
আইসক্রিম কে না ভালোবাসে। খুব গম্ভীর কোনো ব্যক্তিকেও চোখেমুখে আনন্দের আভা ছড়িয়ে আইসক্রিম খেতে দেখা যায়। মজার ব্যাপার হচ্ছে, এই আইসক্রিমের আদি সংস্করণ প্রথম তৈরি হয়েছিল আমাদের এই উপমহাদেশে। পনেরো শতকের দিকে মধ্য এশিয়া থেকে এসে আফগানিস্তানে বসত গড়া জনগোষ্ঠীই প্রথম আইসক্রিমের আদিরূপ ‘কুলফি’র গোড়াপত্তন করে। ১৫৯০ সালে মোগল শাসনামলে প্রকাশিত একটি বইতেও এই কুলফি তৈরির বর্ণনা পাওয়া যায়। ষোলো শতকে কুলফি তৈরির উপাদানগুলোকে একটু এদিক-ওদিক করেই ফ্রান্সে প্রথমবারের মতো আইসক্রিম তৈরি হয়। আধুনিক আইসক্রিমের জনক জ্যাকুয়েস নামের এক ফরাসি বাবুর্চি। তিনি ছিলেন ব্রিটিশ রাজপরিবারের অন্যতম একজন রাঁধুনি। ১৬৪০ সালে জ্যাকুয়েস ব্রিটিশরাজকে প্রথমবারের মতো আইসক্রিম তৈরি করে পরিবেশন করেন। পৃথিবীর প্রথম আইসক্রিম পারলার প্রতিষ্ঠিত হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে। ‘ক্যাফে প্রোকোপ’ নামের সেই আইসক্রিম পারলার প্রতিষ্ঠা করেন প্রোকোপিও কুলেতেলি নামের এক সিসিলীয় নাগরিক।
‘পেঙ্গুইন বুক অব ফার্স্ট’ অবলম্বনে নাইর ইকবাল