সাদমান সাকিব। এ বছর এসএসসি পাস করেছেন। নগরের একটি তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ ইনস্টিটিউটে পড়াশোনার সুবাদে আউটসোর্সিং সম্পর্কে তাঁর ভালোই ধারণা হয়। এরপর আর বসে থাকেননি। কাজে নেমে পড়েন। সাদমান বলেন, ‘আউটসোর্সিংয়ের জন্য নিবন্ধনের পর একটি প্রতিষ্ঠান থেকে আমার কাজের অভিজ্ঞতা জানতে চাইল। আমার তৈরি করা বেশ কিছু লোগোর লিংক পাঠালাম। তাঁরা সন্তুষ্ট হলেন, আমিও কাজ পেয়ে গেলাম।’সাদমান জানান, আউটসোর্সিয়ে নামতে হলে আগে থেকেই কিছু বিষয়ে পারদর্শী হতে হবে, বিশেষ করে ওয়েব ডিজাইনিং জানা থাকলে কাজ পেতে সুবিধা হয়। আয়ও হয় ভালো। ডেটা এন্ট্রির কাজ করলে মাসে সাত থেকে আট হাজার এবং ওয়েব ডিজাইনিং করলে ৩০ থেকে ৩৫ হাজার এমনকি ৫০ হাজার থেকে এক লাখ টাকাও আয় করা সম্ভব।শুধু সাদমান নন, চট্টগ্রামের অনেক তরুণ-তরুণীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন আউটসোর্সিং। পড়াশোনার পাশাপাশি তাঁদের অনেকেই আয় করছেন অনলাইন থেকে। কেউ কেউ আউটসোর্সিংয়ের ওপর প্রশিক্ষণ নিয়ে দক্ষতা দিয়ে প্রতিযোগিতার মাধ্যমে কাজ আদায় করে নিচ্ছেন। নগরের বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্র ও সফটওয়্যার প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও আগ্রহী তরুণদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। তবে চট্টগ্রামে আউটসোর্সিং কাজে নিয়োজিত তরুণদের সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি। এর কারণ এখানে প্রাতিষ্ঠানিকভাবে কাজ করছেন হাতেগোনা কয়েকজন। তা-ও বিক্ষিপ্তভাবে। বেশির ভাগই ব্যক্তিগতভাবে বাসাবাড়ি অথবা আশপাশের কোনো সাইবার ক্যাফে, বন্ধুবান্ধবদের সঙ্গে বসে তাঁদের ল্যাপটপ-ডেস্কটপে কাজ করছেন। এগিয়ে যাওয়া কয়েকজন: ২০০৫ সালে চট্টগ্রামের একটি তথ্যপ্রযুক্তি-প্রতিষ্ঠান থেকে প্রোগ্রামিংয়ের ওপর প্রশিক্ষণ নেন সঞ্জয় দেব। সেখানে আউটসোর্সিং সম্পর্কেও ধারণা পেয়েছেন। এরপর নিজে কাজ করেছেন, সফলও হয়েছেন। বর্তমানে কাজ করছেন একটি বিদেশি সংস্থায়। সঞ্জয় দেব বলেন, ‘চট্টগ্রামের বেশ কিছু তরুণ এখন আউটসোর্সিংয়ে কাজ করছেন। তবে তাঁরা বড় ধরনের কাজে হাত দিতে পারছেন না। এ ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ভালো হতো। এ ছাড়া প্রশিক্ষণও জরুরি।’ একটি বেসরকারি প্রতিষ্ঠানে সফটওয়্যার প্রকৌশলী শাহীন আক্তার। তিনি বলেন, ‘চট্টগ্রামের তরুণেরা ভালোই করছেন আউটসোর্সিংয়ে। তাঁদের বেশির ভাগই ডেটা এন্ট্রি ও ওয়েব হোস্টিংয়ের কাজ করেন। অনলাইনে বিড করতে গিয়ে আমি দেখেছি, বিভিন্ন দেশের প্রতিযোগীর সঙ্গে বাংলাদেশের প্রতিযোগীরা পাল্লা দিয়ে কাজ আদায় করছেন। রোজগারও করছেন ভালোই।’ তাঁর মতে, দলগতভাবে বড় কাজ করতে হলে অনুকূল পরিবেশ প্রয়োজন। এ ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও ইন্টারনেট-সংযোগ এবং যথাযথ প্রশিক্ষণ জরুরি।আউটসোর্সিংয়ের জন্য যা প্রয়োজন: সহজ কথায় আউটসোর্সিং হচ্ছে ঘরে বসে আয়। ইন্টানেটের মাধ্যমে কাজের খোঁজ নিয়ে সে হিসেবে কাজ করতে হবে। কাজ শেষে নিয়মানুযায়ী সম্মানী পাওয়া যাবে। বিশ্বে এমন কিছু প্রতিষ্ঠান আছে, যেগুলো তাদের বিভিন্ন কাজ (ডেটা এন্ট্রি, ওয়েব পেজ ডিজাইন প্রভৃতি) অনলাইনের মাধ্যমে করিয়ে থাকে। আউটসোর্সিংয়ের মাধ্যমে এসব কাজ পেতে সারা বিশ্বের অনেক প্রতিযোগী অংশ নেন। সেখানে তাদের ‘বিড’ (নিলাম ডাকা) করতে হয়। এ জন্য কাজ পেতে প্রশিক্ষণ ও কাজের দক্ষতা প্রয়োজন। এ প্রসঙ্গে ম্যাক্রো সফটওয়্যারস লিমিটেডের কেন্দ্রপ্রধান মো. নুর করিম বলেন, ‘আউটসোর্সিংয়ের জন্য একটি পরিপূর্ণ প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণ ছাড়া এখানে কাজ পাওয়া কষ্টসাধ্য। আউটসোর্সিংয়ের জন্য প্রোগ্রামিং-জ্ঞান, সামাজিক নেটওয়ার্কিং, ইংরেজিতে ভালো ধারণা থাকতে হবে।’ ভুল পথে পা দেবেন না: অনেকে কাজ পাওয়ার আগে টাকা জমা দেন। এটা ঠিক নয়। এখানে আগে থেকে কোনো টাকা-পয়সা বিনিয়োগের প্রয়োজন নেই। কাজেই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। ম্যাক্রো সফটওয়্যারস লিমিটেডের কেন্দ্রপ্রধান মো. নুর করিম বলেন, ‘আউটসোর্সিংয়ে যেমন ভালোভাবে জেনে-বুঝে এগোতে হবে, তেমনি না জেনে এখানে আগাম লেনদেনের ব্যাপারেও সতর্ক থাকতে হবে।’