পর্বতারোহণ
আইল্যান্ড পিক অভিযানের গল্প
হিমালয়ের খুম্বু অঞ্চলের পর্বত—আইল্যান্ড। গত মাসে মাউন্ট এভারেস্টের প্রতিবেশী এই পর্বতের চূড়া ছুঁয়ে এসেছেন বাংলাদেশি পর্বতারোহী শায়লা বিথী। তিনি লিখেছেন শীর্ষে পৌঁছার কাহিনি।
আগের পর্বত অভিযানগুলোতে নেপালের নামচে বাজারে পৌঁছে এক দিন বিশ্রামের নিতাম। মূলত উচ্চতার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য (অ্যাক্লাটামাইজেশন) এ বিশ্রাম নেওয়া হতো। এবার আর তা হলো না। আমার গাইড জানালেন, পরদিন বিশ্রাম না নিয়ে আমরা আরও ওপরের থামে গ্রামে যাব। শুনে আমি বেশ অবাক হলাম। কারণ, আমাকে অভিযানের যাত্রাপথের যে পরিকল্পনা দেওয়া হয়েছিল, সেখানে থামে গ্রামে যাওয়ার কথা নয়। আমার বিস্ময় দেখে গাইড জানালেন, আমরা শুধু আইল্যান্ড পর্বতচূড়া নয়, খুম্বু অঞ্চলের বিখ্যাত থ্রি পাসেও যাব। সে কারণে থামে হয়েই যেতে হবে!
আমার এ অভিযানের শুরু গত ২৫ অক্টোবর। সেদিনই ঢাকা থেকে নেপালে পৌঁছাই। কাঠমান্ডুতে তিন দিন কাটিয়ে উড়োজাহাজে লুকলায় আসি। লুকলায় পৌঁছে ফাকদিন নামের একটি গ্রামের উদ্দেশ্যে ট্রেক শুরু করি। সঙ্গে আমার গাইড ও একজন পোর্টার। ফাকদিনে রাত কাটিয়ে সাত ঘণ্টা ট্রেকিংয়ের পর আমরা নামচে বাজারে পৌঁছাই।
তিন গিরিপথ
আমরা রেঞ্জোলা পাস পাড়ি দিই গত ২ নভেম্বর। ৫ হাজার ৪২০ মিটার (১৭ হাজার ৭৮২ ফুট) উঁচু চোলা পাস পাড়ি দিলাম ৪ নভেম্বর। চোলা পাস থেকে নামার পথটুকু খুব সুন্দর। সাদা বরফের সমুদ্র যেন। এর মধ্য দিয়ে পথ। তবে ঘণ্টাখানেক পর হাঁটতে হয় এলোপাতাড়ি পড়ে থাকা বিশাল পাথরের মাঝখান দিয়ে। ৬ নভেম্বর ৫ হাজার ৫৩৫ মিটার উঁচু কংমালা পাস পাড়ি দিতে সক্ষম হই।
৬ নভেম্বর বিকেলে চুকুং গ্রামে পৌঁছাই। অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানের দেওয়া সূচি অনুসারে পরদিন ৭ নভেম্বর আমার অ্যাক্লাটামাইজেশন ডে, মানে এদিন আমি উচ্চতার সঙ্গে খাপ খাওয়ার জন্য চুকুং গ্রামেই অবস্থান করব। কিন্তু রাতে মনে হলো এই বিশ্রামের দিনটি দরকার নেই। আমি পুরোপুরি সুস্থ, উচ্চতাজনিত কোনো অসুস্থতাও নেই এবং এরই মধ্যে ৫ হাজার ৫৩৫ মিটার উচ্চতার কংমালা পাস অতিক্রম করে এসেছি। কাজেই আমি পরদিনই চূড়া অভিযানে যেতে চাইলাম। রাতের খাওয়ার সময় গাইডের সঙ্গে আলাপ করলাম। সে তার কোম্পানির সঙ্গে আলাপ করে পরদিন সকালেই রওনা হওয়ার প্রস্তুতি নিল।
আইল্যান্ড পিকের পথে
সকালে আইল্যান্ড পিকের বেসক্যাম্পের দিকে রওনা দিলাম। পথে আমরা সিদ্ধান্ত নিলাম, বেসক্যাম্পে না থেকে আরও এগিয়ে হাইক্যাম্পে গিয়ে রাত যাপন করব। কারণ, হাইক্যাম্প থেকে চূড়া পর্যন্ত যেতে বেসক্যাম্পের চেয়ে তিন ঘণ্টা সময় কম লাগে।
চুকুং থেকে বেসক্যাম্পের পথে তেমন চড়াই-উতরাই নেই। পথে বিশ্রাম নেওয়ার সময়ে একজন ভারতীয় নারী পর্বতারোহীর দেখা পেলাম। বেসক্যাম্প পর্যন্ত আমরা একসঙ্গেই হাঁটলাম। সেখানে দুপুরের খাবার খেয়ে আমি হাইক্যাম্পের উদ্দেশে রওনা দিলাম। ভারতীয় অভিযাত্রী বেসক্যাম্পে থেকে গেলেন। পরিকল্পনা হলো, তিনি রাতে হাইক্যাম্পে পৌঁছালে আমরা একসঙ্গে চূড়া অভিযানে রওনা হব।
