আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
তানিয়া হক
তানিয়া হক

বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য রোধে নানা আইন ও নীতিমালা আছে। তারপরও দেশে নারীর প্রতি সহিংসতা হয়েই চলেছে। এ ব্যাপারে প্রথম আলো কথা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া হকের সঙ্গে।
সাক্ষাৎকার নিয়েছেন আহসান মাহমুদ

প্রথম আলো: নারীর প্রতি সহিংসতার প্রধান কারণ কী? কেন নারীর প্রতি সহিংস আচরণ করা হয়?
তানিয়া হক: বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার প্রধান কারণ হচ্ছে তাঁদের প্রতি পুরুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি। নারী যে একজন মানুষ তা পুরুষ স্বীকার করতে চান না। তবে এ রকম পরিস্থিতির উদ্ভব সাম্প্রতিককালে ঘটেনি। ঐতিহাসিকভাবে এই অঞ্চলে পিতৃতান্ত্রিক সমাজ গড়ে উঠেছে। নারীদের ওপর সহিংসতার প্রধান কারণ তাই অন্যভাবে বলা যায় পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা। এই সমাজ ব্যবস্থায় পুরুষকে অর্থ উপার্জনকারী আর নারীকে ঘর গোছানোর দায়িত্ব পালনকারী হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। ফলে পরিবারের যেকোনো সিদ্ধান্ত নেওয়া বা কোনো কাজের ক্ষেত্রে পুরুষই সর্বেসর্বা ভূমিকা পালন করেন। নারীর প্রতি সহিংসতার হার তাই কোনো কালেই শূন্য হয়নি। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাষ্ট্র যথাযথ ভূমিকা পালন না করায় এসব সহিংসতা বাড়ছে।
প্রথম আলো: নারীর প্রতি সহিংসতা রোধে যেসব আইন আছে তা কতটা কার্যকর? এসব আইন কি প্রয়োগ করা সম্ভব হচ্ছে?
তানিয়া হক: আশপাশের দেশগুলোর তুলনায় নারীর সহিংসতার বিরুদ্ধে আমাদের দেশে সঠিক ও কার্যকর আইন আছে। কিন্তু সমস্যা হলো আমাদের দেশে সেই আইনগুলো সঠিকভাবে প্রয়োগ করা সম্ভব হয়ে ওঠে না। যখন কেউ নারীর পক্ষে কথা বলতে সামনে এগিয়ে আসেন, তখন তাঁকে নানাভাবে সমঝোতা করতে হয়। যেমন, কোনো নারী যদি ধর্ষণের শিকার হন তাহলে তিনি বা তাঁর পরিবারের লোকজন চান ঘটনাটিকে চেপে রাখতে। কারণ এটি যদি সবাই জেনে যায় তাহলে সমাজের মানুষ আর তাঁকে আগের মতো গ্রহণ করবে না। এ ছাড়া নারী যদি দুর্বল হন, আর নির্যাতনকারী ব্যক্তিটি যদি প্রভাবশালী হন, তখন আইনের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয় না। তবে যখন বিভিন্ন মিডিয়া নারীর বিরুদ্ধে সহিংসতাকে খুব গুরুত্বের সঙ্গে জনগণের সামনে তুলে ধরে তখন এসব আইন মাঝেমধ্যে কার্যকর হতে দেখা যায়।
প্রথম আলো: পারিবারিক ও নৈতিক শিক্ষা নারীর প্রতি সহিংসতা রোধে প্রধান সহায়ক—এই বক্তব্যে আপনার মতামত কী?
তানিয়া হক: পারিবারিক ও নৈতিক শিক্ষা নারীর প্রতি সহিংসতা রোধে সবচেয়ে বড় ভূমিকা রাখে বলে আমি মনে করি। পরিবারে যদি একজন মা নৈতিক শিক্ষায় শিক্ষিত থাকেন এবং তিনি তাঁর ছেলেমেয়েকে ছেলে কিংবা মেয়ে হিসেবে আলাদা না করে শুধু একজন মানুষ হিসেবে গড়ে তোলেন, তাহলে ছেলেটি বড় হয়ে যেমন মেয়েদের প্রতি সহিংসতার কথা চিন্তা করতে পারে না। তেমনি মেয়েটিও তার অধিকার সম্পর্কে সচেতন থাকে। যে পুরুষ নারীর ওপর সহিংস আচরণ করছেন তিনি কোনো না কোনো পরিবারেই জন্মগ্রহণ করেছেন। তাঁর পরিবারে যদি নৈতিক শিক্ষা দেওয়া হতো, তাহলে তিনি এ ধরনের আচরণ করা থেকে বিরত থাকতেন।
প্রথম আলো: নারীদের প্রতি সহিংসতা রোধে সরকারের কী কী করণীয় আছে বলে আপনি মনে করেন ?
তানিয়া হক: নারীর প্রতি সহিংসতা রোধে সরকারের উচিত নারীর পক্ষে যে অনেক আইন আছে, তা তাঁদের জানানোর জন্য প্রচারণা চালানো। এসব আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। এ ছাড়া বাবার সম্পত্তিতে মেয়েদের যে অধিকার আছে তা অনেক মেয়ে পান না। লজ্জা ও সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে অনেক মেয়ে সম্পত্তি চাইতে আসেন না। সরকারের উচিত বাবার কাছ থেকে নারী যে সম্পত্তি পাবেন, তা তাঁদের পাওয়ানোর ব্যবস্থা করা।