আইবিএর ব্যবস্থাপনায় যোগাযোগ দক্ষতা বাড়ানোর কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বর্তমানে যেকোনো চাকরির ক্ষেত্রে আবেদনকারীর মাঝে সবার আগে যা খোঁজ করা হয় তা হলো, প্রার্থীর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে কি না এবং তাঁর যোগাযোগ দক্ষতা কতটুকু ভালো। নেতৃত্ব প্রদানের ক্ষমতা এবং যোগাযোগের দক্ষতা যাঁর যত বেশি ভালো, উন্নতির শিখরে ওঠা তাঁর জন্য ততই সহজ। আর এই বিষয়টি বিবেচনা করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) চালু করেছে ছয় সপ্তাহব্যাপী ‘লিডারশিপ সার্টিফিকেট ইন ম্যানেজারিয়াল কমিউনিকেশন’ (এলসিএমসি) নামের নিয়মিত কোর্স। কোর্সটি শুরু হবে ২৬ আগস্ট থেকে। কোর্সটিতে ভর্তির জন্য আবেদন করা যাবে ২০ আগস্ট ২০১৬ তারিখ পর্যন্ত।

ভর্তির যোগ্যতা

এলসিএমসি কোর্সে আবেদনের জন্য আবেদনকারীকে যেকোনো বিষয়ে কমপক্ষে স্নাতক হবে। সঙ্গে থাকতে হবে যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতাও। তবে বিশেষ কিছু ক্ষেত্রে কাজের অভিজ্ঞতায় ছাড় দেওয়া হবে।

খরচাপাতি

এলসিএমসি কোর্সের জন্য মোট খরচ পড়বে ২৬ হাজার ৫০০ টাকা। কোর্স ফির পুরো টাকাই কোর্স শুরুর আগে ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের পদ্ধতি

এলসিএমসি কোর্সে ভর্তির জন্য অনলাইনে আইবিএর ওয়েবসাইটে www.iba-du.edu <http://www.iba-du.edu> এই ঠিকানায় আবেদন করতে হবে। সেখানে সঠিকভাবে আবেদনপত্র পূরণ করে তৃতীয় তলায় ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি) অফিসের ৪০২ নম্বর রুমে জমা দিতে হবে। আবেদনপত্র শুক্র, শনিবারসহ সপ্তাহের যেকোনো দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জমা দেওয়া যাবে। এ ছাড়া আবেদনপত্র স্ক্যান করে ই-মেইলের মাধ্যমে [email protected] <mailto:[email protected]> এই ঠিকানায়ও জমা দেওয়া যাবে। আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের মধ্য থেকে ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ২০ আগস্ট ২০১৬ তারিখ পর্যন্ত।

ক্লাস শিডিউল ও পঠন পদ্ধতি

ছয় সপ্তাহব্যাপী এই কোর্সের মোট ক্লাসের সংখ্যা ১২। সব ক্লাসই নেওয়া হবে শুক্র ও শনিবারে, আইবিএ ডিপার্টমেন্টে। দুই শিফটের মাধ্যমে ক্লাসগুলো করা যাবে। ‘এ’ সেকশনের ক্লাসগুলো অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং ‘বি’ সেকশনের ক্লাসগুলো অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। প্রতিটি ক্লাসের ব্যাপ্তি তিন ঘণ্টা। ক্লাস নেবেন নর্থ আমেরিকান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ট্রেইনার এবং আইবিএ ডিপার্টমেন্টের নিয়মিত শিক্ষকেরা। সফলভাবে কোর্স শেষে কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আইবিএ ডিপার্টমেন্ট থেকে সনদ দেওয়া হবে।

যোগাযোগের ঠিকানা

ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি)

রুম নং ৪০২, তৃতীয় তলা, আইবিএ

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।

মুঠোফোন: ০১৮৪২-০৫৮১০৪, ০১৭৮৩-৬১৫৭৯৮।

ই-মেইল: [email protected]

ওয়েবসাইট: www.iba-du.edu