আইনি শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা ‘মুট কোর্ট’ প্রতিযোগিতায় যাব, গিয়েছি বা যাচ্ছি—বন্ধু বা প্রিয়জনদের কথাটা বলার আগে দাঁড়ি-কমাসহ ব্যাখ্যা করে দিতে হয় মুট কোর্ট জিনিসটা আসলে কী। আমাদের আইন শিক্ষাব্যবস্থা সম্পর্কে সাধারণ দৃষ্টিভঙ্গি এখনো চুরি-ডাকাতি-খুন আর জমিজমার মামলা-মোকাদ্দমার মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশে তরুণ আইন শিক্ষার্থীরা মুট কোর্ট করে করে নিজেদের যোগ্যতা বাড়াচ্ছেন, তখন আমাদের দৌড় তত্ত্বীয় পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ। তবে আশার দিক হলো, বাংলাদেশেও চর্চাটা শুরু হয়েছে এবং এটাকে আরও যত বেশি ছড়িয়ে দেওয়া যাবে, দেশে ততই উঁচুমানের আইনজীবী পাওয়া যাবে।কোনো একটা সুনির্দিষ্ট আইনের ওপর ভিত্তি করে একটি মামলা, সেই মামলার পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে লিখিত যুক্তি বা মেমোরিয়াল এবং মৌখিক যুক্তিতর্ক বা ওরাল সাবমিশন—এই দুইয়ের সমন্বয়ে বিজ্ঞ বিচারকমণ্ডলীর সামনে আইনি লড়াই—এই হলো মুট কোর্ট প্রতিযোগিতা। মোটা মোটা বই আর আইনের পাতার কাঠখোট্টা বিষয়টাকে যত সহজে আকর্ষণীয় করে উপস্থাপন করা যায়, তারই পরীক্ষা চলে এখানে। জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে এখন হরহামেশাই হচ্ছে মুট। এ রকমই একটি আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতা হয়ে গেল ভারতের গুজরাটে, যেখানে সার্কভুক্ত দেশগুলো অংশ নিয়েছে।১৩-১৫ এপ্রিল ভারতের গুজরাটের আহমেদাবাদে অনুষ্ঠিত ‘নির্মা ইউনিভার্সিটি আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতা’য় বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তিন শিক্ষার্থী—গোলাম সারোয়ার (চতুর্থ বর্ষ), লোকমান হোসাইন (চতুর্থ বর্ষ) ও শাইখ মাহদী (তৃতীয় বর্ষ)।শাইখ মাহদী বলছিলেন, মুক্তবাজার অর্থনীতি আর অবাধ বাণিজ্যসুবিধার এ যুগে আন্তর্জাতিক বাণিজ্য আইন ভবিষ্যৎ আইনজীবীদের জন্য একটি অপার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে। বিশ্ব বাণিজ্য সংস্থার তত্ত্বাবধানে তাই গুজরাটের আহমেদাবাদে আন্তর্জাতিক বাণিজ্য আইনের ওপর ভিত্তি করেই অনুষ্ঠিত হলো এই মুট প্রতিযোগিতা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দলটি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল। মৌখিক যুক্তিতর্কে এগিয়ে থেকেও লিখিত মেমোরিয়ালে নম্বর কম পেয়ে যাওয়ায় আমরা পাঞ্জাবের যে দলটির কাছে ৫ নম্বরের ব্যবধানে হেরে যাই, সে দলটি অবশ্য রানার্সআপ হয়।অবশ্য জয়-পরাজয়ের চেয়েও যে বিষয়টা বেশি দামি ছিল আমাদের কাছে, তা হলো, অভিজ্ঞতা। ভারতীয় হাইকোর্টের বিচারকদের কথা শোনা, সেখানকার আইন শিক্ষা এবং শিক্ষকদের সান্নিধ্য পাওয়াটা ছিল বাড়তি প্রাপ্তি। গুজরাটের শুষ্ক-গরম আবহাওয়া, ভেজিটারিয়ান ফুড আর হাসি-খুশি মানুষের সঙ্গে সময়টা কেটেছিল সত্যিই অসাধারণ! আমাদের দেশের আইন শিক্ষার সঙ্গে ওদের গুণগত তেমন পার্থক্য নেই, তবে অবকাঠামোগত দিক থেকে তফাত আকাশ-পাতাল। নির্মা ইউনিভার্সিটির আইন বিভাগের সেমিনার লাইব্রেরি ছাত্রছাত্রীদের জন্য খোলা থাকে রাত ১১টা পর্যন্ত, ভেতরটা চমৎকার আর বিপুল বইয়ের সংগ্রহ, একটু আফসোস লাগছিল আমাদের বিভাগের জন্য।এ ধরনের প্রতিযোগিতায় লোকমান হোসাইনের অংশগ্রহণ ছিল এই প্রথম। আমাদের এই প্রতিযোগিতা ছিল আন্তর্জাতিক বাণিজ্য আইনের ওপর। এই প্রতিযোগিতার কারণে আমার গ্যাট-১৯৯৪-এর ওপর অনেক পড়াশোনা করা হয়েছে। প্রথম রাউন্ড শেষে আত্মবিশ্বাস ফিরে পাই এবং পরের রাউন্ডে উত্তীর্ণ হয়ে আমরা কোয়ার্টার ফাইনালে যাই। এই প্রতিযোগিতা থেকে আমাদের এ বিশ্বাস জন্মেছে যে আন্তর্জাতিক পর্যায়ে আমরা সেরা হওয়ার সক্ষমতা রাখি। ভারতে আমরা কলকাতা, গুজরাট, রাজস্থান ও দিল্লির বিভিন্ন জায়গায় ঘুরেছি।এই প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশেষ করে বাংলাদেশকে উপস্থাপন করতে পেরে নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছেন গোলাম সারোয়ার। একই সঙ্গে নিজের মধ্যে জন্মেছে বিশ্বাস। তাঁর মতে, ‘আমরা পৃথিবীর অন্যান্য দেশের আইনের শিক্ষার্থীদের সমকক্ষ এবং সবার মাঝে চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম।’