আইনের দুর্বলতার কারণে চালকেরা সহজে জামিন পান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরে দুর্ঘটনা বেড়ে চলেছে। এর কারণ আপনারা বের করতে পেরেছেন?ফারুক আহমেদ: আসলে অনেক কারণে দুর্ঘটনা ঘটছে। এর জন্য চালকদের অসচেতনতা যেমন দায়ী, তেমনি রাস্তা পারাপারের ক্ষেত্রে পথচারীদের নিয়ম না মানাও দায়ী, তাঁরা জেব্রা ক্রসিং ব্যবহার করেন না। অবশ্য ফুটপাত দখলের কারণে পথচারীরা বাধ্য হয়ে রাস্তায় চলাচল করেন। এ ছাড়া রাস্তা নির্মাণজনিত ত্রুটি, গাড়ির ফিটনেস না থাকা, রাস্তার ওপর বাজার বসে গাড়ি চলাচলে বাধা সৃষ্টি, রাস্তাঘেঁষে শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি, অনেক জায়গায় জেব্রা ক্রসিং না থাকা ইত্যাদি কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে জানমালের ক্ষতি হচ্ছে। আমাদের কাছে আরও তথ্য আছে, শত্রুতাবশত গাড়ি চাপা দিয়ে মানুষ খুন করা হচ্ছে—এটা উদ্বেগের বিষয়। আপনি চালকদের অসচেতনতার কথা বলেছেন। তাঁদের প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নিচ্ছেন?ফারুক আহমেদ: চালকদের সচেতন করার জন্য কার্যক্রম পরিচালনায় সরকার পক্ষ থেকে আমাদের কোনো বরাদ্দ দেওয়া হয় না। তবে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএ) এ রকম বরাদ্দ পায় বলে আমরা শুনেছি। তাঁরা উদ্যোগ নিলে আমরা সহযোগিতা করতে পারি।ট্রাফিক বিভাগের উদ্যোগে প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় না? ফারুক আহমেদ: আমরা নিজ উদ্যোগে চালকদের স্বল্পমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছি, যা যথেষ্ট নয়। পরিবহন মালিক ও শ্রমিক সমিতিগুলো গাড়ি থেকে চাঁদা নেয়, যা নিহত শ্রমিকদের পরিবারের কল্যাণে ব্যবহার করা হয়। এর একটি অংশ চালকদের সচেতনতা ও দক্ষতা বাড়ানোর জন্য ব্যবহার করা যেতে পারে। এ বিষয়ে আমরা মালিক ও শ্রমিকনেতাদের সঙ্গে কথা বলেছি। প্রয়োজনে তাঁদের উদ্বুদ্ধ করা হবে। দুর্ঘটনার পর মামলা হচ্ছে কিন্তু সাজার হার খুব কম। কেন? ফারুক আহমেদ: আসলে আইনের দুর্বলতার কারণে চালকেরা সহজে জামিন পায়। অনেক ক্ষেত্রে গাড়ির মালিক বা চালকের সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবার সমঝোতা করে, যে কারণে মামলার পর কেউ আর আদালতে সাক্ষ্য দিতে যান না। এসব কারণে মামলা প্রমাণ করা যায় না। তাই আইনের সংস্কার প্রয়োজন। এতে চালকেরা দায়িত্ব সম্পর্কে সচেতন হবেন এবং দুর্ঘটনার হার কমে আসবে বলে আমার বিশ্বাস। শুরুতে বলেছেন, শত্রুতাবশত গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যার কথা। এর কোনো প্রমাণ আছে কি?ফারুক আহমেদ: ঘটনার তদন্তে পাওয়া তথ্য এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে আমি এ কথা বলেছি। দুর্ঘটনা রোধের জন্য আপনার কোনো সুপারিশ আছে? ফারুক আহমেদ: প্রাতিষ্ঠানিকভাবে চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া প্রতিবছর তাঁদের জন্য ঝালাই প্রশিক্ষণের (রিফ্রেশন কোর্স) ব্যবস্থা করতে হবে। পাঠ্যবইয়ে ট্রাফিক আইনের বিষয়টিও অন্তর্ভুক্ত করা দরকার।