আইবিএর এসিবিএ কোর্স

বিজনেস এক্সিকিউটিভ ও ম্যানেজার। করপোরেট চাকরির এই দুটি পদে বাস্তব অভিজ্ঞতার যেমন প্রয়োজন হয়, তেমনি লাগে উচ্চতর শিক্ষাগত যোগ্যতাও। আর তাই স্নাতক শেষে কাজে যোগদানের পরও কাজের ফাঁকে ফাঁকে অনেকেই শেষ করতে চান এমবিএ অথবা ইএমবিএ কোর্স। কিন্তু সময়ের স্বল্পতা এবং কাজের চাপ সামাল দিয়ে অনেকের পক্ষেই শেষ পর্যন্ত তা সম্পন্ন করা হয়ে ওঠে না। আর তাই কাজের ফাঁকে ফাঁকে যাঁরা উচ্চতর পড়াশোনার পাট চুকিয়ে ফেলতে চান, তাঁদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এবং সার্ক স্বীকৃত অ্যাসোসিয়েট অব ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনস ইন সাউথ এশিয়া (এএমডিআইএসএ) যৌথভাবে চালু করেছে অ্যাডভান্সড সার্টিফিকেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এসিবিএ) কোর্স। কোর্সটি শুরু হবে আগামী ৮ জানুয়ারি থেকে। সময়ের সঙ্গে সঙ্গে ব্যবসায় প্রশাসনের নানান দিকের সঙ্গে যাঁরা নিজেদের দক্ষতা ও জ্ঞানকে হালনাগাদ করতে চান, তাঁদের জন্য কোর্সটি বেশ সহায়ক। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ ডিসেম্বর। আবেদনের যোগ্যতা: এসিবিএ কোর্সে আবেদনের জন্য আবেদনকারীকে যেকোনো বিষয়ে কমপক্ষে স্নাতক হতে হবে এবং সিজিপিএ-৪.০-এর মধ্যে কমপক্ষে ২.০ থাকতে হবে। এ ছাড়া যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠানে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের পদ্ধতি: এসিবিএ কোর্সে ভর্তির জন্য অনলাইনে আইবিএর ওয়েবসাইটে www.iba-du.edu এই ঠিকানায় আবেদন করতে হবে। সেখানে সঠিকভাবে আবেদনপত্র পূরণ করে তৃতীয় তলায় এমডিপি অফিসের ৪০২ নম্বর রুমে জমা দিতে হবে। এ ছাড়া আবেদনপত্র স্ক্যান করে ই-মেইলের মাধ্যমে [email protected] এই ঠিকানায়ও জমা দেওয়া যাবে। আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের মধ্য থেকে ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত বাছাই করা হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ ডিসেম্বর। খরচাপাতি: এসিবিএ কোর্সে ভর্তির জন্য খরচ পড়বে পাঁচ হাজার টাকা এবং পাঁচ সপ্তাহব্যাপী প্রতিটি মডিউলের জন্য খরচ পড়বে ২৬ হাজার টাকা। সে হিসেবে পুরো কোর্সটি সম্পন্ন করতে খরচ হবে প্রায় ১ লাখ ১০ হাজার টাকার মতো। ক্লাস শিডিউল ও পঠনপদ্ধতি: ২০ সপ্তাহব্যাপী এই কোর্সটিকে মোট চারটি মডিউলে ভাগ করা হয়েছে। প্রতিটি মডিউলের সময়কাল পাঁচ সপ্তাহ। সব ক্লাসই অনুষ্ঠিত হবে শুক্রবার ও শনিবার। কোর্সগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আইবিএর শিক্ষকদের পাশাপাশি ক্লাস নেবেন এএমডিআইএসএর প্রশিক্ষক ও দেশ-বিদেশের ব্যবসায় প্রশাসনের খ্যাতিমান ব্যক্তিরা। সফলভাবে প্রতিটি মডিউল সমাপ্ত করার পর শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে। চারটি মডিউল সফলভাবে সম্পন্ন করার পর শিক্ষার্থীদের এসিবিএ সার্টিফিকেট প্রদান করা হবে। বিস্তারিত জানতে যোগাযোগ: ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), রুম নম্বর ৪০২, তৃতীয় তলা, আইবিএ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় ফোন নম্বর: ৯৬৬৪৬৯১, ০১৭৬৬৯৯৩৩৯০। ই-মেইল: [email protected] ওয়েবসাইট: www.iba-du.edu