বিকেল সাড়ে চারটা নাগাদ হাইক্যাম্পে পৌঁছে গেলাম। গাইড তাঁবু পাতল। এরই মধ্যে প্রচণ্ড বাতাস শুরু হলো। স্যুপ তৈরি ও খাওয়ার পানির প্রয়োজনে গাইড বরফ সংগ্রহ করল। সন্ধ্যা সাতটার মধ্যে রাতের খাবার শেষ করলাম। খাবার বলতে স্যুপ, বাদাম, চা আর পানি। খাওয়া শেষে গাইড ঘুমিয়ে পড়ল। কারণ, রাত একটায় উঠতে হবে। রাত দুইটার পরপরই চূড়া অভিযানের জন্য রওনা করতে হবে। আমি ঘুমানোর আগে প্রয়োজনীয় জিনিসপত্র ঠিক আছে কি না, দেখে নিলাম।
তাঁবুর বাইরে বেশ বাতাস দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিচ্ছে। এমন বাতাস হলে রাতে ওপরে ওঠা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি। ঘুম ভেঙে দেখি গাইড উঠে পড়েছেন। তিনি বরফ গলিয়ে খাওয়ার পানি তৈরি করছেন। ঘড়িতে তখন একটা। এর মধ্যে বাইরে আওয়াজ পাচ্ছি কোনো একটা দল ওপরের দিকে যাচ্ছে। আমিও দ্রুত তৈরি হয়ে নিলাম।
ততক্ষণে ভারতীয় অভিযাত্রী চলে এসেছেন তাঁবুর কাছে। আমরা শেষবারের মতো সব গিয়ার চেক করে বেরিয়ে পড়লাম। রাত ২টা ২০ মিনিটে যাত্রা শুরু করলাম। বাইরে বেশ বাতাস। আকাশও তেমন পরিষ্কার নয়। অল্প কিছু উজ্জ্বল তারা দেখা যাচ্ছে। অন্ধকারে হেড টর্চের আলোতে ধীরে ধীরে ওপরে উঠছি। পথ ভীষণ খারাপ। কোথাও বড় পাথর, কোথাও ছোট পাথুরে পথ।
ক্র্যাম্পন পয়েন্ট (যে জায়গা থেকে বরফে হাঁটার জন্য বুটের নিচে ক্র্যাম্পন লাগিয়ে নিতে হয়) পৌঁছাতে প্রায় পাঁচটা বাজল। আমরা বরফে হাঁটার জন্য পোশাকসহ অন্যান্য প্রস্তুতি নিলাম। ততক্ষণে রাতের অন্ধকার কাটতে শুরু করেছে। আমরা বরফে হাঁটছি, ধীরে ধীরে আলো ফুটছে। সাদা বরফে সূর্যকিরণ পড়ার এক অপার্থিব দৃশ্য চারদিকে। রোদ উঠলে আইল্যান্ড পিকের চূড়া দৃশ্যমান হলো। দূর থেকে চূড়ার পথে তিন অভিযাত্রীকে দেখতে পাচ্ছি। এই দলটি আমাদের আগে যাত্রা শুরু করেছিল। গাইডকে জিজ্ঞেস করলাম, আর কতক্ষণ লাগবে। সে হেসে জানাল, আরও তিন ঘণ্টা।
আমরা ফিক্সড রোপের সঙ্গে আমাদের জুমার ও সেফটি ক্যারাবিনা যুক্ত করে নিলাম। অভিযানে আসার আগে জেনেছিলাম চূড়ার ৫০০-৬০০ মিটার পথ এমন ফিক্সড রোপ বাঁধা আর ৭০-৭৫ ডিগ্রি খাড়া। কিন্তু উঠতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে, ৯০ ডিগ্রি খাড়া পথ বেয়ে উঠছি। সবার আগে আমার গাইড, তার পেছনে আমি, আমার পেছনে ভারতীয় অভিযাত্রীসহ অন্য তিনজন। এত লম্বা পথ জুমারিং করতে গিয়ে আমার হাত ব্যথা হয়ে গেছে। বরফের গা বেয়ে একটা অংশ খাড়া উঠেই দেখছি সামনে আরেকটা খাড়া দেয়াল। এমন পরিস্থিতিতে মানসিক শক্তি কমে যাচ্ছে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার নতুন উদ্যমে পথ চলছি।
চূড়া আর দু-তিন মিনিটের পথ। গাইড চূড়ায় গিয়ে ক্যামেরা ধরে রাখল। আমি ধীরে ধীরে উঠে গেলাম। ৮ নভেম্বর সকাল সাড়ে ৮টায় আমরা ৬ হাজার ১৬০ মিটার (২০ হাজার ২১০ ফুট) উচ্চতায় আইল্যান্ড পিকের শীর্ষে আরোহণ করলাম। একে একে আমাদের দলের অন্যরাও পৌঁছে গেল। একজন আরেকজনকে অভিনন্দন জানালাম। চূড়ায় বাংলাদেশের পতাকা মেলে ধরে ছবি তুললাম। স্যাটেলাইট ফোনে পরিবারকে চূড়ায় পৌঁছার খবর জানালাম। দীর্ঘদিন পরে একটি পর্বতের চূড়ায় পৌঁছার আনন্দে আমার তখন চোখ ভিজে উঠল।
লেখক: পর্বতারোহী