আউটসোর্সিং-বিষয়ক সেমিনার
আউটসোর্সিং-বিষয়ক দিনব্যাপী এক সেমিনার গত সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনার আয়োজন করে ইউনিটেক আউটসোর্সিং টেকনোলজি। সেমিনার পরিচালনা করেন লেখক মো. মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউনিটেক আউটসোর্সিং টেকনোলজির প্রধান নির্বাহীকর্মকর্তা বিদ্যুৎ মজুমদার, ঢাকার ক্যাসাডা টেকনোলজির প্রধান পরিচালন কর্মকর্তা জামাল শাহ, মেক্রো সফট লিমিটেডের কেন্দ্র প্রধান মো. নূর করিম প্রমুখ। মিজানুর রহমান তাঁর বক্তব্যে অনলাইনে আয়ের পদ্ধতি নিয়ে বিস্তারিত ধারণা দেন। তাঁর মতে, এক্ষেত্রে বিপুল সম্ভাবনা রয়েছে আমাদের দেশে। প্রয়োজন শুধু সঠিক নির্দেশনা। নিয়মানুযায়ী অনলাইন আয়ের পথে এগুলে সহজেই স্বাবলম্বী হওয়া যায়। আয়োজক প্রতিষ্ঠানের বিদ্যুৎ মজুমদার বলেন, চট্টগ্রামে আউটসোর্সিংয়ের সুবাতাস বইছে। আমরা এ সেমিনার ভালো সাড়া পেয়েছি। এতে বোঝা যায়, সবার আগ্রহ রয়েছে এ বিষয়ে। তাঁরা পরিপূর্ণ ধারণা পেলে নিজেদের বিকশিত করতে পারবেন। বিশেষ করে তরুণেরা এতে অংশ নিয়েছেন। সেমিনারে ক্যাসাডা টেকনোলজির প্রধান পরিচালন কর্মকর্তা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান এলার্ট পে’র প্রতিনিধি জামাল শাহ কি করে ব্যাংকের মাধ্যমে অনলাইন আয়ের টাকা সংগ্রহ করা যায় সে বিষয়টি তুলে ধরেন। নিজস্ব প্রতিবেদক