে একে একে যোগ দেন এহসানুল হক, রাকিবুল ইসলাম ও তানভীর উর রহমান চৌধুরী। নিজ আগ্রহে সার্বক্ষণিক এই গবেষণায় বড় ভাইদের সঙ্গে ছিলেন দলের কনিষ্ঠ সদস্য সায়েম। দিন-রাত একের পর এক সূত্র সমাধান করে সবাই মিলে মিলিয়ে ফেলেছেন সেই কঠিন সমীকরণ! ‘জার্নালে মূল প্রবন্ধের উল্লেখযোগ্য ১৩টি সূত্র দেওয়া হয়েছে। কিন্তু এর বাইরেও আমাদের কাজ করতে হয়েছে অর্ধশতাধিক সূত্র নিয়ে’ জানালেন মাসুদুর রহমান।
‘ট্র্যাক্টর বিম’ বলতে মূলত আলোর সহায়তায় কোনো কণা বা বস্তুকে নিয়ন্ত্রণ করার কৌশল বোঝায়। সায়েমকে জিজ্ঞাসা করতেই দিলেন বিশদ ব্যাখ্যা, ‘শুনতে অদ্ভুত মনে হলেও আলোর ভরবেগ থাকায় আলো যখন কোনো বস্তুর ওপর পড়ে সেই বস্তুর ওপর আলো বল প্রয়োগ করে। অনেকটা টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে সামনের জনকে ধাক্কা দেওয়ার মতো ঘটনা। যাকে ধাক্কা দিচ্ছেন সে হলো বস্তুকণিকা আর আপনি নিজে আলোর কণিকা বা ফোটন।’ কঠিন বিজ্ঞানের বিষয়গুলোও তিনি বলছিলেন গল্পের মতো করে!
মহাশূন্যে যেকোনো বস্তুকে আলোর সাহায্যে নিয়ন্ত্রণ করার জন্য মার্কিন গবেষণা প্রতিষ্ঠান নাসা অনেক দিন থেকেই এই কাজে নিয়োজিত বিজ্ঞানীদের আর্থিক সহায়তা দিয়ে আসছে। তবে মহাকাশ গবেষণা বাদেও ট্র্যাক্টর বিমের মৌলিক প্রয়োগ এবং বিপুল সম্ভাবনা আছে মেডিকেল গবেষণায়। যার হাত ধরে এই গবেষণার যাত্রা শুরু হয়েছিল, সেই মাহদী রহমান আশাবাদ ব্যক্ত করলেন, ‘ট্র্যাক্টর বিম এবং বুয়েটের শিক্ষার্থীদের এই গবেষণা সন্দেহাতীতভাবেই মেডিকেল গবেষণায় সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। বিশেষ করে ডিএনএ, রক্তকণিকা, জীবন্ত কোষ নিয়ে গবেষণা এবং ক্যানসার চিকিৎসায় যথেষ্ট প্রভাব ফেলবে।’
তরুণ গবেষকদলকে অভিনন্দন জানিয়ে বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘অ্যানালেন ডার ফিজিক সেই ১৭৯৯ সাল থেকে প্রকাশিত হচ্ছে। আইনস্টাইনের ১৯০৫ সালের ‘আনাস মিরাবিলিস’ গবেষণা প্রবন্ধগুলোসহ আরও অনেক গুরুত্বপূর্ণ পেপার এই জার্নালে প্রকাশিত হয়েছে। সুতরাং এ রকম একটি জার্নালের প্রচ্ছদে আসতে পারা নিঃসন্দেহে বুঝিয়ে দেয় যে আমাদের তরুণ বিজ্ঞানীদের অর্জন অসামান্য। সুখের বিষয় এই যে আমাদের স্নাতকের ছাত্ররা নিয়মিতভাবেই বিদেশের নামকরা জার্নালে কমবেশি তাঁদের গবেষণা প্রবন্ধ প্রকাশ করতে পারছেন। এটি আমাদের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার প্রমাণ দেয়, যার যথাযথ বিকাশ করার জন্য পর্যাপ্ত উদ্যোগ নিতে হবে। ’