আইফোন পেতে নাম পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কেউ যদি নিজের নাম পাল্টে ‘আইফোন সেভেন’ রাখেন, তিনি অ্যাপলের নতুন পণ্যটি বিনা মূল্যে পাবেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে ইলেকট্রনিক সামগ্রীর এক দোকানমালিক এই প্রস্তাব দেন। তবে শর্ত হলো, প্রথম পাঁচ ব্যক্তিই এই সুবিধা নিতে পারবেন।
স্থানীয় তরুণ অলেক্সান্দার তুরিন প্রস্তাবটি লুফে নেন। নিজের নাম আনুষ্ঠানিকভাবে বদলে ফেলেন। নতুন নামে পাসপোর্টও সংগ্রহ করেছেন। শর্ত অনুযায়ী গত শুক্রবার হাতের মুঠোয় নিলেন স্বপ্নের আইফোন সেভেন। ২০ বছর বয়সী তরুণটির ভাষ্য, তিনি চাইলে আবার আগের নামে ফিরে যেতে পারবেন। তবে সে জন্য সন্তানের জনক হতে হবে তাঁকে।
ইউক্রেনে আইফোনের দাম ৮৫০ মার্কিন ডলার। আর নাম বদলাতে খরচ পড়ে প্রায় দুই ডলার। তবে অলেক্সান্দারের কাণ্ড তাঁর বন্ধু ও পরিবার-পরিজনকে প্রথমে হতবাক করলেও পরে তাঁরা এই উদ্যোগে সমর্থন দেন। তাঁর বোন তেতিয়ানা পানিনা বলেন, এটা মেনে নেওয়া কঠিন ছিল। আসলে সত্যি বলে বিশ্বাসই তো হচ্ছিল না। এই বিশ্বের প্রত্যেক মানুষ নিজেকে প্রকাশের পথ খুঁজছে। কেউ যদি অলেক্সান্দারের মতো সেটা করে, তাতে ক্ষতি কী?