আইফেল স্তম্ভে বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মধ্যরাতের কথা মনে পড়ছে। নিজের কাছেই মনে হচ্ছে অবিশ্বাস্য, অকল্পনীয়, অতিকথন। আর হবে নাই বা কেন! সন্ধ্যা সাতটায় ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির জমাট ঠান্ডা আবহাওয়া ফেলে এসে নামলাম ছবির দেশে, কবিতার দেশে, পৃথিবীর সবচেয়ে জমজমাট সুন্দর সাংস্কৃতিক পরিমণ্ডলে ঘেরা নগরী প্যারিসে। বাতাসে হিমের আভাস, কিন্তু দিনটা যে ৩১ ডিসেম্বর, ২০০৯! মহাকালের অতল গর্ভে হারিয়ে যাওয়ার মুহূর্তে একটি স্মৃতিময় বছর। সেই সঙ্গে উদয়ের পথে ২০১০, আর আমরা সেটি উদ্যাপন উপলক্ষে প্যারিসে। কে না জানে, বিশ্বের অন্যতম প্রাণময় বর্ণিল বর্ষবরণ উত্সব জমে আইফেল স্তম্ভসংলগ্ন এলাকায়। চলুন ঘুরে আসা যাক ২০১০-এ প্রবেশের মুহূর্তে আইফেল স্তম্ভের পাদদেশ থেকে। স্থানীয় বন্ধুরা আগেই বলে দিয়েছিল, আইফেল স্তম্ভে কাউন্টডাউনে যাচ্ছ খুব ভালো কথা, কিন্তু মেট্রো, বাস ভুলে যাও। তবে কি শেষ ভরসা ট্যাক্সি! এমনিতেই এখনো ছাত্র, ট্যাক্সিতে ওঠার কার্যকারণ নিতান্ত গলায় হাড় ঠেকলে, তাছাড়া কেন? পরে রাস্তায় পা দিতেই বুঝে গেলাম এর কার্যকারণ—জন-জনারণ্য! সত্যিকারের জনসমুদ্র বলতে কী বোঝায় তা বুঝতে পারলাম ধাক্কা খেয়ে সামনে এগোতে এগোতে। রাস্তায় গাড়ির পর গাড়ির লাইন জমে এক্কেবারে যা-তা অবস্থা, কিন্তু সবাই-ই হাসিমুখে মেনে নিয়েছে এই নববর্ষ উপদ্রব। অবশেষে আইফেল স্তম্ভের পাদদেশে পৌঁছালাম রাত সাড়ে ১০টায়। লোহালক্কড়ের ধাতব এই স্থাপনা তখন মাতিসের অদ্ভুত অপার্থিব নীলাভ রঙে রাঙানো, যেন পুরোনো বছরের বিদায়ের শোকবার্তায় নীল। আসলে আইফেল স্তম্ভের টাওয়ারে নববর্ষবরণে এত ভিড় হওয়ার এটা অন্যতম মুখ্য কারণ। নানা বর্ণে আজ নিজেকে রাঙাবে সে, ক্ষণে ক্ষণে, বেদনার নীল থেকে আনন্দের বানে ভাসা সোনালীতে। আইফেল দর্শনের সৌভাগ্য আগেও বটে, তবে রঙিন শোভা ফি-বছর টেলিভিশনে দেখা হলেও এই প্রথম চর্মচক্ষে দেখা। ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে ওপরে ওঠার লিফট। কেবল তত্ত্বাবধানকারীদের ব্যস্তসমস্ত হয়ে এক্সেলেটরে করে ওঠানামা করতে দেখা যাচ্ছে নিয়মিত। রাত সাড়ে ১১টায় দক্ষ ও নিপুণ হাতে বাল্বগুলো পরিবর্তনের সঙ্গে সঙ্গে চড়া শব্দে বাজানো সংগীতে যেন জীবনের উচ্ছ্বাসে মাতাল হয়ে গেল কাঠ-লোহার তৈরি বার্নিশ নেহাত এই স্তম্ভটি, কখনো সে রেনোয়ার সোনালি রঙে রাঙানো, কিংবা গগ্যাঁর জ্বলজ্বলে লাল। পরমুহূর্তেই সেজানের পান্না সবুজ, আবার ক্লদ মনের অতল নীল, তো ভ্যানগগের হলুদ, কখনো পিকাসোর গোলাপি, দেগার শুভ্র