আইসিইউর সামনে ভাইয়ের অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামীম ব্যাপারী
ছবি: সংগৃহীত

আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে আমাদের অফিসভবন। কাচ ভেঙে যায়, একটা ফ্যানও খুলে পড়ে। কম্পন আর শব্দের রেশ কেটে গেলে অনেকের মতো আমিও কারণ বুঝতে চেষ্টা করি। বাইরে চিৎকার-চেঁচামেচি শুনে নিচে নেমে আসি। দেখি, আহত আর আতঙ্কিত মানুষ চারপাশে ছুটে বেড়াচ্ছেন। আহত লোকজনকে ধরাধরি করে হাসপাতালে নেওয়া হচ্ছে। বিধ্বস্ত ভবনের ৩০০ গজ দূরেই আমাদের মেসবাড়ি। কাজ শেষ হয়নি বলে বাসায় না গিয়ে অফিসে ফিরি।

মগবাজারের ওয়্যারলেস গেটে একজন সংগীতশিল্পীর স্টুডিওতে কাজ করি আমি। ছোট ভাই শামীম ব্যাপারী আমার সঙ্গেই থাকে। পরিবারের বাকি সদস্যরা থাকে শরীয়তপুরের ভেদরগঞ্জে গ্রামের বাড়িতে। শামীম ডিম সরবরাহের ব্যবসা করে। ওর কাজে আমিও সাহায্য করি। সেদিন বিকেলে শামীমকে পাঠিয়েছিলাম শান্তিবাগে আমার চাচাতো ভাইয়ের বাসায়, তার সঙ্গে দেখা করতে। কিছুদিন আগে আমার চাচাতো ভাইয়ের স্ত্রী মারা গেছে, এমন একটা সময়ে তার কাছে যাওয়াটা দরকার ছিল। ভাই দূরে আছে ভেবে তাকে নিয়ে আর চিন্তা করিনি।

দুর্ঘটনার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলে ফোন পাই। জানতে পারি ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে শামীমকে। সে চাচাতো ভাইয়ের বাাসায় গেছে, এত তাড়াতাড়ি ফেরার সম্ভাবনা ছিল না বলে কল করে খোঁজ নিইনি। কিন্তু সে আগেই ফিরেছিল। বাসার কাছে পরিচিতজনেরা বলল, বাসার দিকেই যাচ্ছিল। বিধ্বস্ত ভবন থেকে হয়তো ২০ গজের মতো দূরে ছিল। বিস্ফোরণের পর ছিটকে পড়ে দূরে।

আমি খবর শুনে ছুটে যাই হাসপাতালে। শামীমের এই অবস্থা দেখতে হবে, কল্পনাতেও ছিল না। ভাই আমার স্ট্রেচারে শুয়ে আছে। মস্তিষ্কে আঘাত পেয়েছে। নিথর শুয়ে আছে। চিকিৎসা শুরু হয় ঢাকা মেডিকেল হাসপাতালে। কিন্তু ঠিকমতো চিকিৎসা পাচ্ছিল না ভাই আমার। সেখান থেকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যাকেন্দ্র) ভর্তি করাই।

মগবাজারে বিস্ফোরণে বিধ্বস্ত রাখি নীড় নামে ভবনটি, ২৯ জুন তোলা
ছবি: সজীব মিয়া

আজ বৃহস্পতিবার, এখনো আইসিইউর বিছানায় ভাই আমার। বাইরে বসে আমাদের অপেক্ষা করা ছাড়া কিই-বা করার আছে। আমার কাছে এ এক অনন্ত প্রতীক্ষা যেন।

প্রতীক্ষা দীর্ঘ হচ্ছে, আমাদের মতো স্বল্প আয়ের মানুষের দুশ্চিন্তাও বাড়ছে। রোজ অনেক টাকা প্রয়োজন হচ্ছে, জানি না শেষ পর্যন্ত কী হবে।

অনুলিখিত