
গরমের মাত্রা বেড়েই চলেছে। বাইরে গরমে ত্রাহি ত্রাহি অবস্থা। বাড়ি ফিরে একটু শান্তি করে বসবেন, সেই উপায়ও অনেক সময় থাকে না। কেননা, গরমের এই সময়টা লোডশেডিং কারণে বিদ্যুৎ সরবরাহ কখনো কখনো থাকে না। তাই যাঁদের একটু সামর্থ্য আছে, তাঁরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে কিনে ফেলেন ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই বা আইপিএস।
গ্রাহকদের চাহিদা মেটাতে বিক্রেতারাও এনেছেন নানা রকমের আইপিএস। বাসা ও কাজের ধরনের ওপর নির্ভর করে বিভিন্ন মডেলের আইপিএস পাওয়া যায় বাজারে। যদিও আইপিএসের দাম নির্ভর করে এর ওয়াট বা কার্যক্ষমতা ও ব্র্যান্ডের ওপর। ব্র্যান্ডের আইপিএসে আছে বিক্রয়োত্তর সেবা পাওয়ার সুবিধা। চাইলে আপনি ফরমাশ দিয়ে বানিয়েও নিতে পারেন নির্দিষ্ট ওয়াটের আইপিএস। এ ক্ষেত্রে দামটা তুলনামূলক কম পড়বে। ৬০০ ওয়াটের দাম পড়বে ছয় হাজার ৫০০ থেকে সাত হাজার টাকা এবং ৫০০ ওয়াটের দাম পড়বে পাঁচ হাজার ৭০০ থেকে ছয় হাজার টাকা।
অনেক ক্রেতাই অভিযোগ করেন, তাঁদের আইপিএসের ব্যাটারি দু-তিন মাসেই অকেজো হয়ে পড়ে। সে জন্য ভালো মানের ব্যাটারি দেখেশুনে কিনতে হবে। বৃষ্টির পানি অথবা রোদ পড়ে—এমন কোনো স্থানে যেমন বাসার রান্নাঘর বা বারান্দায় আইপিএস বসানো ঝুঁকিপূর্ণ। তাই সব সময় বসার ঘরের আশপাশে অথবা বাসার তুলনামূলক শীতল ও উঁচু কোনো জায়গায় আইপিএস রাখা উচিত। এ ছাড়া ব্যাটারির আয়ু দীর্ঘায়িত করতে ১৫ দিন বা এক মাস পর পর ব্যাটারিতে বিশেষ পানি দেওয়া প্রয়োজন।
বাজারে এখন পাওয়া যাচ্ছে সিঙ্গার, রহিমআফরোজ, ফিলিপস, নাভানা, সুকান, বাটারফ্লাই, অনিকসহ বিভিন্ন ব্র্যান্ডের আইপিএস। মতিঝিল, গুলশান, কলাবাগান, পান্থপথ ও মিরপুর রোডসংলগ্ন দোকানে পাবেন এসব।
আবাসন নির্মাণ প্রতিষ্ঠান বিল্ডিং ফর ফিউচারের জ্যেষ্ঠ তড়িৎ প্রকৌশলী শাহাদাৎ হোসেন বলেন, ‘প্রথমত, যেসব বৈদ্যুতিক যন্ত্র আইপিএসের মাধ্যমে চালানো হবে, সেগুলোর কোনো ত্রুটি আছে কি না, তা পরীক্ষা করে নিতে হবে। অন্যথায় যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ার আশঙ্কা থাকে।’
আইপিএসের কার্যক্ষমতা
৬০ ওয়াটে ক্ষমতার আইপিএসে একটি এনার্জি বাতি, ৮০ ওয়াটে একটি টিউবলাইট, ১০০ ওয়াটে একটি দেশি ফ্যান, ৭৫০ ওয়াটে একটি ফ্রিজ চালাতে পারবেন। এ ছাড়া ৫০০ ওয়াটে তিনটি ফ্যান, তিনটি এনার্জি বাতি বা দুটি টিউবলাইট, ৫৫০ ওয়াটে তিনটি ফ্যান, চারটি এনার্জি বাতি বা তিনটি টিউবলাইট, ৬০০ ওয়াটে চারটি ফ্যান, তিনটি এনার্জি বাতি বা তিনটি টিউবলাইট, ৬৫০ ওয়াটে চারটি ফ্যান, চারটি এনার্জি বাতি বা চারটি টিউবলাইট এবং ৭০০ ওয়াটে পাঁচটি ফ্যান, তিনটি এনার্জি বাতি বা তিনটি টিউবলাইট ব্যবহার করতে পারবেন।
খেয়াল রাখুন
বাড়ি বা ফ্ল্যাটের ভোল্টেজ পরীক্ষা করে আইপিএস ব্যবহার করুন।
নির্দিষ্ট সময় পর পর আইপিএসের ব্যাটারির পানির মাত্রা পরীক্ষা করতে হবে।