আইবিএতে হয়ে গেল রবির ক্যারিয়ার কার্নিভাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) গত বুধবার হয়ে গেল মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি ‘ক্যারিয়ার কার্নিভাল’। এতে শিক্ষার্থীদের জন্য ছিল নানা আয়োজন।
কার্নিভালে একটি ক্যারিয়ার বুথ স্থাপন করা হয়েছিল, যেখানে শিক্ষার্থীদের রবিতে ইন্টার্নশিপের সুযোগ ও চাকরির সম্ভাবনা সম্পর্কে জানানো হয়েছে। ক্যাম্পাসে বসেই শিক্ষার্থীরা যেন রবিতে চাকরির আবেদন করতে পারেন, সে জন্য ক্যারিয়ার বুথে সিভি জমা দেওয়ার আলাদা ব্যবস্থা ছিল। রবি কর্তৃপক্ষ জানায়, প্রায় অর্ধশত সিভি জমা পড়েছে। আয়োজন সম্পর্কে রবি আজিয়াটা লিমিটেডের চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ জানান, শিক্ষার্থীদের এই সেক্টর সম্পর্কে জানানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। কাজের ক্ষেত্র হিসেবে কেমন, চাকরি পেতে হলে কী করতে হবে, সুযোগ-সুবিধাসহ নানা বিষয় জানানো হয় রবি ক্যারিয়ার কার্নিভালে। আমরা অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এই আয়োজন করেছি। ভবিষ্যতে আরও বেশি কিছু ক্যাম্পাসের অনুরূপ ক্যারিয়ার ক্যার্নিভালের আয়োজন করা হবে বলে জানান রবির এই কর্মকর্তা।
আয়োজন সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর পরিচালক অধ্যাপক ইকবাল আহমেদ বলেন, পাস করে বের হওয়া শিক্ষার্থীদের নতুন কাজের ক্ষেত্র সম্পর্কে একটি ধারণা দেওয়ার জন্য এই আয়োজন।