আইসক্রিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিউশন শেষ করে বাস থেকে নামলাম। সবে সন্ধ্যা নেমেছে। প্রচণ্ড গরম। ইচ্ছা করছিল আইসক্রিম খেতে। অভ্যাসটা বেশ পুরোনো। ক্যাম্পাসের প্রধান গেট পার করে বাঁ পাশের দোকানটাতে গেলাম। দোকানদার একা বসে আছেন। একগাল হাসি দিয়ে জিজ্ঞাসা করলেন,

‘কী লাগবে মামা?’

‘আইসক্রিম খাব। কোন আইসক্রিম দেন।’ দৃষ্টি মোবাইলের স্ক্রিনে রেখেই জবাব দিলাম। দোকানদার ছোট পলিথিনে ভরে দুটি আইসক্রিম আমার হাতে তুলে দিলেন।

‘নেন মামা।’

আমি জিজ্ঞেস করলাম, ‘দুইটা কেন?’

‘আরও দিব নাকি? আপনার আর আপার জন্য। দুজনের জন্য দুইটা।’

আমি পাশে দেখে নিলাম, পাশে কেউ আছেন কি না। বেশ দূরে একজন মেয়ে। দাঁড়িয়ে কারও জন্য অপেক্ষা করছেন সম্ভবত। তাঁর দৃষ্টি ছিল দোকানের দিকেই। তখন বুঝতে পারলাম দুই আইসক্রিমের রহস্য। মনে তখন বেজে উঠল মিনারের সেই গানটি...‘আহা রে আহা রে কোথায় পাব তাহারে....।’

আমি আবার সেই পারমানেন্ট হাসিটা দিয়ে দোকানদারকে বললাম, ‘উনি আমার কেউ নন, মামা। আইসক্রিম একটাই দেন।’

মনে হলো দোকানদার কিছুটা হতাশ হলেন। তিনি একটা আইসক্রিম রেখে দিলেন।

আইসক্রিমের বিলটা দিয়ে কেন্দ্রীয় খেলার মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হাতে খোসা ছড়ানো কোন আইসক্রিম। খাচ্ছিলাম আর হাঁটছিলাম। মনে হচ্ছিল, ‘কেউ একজন’ থাকলে হয়তো দুটা আইসক্রিম নিয়ে মাঠের সবুজ ঘাসে বসে খেতে খেতে সুন্দর কিছু সময় কাটানো যেত। মাঠের দিকে একবার তাকালাম। গাঢ় অন্ধকার নেমে আসছে ধীরে ধীরে। হয়তো আর এক বছর পর এই ক্যাম্পাসটাকে বিদায় জানাতে হবে। কোনো মায়া না থাকাই ভালো। সব হিজিবিজি চিন্তা...

নাসির উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়