
আইসক্রিম পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। জনপ্রিয় এই খাবারের প্রচলন ঘটে খ্রিষ্টপূর্ব ৬০০ বছর আগে। চীনের শ্যাং সাম্রাজ্যের প্রথম সম্রাট ট্যাঙের শাসনামলে আইসক্রিমের মতো একটি খাবার খাওয়া হতো বলে জানা যায়। সম্রাট ট্যাং ৯৪ জন আইসম্যান নিয়োগ করেছিলেন? যাদের কাজ ছিল মহিষের দুধ, আটা ও কর্পূর সহযোগে আইসক্রিমসদৃশ একধরনের খাবার তৈরি করা।
গবেষকেরা জানাচ্ছেন, চীনে ২০০ খ্রিষ্টাব্দের দিকে দুধ ও ভাতের মিশ্রণকে বরফের সঙ্গে রেখে তৈরি করা হতো একধরনের আইসক্রিম। প্রায় কাছাকাছি সময় রোমান সম্রাটরা বরফ আনতে পর্বতচূড়ায় পাঠাতেন তাঁদের ভৃত্যদের। তারপর সেই বরফ সুস্বাদু করে আইসক্রিম হিসেবে পরিবেশন করা হতো।
গবেষকেরা ধারণা করেন, ইতালীয় অভিযাত্রিক মার্কো পোলো তাঁর চীন সফরের সময় আইসক্রিম তৈরির রেসিপি জেনে আসেন এবং পরে তিনি ইতালিতে সেটির প্রচলন করেন।
মজার ব্যাপার হচ্ছে, আইসক্রিম রাজদরবারের খাবারের তালিকায় সীমিত রাখতে যুক্তরাজ্যের রাজা প্রথম চার্লস পাচককে প্রতিবছর পাঁচ শ পাউন্ড প্রস্তাব করেন। দিনে দিনে আইসক্রিমের বহু ব্যবহার দেখে মনে হয় না, রাজার সে লোভনীয় প্রস্তাব পাচক গ্রহণ করেছিলেন!