আইভরি কোস্টে সেই বৈশাখ

খরায় পুড়ছে আইভরি কোস্টের আবিদজান শহর। পাহাড়ের ওপর দাঁড়িয়ে থাকা সুবিশাল শিমুলগাছটির নিচে নিস্তরঙ্গ নীল লেগুন। আমরা নীল লেগুনের প্রশান্ত জলের দিকে তাকিয়ে খরাক্রান্ত চোখের তৃষ্ণা মেটানোর চেষ্টা করছি। পশ্চিম আফ্রিকার মানুষ গির্জায় গির্জায় আজ সরব প্রার্থনা সভায়। এদিকে পরদিন পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ। দেশ থেকে ১০ হাজার কিলোমিটার দূরে আমাদের অবস্থান নববর্ষ উদ্যাপন না করার কোনো অজুহাত হতে পারে না, জানালেন আমাদের মিলিটারি কমান্ডার লে. কর্নেল মমিনুর রহমান (পরে মেজর জেনারেল, এখন বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত)। তিনি তাঁর দলবল নিয়ে হুলুস্থুল আয়োজন করে ফেলেছেন। দিনব্যাপী আবিদজানে পালিত হবে বাংলা নববর্ষ। পান্তা-ইলিশ তো থাকবেই, সঙ্গে থাকবে নানা রকমের ভর্তা। আর গানবাজনা, নাটক, কৌতুকসহ নানা রকমের সাংস্কৃতিক আয়োজন তো থাকছেই। আমাদের সেনা সদস্যরা কোত্থেকে সারি সারি কলাগাছ এনে এই তপ্ত মরুর বুকে তৈরি করে ফেলেছেন সবুজ প্রান্তর। বিশাল শামিয়ানা টানিয়েছেন ক্যাম্পের উঠোনে। এক পাশে লাল-সাদার মিশেল দিয়ে তৈরি করেছেন নকশিকাঁথার কারুকার্য খচিত মনোমুগ্ধকর বৈশাখী মঞ্চ। এই হুলুস্থুল ও বেশ গোছানো আয়োজন দেখে আবারও মনে হলো, সত্যিই আমাদের সেনাবাহিনী পারে। এমন দিনে ফাইলে মুখ গুঁজে অফিস করা অসম্ভব। আমাকে ছুটি নিতেই হবে। ছুটির দরখাস্ত নিয়ে ছুটে যাই আমার নেপালি বস রমেশ সিংহের কাছে। গিয়ে যে ধাক্কাটা খাই তা আমাকে প্রভূত আনন্দ দেয়। রমেশ আমার হাতের কাগজটির দিকে তাকিয়ে হো হো করে হেসে ওঠেন। ‘আমি আগেই ধারণা করেছিলাম কাল তোমাদেরও নববর্ষ। আসার পথে দেখলাম তোমাদের সেনাবাহিনী বেশ বড়সড় অনুষ্ঠানের আয়োজন করে ফেলেছে। আমি নিমন্ত্রণ পাচ্ছি তো?’

দুই মিনিটের মাথায় ছুটির দরখাস্ত নিয়ে হাজির থাইল্যান্ডের সহকর্মী প্রাগামাস। ও জানাল, কাল থাইল্যান্ডেও নববর্ষ। গর্ব অনুভব করি এই ভেবে যে পয়লা বৈশাখ শুধু বাংলাদেশ বা ভারতবর্ষের নববর্ষ নয়, এর রয়েছে আন্তর্জাতিকতা।
খুব ভোরে রমনার বটমূলে যাওয়ার তৃপ্তি নিয়েই ছুটতে শুরু করি সেব্রোকোতে অবস্থিত আমাদের মিলিটারি ক্যাম্পের দিকে। গাড়ি চালু করতে করতে মনে হয়, রমনার বটমূলে না হলেও আইভরি কোস্টে অবস্থিত বাংলা সংস্কৃতির মূলেই যাত্রা করেছি। আজ পৃথিবীর বহু বাঙালি পৃথিবীর কোনো না কোনো প্রান্তে এমনি করে ছুটে চলেছে শিকড়ের খোঁজে। পান্তা-ইলিশ, নানা রকমের ভর্তা-ভাত খেয়ে শুরু করি ১৪১৪ সালের সেই বাংলা নববর্ষ উদযাপন। সারা দিন চলে বাংলা গান, নাটক, কৌতুক, গল্প আর আড্ডা। আমাদের সঙ্গে যোগ দেন ভারত, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কার বেশ কয়েকজন সহকর্মী। খরাক্রান্ত আবিদজান শহরে বাংলা নববর্ষ আমাদের হৃদয়ে যেন তুমুল বৃষ্টিপাত ঘটায়।
এখন নিউইয়র্কে থাকি। নয় বছর আগের সেই আবিদজানের নববর্ষ উদ্যাপনের কথা ভুলতে পারি না।