আইসক্রিম চলচ্চিত্রের পাঁচ দিনব্যাপী প্রদর্শনী শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেদওয়ান রনি পরিচালিত আইসক্রিম চলচ্চিত্রের একটি দৃশ্য
রেদওয়ান রনি পরিচালিত আইসক্রিম চলচ্চিত্রের একটি দৃশ্য

আজ রোববার নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে শুরু হচ্ছে রেদওয়ান রনি পরিচালিত আইসক্রিম চলচ্চিত্রের পাঁচ দিনব্যাপী প্রদর্শনী। আজ বেলা ১১টায় টিআইসিতে এই চলচ্চিত্রের প্রিমিয়ার শো উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। উপস্থিত থাকবেন নির্মাতা রনি ও চলচ্চিত্রটির অভিনেতা-অভিনেত্রীরা।
রনির নতুন এই চলচ্চিত্রের কাহিনি এগিয়েছে তিন তরুণ-তরুণীকে ঘিরে। এই তিন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন উদয়, রাজ ও তুষি। চলচ্চিত্রের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই।
গত ২৯ এপ্রিল সারা দেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তির পর চট্টগ্রামে শুরু হচ্ছে চলচ্চিত্রটির বিকল্প প্রদর্শনী। আজ থেকে ১৯ মে পর্যন্ত টিআইসিতে প্রতিদিন চারটি করে প্রদর্শনী হবে। প্রতিদিন বেলা ১১টা, ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে চলচ্চিত্রটি। টিকিট পাওয়া যাবে প্রদর্শনীর আগে টিআইসির কাউন্টারে।
পরিচালক রেদওয়ান রনি জানান, প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখতে চান না এমন সব দর্শকের কথা মাথায় রেখেই বিকল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আইসক্রিম-এর পরের গন্তব্য সিলেট, খুলনা, যশোর ও রংপুর। চট্টগ্রামে প্রদর্শনীর সহযোগিতায় হুইজ কমিউনিকেশন। বিজ্ঞপ্তি।