আইসক্রিমওয়ালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চৈত্রের এই সময়টায় আমাদের বাড়ির উঠোনের অনেকটা জুড়ে গোবর লেপে দেওয়া হতো। মাঠ থেকে তুলে আনা কয়েক রকমের ডাল-ফসল আর সরষে এনে জড়ো করা হতো সেখানটায়। তখন বসন্তরোদ এসে পুরো সকালটা পড়ে থাকত মটরশুঁটির শুকনো কালচে খোসায় কিংবা মসুরের বাদামি লতানো দেহজুড়ে। বসন্তের দুপুর গড়িয়ে বিকেল নেমে আসত দখিন হাওয়ার আলতো ছোঁয়ায়। আমাদের পুরো বাড়িটা তখনো মাড়াই আর ঝাড়াই কাজে ব্যস্ত থাকত। দেখতাম এরই মধ্যে ঝিঁঝি পোকা ডাকা দুপুরবেলায় যখন বাঁশের সাজি ভরে যেত, একের পর এক খোসা ছাড়ানো বুটের ডালে, ‘সাধনা সরগমের ‌সাথি তেরা পেয়ার পূজা হ্যায়’ গানটা বাজাতে বাজাতে রংচঙে জামা পরনে এক আইসক্রিমওয়ালা ঢুকে পড়তেন। তাঁর বাক্সভরা নারকেল মাখানো লাঠি আইসক্রিম। হয়তো তাঁর ক্যাসেট প্লেয়ারে বাজত তখনকার আরও সব জনপ্রিয় গান। এত বছর পর তবু আমার এই একটি গানই মনে পড়ছে।

এসব গান যখন বেজে উঠত, খুচরো পয়সা খুঁজে নিয়ে ছুটে যেতাম আইসক্রিম কিনতে। পয়সা খুঁজে পাওয়ার আনন্দের শিহরণ এখনো বেশি অনুভব করি। কোনো কোনো দিন এমনও হয়েছে, মায়ের নিজ হাতে আঁকা কাপড়ের ব্যাগটা কিছুতেই খুঁজে পেতাম না। মসলার হলুদ মাঝারি বয়ামগুলোর আড়ালে, কাপ বোর্ডের আবছা কোনাটায় ন্যাপথলের সুগন্ধে ভরে থাকা মায়ের নতুন শাড়ির ভাঁজে—কোথাও না। সেসব দিনে আইসক্রিম না খেতে পাওয়ার কষ্টে পুরো দিনটাই মন খারাপ থাকত, গলার কাছটায় ভাত দলা বেঁধে থাকত অনেক সময়।

আমার মনে পড়ে না ছোটবেলায় ঠান্ডাজনিত অসুখে ভুগেছি কি না। তবু কেন যেন মা আমাকে আইসক্রিম কিনে দিতে চাইতেন না। কিন্তু লুকিয়ে আইসক্রিম খাওয়া বন্ধ থাকত না।

আজ হঠাৎ পাশের বিয়েবাড়িতে সাধনা সরগমের গানটা শুনে সেসব দিনের কথা মনে পড়ে গেল। কী জানি, বিয়েবাড়ির কেউ হয়তো গানের সঙ্গে সুর মিলিয়ে গুনগুন করছে, শখের শাড়ি পরে দু-একজন বাচ্চা মেয়ে হয়তো নিতান্তই আনাড়ির মতো নাচের চেষ্টা করছে, আমি কিন্তু আলো-ঝলমলে বিয়েবাড়ির আশপাশে আমার শৈশবের আইসক্রিমওয়ালাকে খুঁজে ফিরছি। আজ আমার কাছে অনেক খুচরো জমে আছে, নারকেল মাখানো লাঠি আইসক্রিম খেতে ইচ্ছে করছে খুব। কোথায় তুমি আইসক্রিমওয়ালা?

মো. ওমর সানী

ঢাকা বিশ্ববিদ্যালয়