আইসক্রিম খাওয়ার উৎসবে...
চারদিকে উৎসবের আমেজ। সবার হাতে আইসক্রিম। কারও হাতে স্টিক, আবার কারও হাতে কোণ। এর মধ্যে আছে আবার স্বাদের ভিন্নতা। একেক আইসক্রিম একেক স্বাদের। সবাই আইসক্রিম খাচ্ছেন যত খুশি তত! পাশাপাশি মঞ্চ থেকে ভেসে আসছে গানের সুর। সুরের তালে তাল মিলিয়ে আইসক্রিম খাওয়ার ধুম—এ এক অন্য রকম আনন্দময় পরিবেশ।
গত ২৭ ফেব্রুয়ারি হোটেল পেনিনসুলার জিনিয়া হলে অনুষ্ঠিত আইসক্রিম উৎসবের দৃশ্য এটি। রেডিও টুডের উদ্যোগে ও ইগুলুর সহযোগিতায় সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলে ‘আইসক্রিম ম্যানিয়া’ শিরোনামের এই উৎসব। আইসক্রিমের প্রতি তরুণদের আকৃষ্ট করতে রেডিও টুডে কিছুদিন আগে একটি ক্যাম্পেইনের আয়োজন করে। এসএমএসের মাধ্যমে এ ক্যাম্পেইনে অংশ নেন প্রায় বিশ হাজার তরুণ-তরুণী। এখান থেকে বাছাই করা ৩০০ জনকে আমন্ত্রণ জানানো হয় ২৭ ফেব্রুয়ারির উৎসবে।
বিনা মূল্যে যত ইচ্ছে আইসক্রিম খাওয়ার সুযোগ এবং গান আর আড্ডার মিশেলে তরুণ-তরুণীরা ভাসছিলেন খুশির জোয়ারে। নাজিয়াত ইসলাম ও আরজে অর্কের সঞ্চালনায় এ আয়োজনে সংগীত পরিবেশন করেন অরণ্য শান্ত, রায়হান ও পারভেজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী জাকিয়া কবির উৎসবে এসেছেন আইসক্রিম খেতে। তিনি প্রথম আলোকে বলেন, ‘ইচ্ছেমতো আইসক্রিম খেয়েছি। রাতে মনে হয় আর ভাত খেতে পারব না। এখানে গান শুনছি, আইসক্রিমও খাচ্ছি। খুব ভালো লাগছে। আরও ভালো লাগত সারা দিন যদি এভাবে আইসক্রিম খাওয়া হতো!’
রেডিও টুডের চট্টগ্রাম কেন্দ্রের স্টেশন ইনচার্জ বিশ্বজিৎ পাল বলেন, ‘আইসক্রিম বেশ জনপ্রিয় খাবার। এ বিষয়ে সবার মতামত নেওয়াই ছিল আমাদের ক্যাম্পেইনের উদ্দেশ্য। সেই সঙ্গে তরুণদের উদ্বুদ্ধকরণ। আগামী দিনে আরও বড় পরিসরে এমন আয়োজন করার ইচ্ছা রয়েছে আমাদের।’
ইগলুর জ্যেষ্ঠ কর্মকর্তা মো. হাসিবুল্লাহ জানান, উৎসবে ১৪ রকম স্বাদের আইসক্রিম পরিবেশন করা হয়েছে। এর মধ্যে রয়েছে কোণ, মাচো, সিঙ্গেল সানডে, মেগা, পিনাট বাটার, টেম্পটেশন বার, সেল অ্যান্ড কুল নামের আইসক্রিম।