বর্ণ, আবার কখনো কখনো সবগুলো রঙের সমন্বয়ে একের পর এক নবসাজে দেখা দিতে লাগল চিরচেনা আইফেল স্তম্ভ এবং প্রতিটি রঙ পরিবর্তনই কিন্তু সুরের তালে তালে, সংগীতে মাতাল করা উদ্দামতায়, অপার্থিব সুরমূর্ছনায়। মনে হচ্ছে, আমি তখন আমার মাঝে নেই, মিশে গেছি সেই মহাজনসমুদ্রে। নেহাত ভুলে মর্ত্যে চলে আসা একটুকরো অমরাবতীর জগত্ আলো করা বিভায়। আর চারপাশে তখন গোটা বিশ্ব যেন হাজির। সুরের ঝংকার তুলে ফরাসি, স্প্যানিশ, ইতালীয়, পর্তুগিজ ভাষা যেমন কর্ণকুহরে প্রবেশ করছে, তেমনি কামান দাগছে জার্মান, ডাচ্, গ্রিক ভাষা। হঠাত্ মেশিনগানের মতো আওয়াজ তুলে যাচ্ছে নরওয়েজিয়ান ও সুইডিশরা। কিচিরমিচির করে যাচ্ছে সমানে চীনা, জাপানি, কোরিয়ানরা। সবাই এসেছে এই মাহেন্দ্রক্ষণটির সাক্ষী হয়ে থাকার আশায়। দর্শনার্থীদের মধ্যে তরুণ-তরুণীদেরই প্রাধান্য বেশি। এর মধ্যে সিংহভাগ জায়গা দখল করে রেখেছে টিনএজাররা। অশীতিপর বৃদ্ধাদের সরব উপস্থিতি প্রমাণ করে, আসলে সব বয়সের মানুষের সমাগম ঘটেছে কানায় কানায়। অনেকের হাতেই পানীয়র বোতল, কিন্তু শৃঙ্খলা ভঙ্গের বিন্দুমাত্র লেশ দেখা গেল না কোথাও। যদিও আইনরক্ষীবাহিনী ও স্বেচ্ছাসেবকেরা তার পরিবার ফেলে নববর্ষের মজা মাটি করে বারবার তদারকি করে যাচ্ছে নিরাপত্তাব্যবস্থা। একেকবার একেক ধরনের ব্যবস্থা করে দেদার চেষ্টা করে যাচ্ছে ভিড় খানিকটা কমানোর। যাতে সবাই সুস্থিরভাবে উপভোগ করতে পারে এই আলোর কারসাজি। অবশেষে শুরু হলো ক্ষণগণনা। প্রথম থেকেই চিন্তা করে যাচ্ছে ঠিক ১২টা বাজার মুহূর্তে আইফেল কোনো মোহিনী সাজ ধারণ করে সবাইকে চমকে দিতে পারে, কিন্তু সম্ভাবনার পর সম্ভাবনা পেয়ে গেলেও উত্তর পাচ্ছি না। অবশেষে কয়েক মুহূর্ত বাকি থাকতে হঠাত্ সব আলো বন্ধ করে জড়ভরতের মতো আঁধারে দাঁড়িয়ে রইল সে। তাহলে এই কি বর্ষবরণ? সারাবেলা আলোর কারসাজি দেখিয়ে আসল সময়ে আঁধারে মুখ ঢাকা! কিন্তু ১২টা বাজার সঙ্গে সঙ্গে ভুল ভেঙে গেল সবার। হঠাত্ আলোর ঝলকানির মতো একগুচ্ছ জোনাকির মতো আলোর ফুলকি নামতে লাগল আইফেল বেয়ে, অবিরাম ধারায়। মনে হলো শুভ্র আগ্নেয়গিরির রুপালি অগ্ন্যুত্পাত ঘটছে। একই সময়ে সিন নদীতে হাজির হওয়া জলযানের তীব্র সার্চলাইটের আলোয় মুহূর্তেই বিশাল স্তম্ভটি পরিণত হলো সোনালি জীবন্ত বিস্ময়ে। আকাশে একের পর এক ফুটে যাচ্ছে নানা ধরনের, নানা বর্ণের রঙিন সব বাজি; কিন্তু অইফেলের এই অনন্য সৌন্দর্যের কাছে ম্লান বাকি সবকিছু। বিশ্বচরাচরের সব পারিপার্শ্বিকতা ভুলে আমরাও জনতার মাঝে লীন হয়ে সেই শুভক্ষণে বলতে থাকলাম—বোনানে, বোনানে (ফরাসিতে শুভ নববর্ষ), ২০১০।