আউটসোর্সিংয়ে নিয়ে আসতে চান নারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘...কাস্টমার কেয়ার থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি এমরাজিনা ইসলাম খান। বলুন স্যার, কীভাবে আপনাকে সাহায্য করতে পারি।’ মিষ্টি করে নিজের পরিচয় দিলেও প্রতিদিন অসংখ্য গ্রাহক তাঁর নামটা ভুল উচ্চারণ করতেন। অনেকেই বলতেন, মর্জিনা আপা অথবা ইমাজিন আপা। হাসি বা বিরক্ত চেপেই তাঁকে কথা বলতে হতো গ্রাহকের সঙ্গে। গল্পটা এমরাজিনার।
এমরাজিনা ইসলাম খান তখন ঢাকা সিটি কলেজের ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। প্রথম বর্ষে পড়ার সময়েই বাবা মারা যাওয়ায় সংসারের স্বাভাবিক গতি কিছুটা মন্থর। কল সেন্টারে চাকরি পাওয়ায় নিজের পড়াশোনার খরচ ও পরিবারে কিছুটা আর্থিক সমর্থন দিতে পারছিলেন এমরাজিনা। তা ছাড়া কাজটা করে অনেক মজাও পাচ্ছিলেন। তবে একদিকে পড়াশোনা, অন্যদিকে নিয়মিত অফিস—বেশ হাঁপিয়ে উঠছিলেন। এই সময়েই সহকর্মী বন্ধু সাইদুর মামুন খান তাঁকে জানালেন অনলাইনে ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের কাজ করে আয়ের কথা। শুনেই এমরাজিনার আগ্রহ বেড়ে গেল। কারণ, এখানেই তাঁর স্বপ্ন পূরণ হতে পারে। তবে সেটা আয় করার স্বপ্ন নয়, ছবি আঁকার স্বপ্ন!
এমরাজিনা ছোটবেলা থেকেই একজন চিত্রশিল্পী হতে চাইতেন। ঢাকার বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন ২০০২ ও ২০০৪ সালে। এরপর পরিবারের ইচ্ছাতেই পড়তে হয়েছে ইংরেজি সাহিত্যে। এর মধ্যে একদিন খোঁজ নিয়ে বুলবুল ললিতকলা একাডেমীর (বাফা) চারু ও কারুকলায় ভর্তি হন বাড়িতে না জানিয়েই। মাস খানেক পরে মায়ের কাছে বলেন সে কথা। তবে স্নাতক পড়া চলছে বলে মা নিষেধ করেননি। এর পাশাপাশি বাফাতে পাঁচ বছরের সার্টিফিকেট কোর্স করেছেন চারু ও কারুকলায়। এমরাজিনা বলেন, ‘আঁকাজোকা ও সৃজনশীল কাজ করা যাবে বলে আগ্রহ নিয়ে শুরু করি ফ্রিল্যান্সিংয়ের কাজ। ২০১০ সালের শেষের দিকে আউটসোর্সিংয়ের কাজ দেওয়া–নেওয়ার ওয়েবসাইট ওডেস্কে অ্যাকাউন্ট খুলি। মাস তিনেকের মধ্যে পেলাম প্রথম একটি কাজ। ২৫ ডলারের চুক্তিতে একটি লোগো তৈরি করে দিতে রাজি হলাম। কাজটি শেষ করে জমা দিলাম। কিন্তু দেখলাম, আমার অ্যাকাউন্টে জমা হয়েছে ৭৫ ডলার। পরে জানলাম গ্রাহক কাজ দেখে খুশি হয়ে ৭৫ ডলার দিয়েছেন। উৎসাহ বেড়ে গেল। ভাবলাম, তাহলে আমাকে দিয়ে হবে।’
এর পর থেকে অনেক কাজ আসতে থাকল। লোগো তৈরি, ওয়েবসাইট ডিজাইন, বিভিন্ন ধরনের টি-শার্ট বা খেলার সরঞ্জামের নকশা করা, লিফলেট, অলংকরণ, বিজ্ঞাপন, ব্যানারসহ নানা ধরনের কাজ। নিজের কাজের স্বীকৃতি হিসেবে এমরাজিনা ২০১৩ সালে বেসিস ফ্রিল্যান্সিং পুরস্কার পান নারী বিভাগে। বর্তমানে তিনি ওডেস্ক–ইল্যান্সে নিয়মিত কাজ করছেন। ইল্যান্সের প্রকল্প ব্যবস্থাপক হিসেবে করছেন একটা বড় ওয়েবসাইট তৈরির কাজ।
রাজধানীর ধানমন্ডিতে খুলেছেন ক্রিয়েটিভ কিটেনস নামে নিজের অফিসে। এখন আরও পাঁচজন নারীকে নিয়ে কাজ করছেন। শুধু নিজেই আউটসোর্সিংয়ের কাজ করছেন না, অন্য নারীদেরও শেখাচ্ছেন এ বিষয়ে।
এমারিজনা বিয়ে করেছেন এক সময়ের বন্ধু ও সহকর্মী বাংলাদেশে ওডেস্ক–ইল্যান্সের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খানকে। সামনে নিজেকে কোথায় দেখতে চান, জানতে চাইলে হেসে ওঠেন। এরপর খানিকটা সময় নিয়ে এমরাজিনা ইসলাম খান বলেন, ‘মোট ছয়জন (নিজেসহ) নারীকে নিয়ে যাত্রা শুরু করেছে ক্রিয়েটিভ কিটেনস। একসময় সেটা বাড়িয়ে ৬০০ নারীর কর্মস্থান করতে চাই। নিজের মেধা ও পরিশ্রম দিয়ে ফ্রিল্যান্সিং পেশার বিকাশ ঘটাতে চাই দেশজুড়ে।’