আই-জেন উৎসবে মেতেছে ফেনী
অন্তর্জাল বা ইন্টারনেটে ছড়িয়ে থাকা বিশাল পৃথিবীর হাতছানি তো আছেই, আছে অজানাকে জানার আনন্দও। গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন উৎসবে মেতেছে ফেনীর শিক্ষার্থীরা। গত ২৬ এপ্রিল শুরু হওয়া এই উৎসব চলবে ১২ মে পর্যন্ত।
জেলার ৩২টি সরকারি-বেসরকারি বিদ্যালয়ে এ উৎসব চলছে। উৎসবে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা। ‘এ’ ও ‘বি’ এই দুই বিভাগে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। ‘এ’ বিভাগে ১৬টি বিদ্যালয়ে বহুনির্বাচনী পদ্ধতিতে পরীক্ষায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের প্রজেক্টরের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে ধারণা দেন আয়োজকেরা।
বহুনির্বাচনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ‘এ’ বিভাগের বিদ্যালয়গুলো থেকে ১০ জন করে ১৬০ জন শিক্ষার্থী আগামী ৪ জুন ফেনী জেলা সদরে অনুষ্ঠেয় জেলা আই-জেন উৎসবে নিজ নিজ বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে। ইতিমধ্যে জেলার ছয়টি বিদ্যালয়ে আই-জেন উৎসবে প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থী অংশ নিয়েছে। বিদ্যালয়গুলো হচ্ছে ছাগলনাইয়া পাইলট উচ্চবিদ্যালয়, ছাগলনাইয়া একাডেমি, সোনাগাজীর বক্তারমুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চবিদ্যালয়, বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়, পরশুরাম পাইলট উচ্চবিদ্যালয় ও পরশুরাম পাইলট বালিকা উচ্চবিদ্যালয়।
আই-জেন উৎসব পরিচালনা করেন প্রথম আলো ফেনী বন্ধুসভার সদস্যরা।