আউটার রিং রোড বাস্তবায়ন কত দূর
চট্টগ্রাম শহররক্ষা বাঁধের ওপর দিয়ে পরিকল্পিত আউটার রিং রোডের নির্মাণকাজ বর্তমান সরকারের মেয়াদে শুরু হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রকল্প এলাকায় বসবাসকারী ১২ হাজার মানুষকে পুনর্বাসন কিংবা ভূমি অধিগ্রহণের কাজ এখনো শুরু হয়নি। এমনকি ভূমি অধিগ্রহণের প্রস্তাবও জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়নি। চূড়ান্ত নকশা প্রণয়নের কাজও শেষ করতে পারেনি বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান এসনেক। অবশ্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) বলছে, বর্তমান সরকারের আমলেই কাজ শুরু হবে।জানা গেছে, সাত বছর আগে নেওয়া প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৮৫৬ কোটি টাকা। কিন্তু নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় সামগ্রিক প্রকল্পের ব্যয়ও বেড়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অথচ, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) আগের প্রতিশ্রুত ৬৯০ কোটি টাকার (নয় হাজার ৯৬ মিলিয়ন ইয়েন) বেশি দিতে রাজি নয়। ডলার ও টাকার সঙ্গে ইয়েনের বিনিময় মূল্যের ওঠানামার কারণে এ টাকার অঙ্কও কমতে পারে ধারণা করা হচ্ছে। এ জন্য সড়কটি চার লেনে নির্মাণের পরিকল্পনা থাকলেও বর্তমানে দুই লেনে নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। প্রকল্পটি ইতিমধ্যে একনেকে অনুমোদন পেয়েছে। চউকের চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, ‘আগামী মাসের মধ্যেই সড়কের বিস্তারিত নকশা প্রণয়ন করবে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান। এরপর আমরা একই সঙ্গে ভূমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্ত লোকজনের পুনর্বাসন এবং মূল নির্মাণকাজের দরপত্রের কাজ শুরু করব। অধিগ্রহণ ও পুনর্বাসন কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঠিকাদার বাছাই শেষ করা গেলে অবশ্যই বর্তমান সরকারের আমলে সড়কের মূল কাজ শুরু হবে।’চউক সূত্রে জানা যায়, বেড়িবাঁধে বসবাসকারী লোকজনের পুনর্বাসন কাজ শেষ করতে ঢাকার দুটি বেসরকারি সংস্থা (এনজিও) সুশীলন ও বত্রিকা বিকনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত লোকজনের পুনর্বাসনের জন্য সম্ভাব্য তিনটি জায়গাও চিহ্নিত করা হয়েছে। এগুলো হচ্ছে পতেঙ্গা, খেজুরতলা ও সাগরিকা স্টেডিয়ামের আশপাশে। কিন্তু কোনো জায়গাই অধিগ্রহণের কাজ এখনো শুরু হয়নি। এসব প্রাথমিক কাজ শেষে সড়ক নির্মাণের আন্তর্জাতিক দরপত্র আহ্বান এবং যাচাই-বাছাই শেষে নির্মাণকাজের কার্যাদেশ দিতেই আগামী দুই বছর সময় লেগে যেতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা। প্রকল্প পরিচালক ও চউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী হাসান বিন শামস প্রথম আলোকে বলেন, ভূমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কাজে সংশ্লিষ্ট ব্যক্তিদের সময়মতো সহযোগিতা পাওয়া গেলে বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই মূল অবকাঠামো নির্মাণকাজ শুরু করতে পারব বলে আমরা আশাবাদী। তিনি বলেন, চার লেনের সড়কের প্রস্তুতি রেখেই বেড়িবাঁধের ওপর আউটার রিংরোডের পরিকল্পনা করা হচ্ছে। তবে অর্থাভাবে আপাতত দুই লেনের সড়ক নির্মাণ করা হবে। পরবর্তী সময়ে এটি চার লেনে সমপ্রসারণ করা সম্ভব হবে।জানা যায়, নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে সাগরিকা বিভাগীয় স্টেডিয়াম পর্যন্ত পতেঙ্গা বেড়িবাঁধের ওপর এ আউটার রিংরোড নির্মাণের জন্য জাইকা ২০০৫ সালে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করে। দুই বছর যাচাই কাজ শেষ করে এ প্রকল্পে অর্থের যোগান দিতে সম্মত হয় জাপান। প্রকল্পের বেশির ভাগ অর্থই দিচ্ছে জাইকা। এর পরিমাণ প্রায় ৬৯০ কোটি টাকা। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৮৫৬ কোটি টাকা। অবশিষ্ট টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। ভূমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের টাকা দেবে বাংলাদেশ সরকার। স্থানীয় অধিবাসীরা জানান, পতেঙ্গা বেড়িবাঁধের বর্তমান উচ্চতা ২০ থেকে ২৩ ফুট। এ উচ্চতার বাঁধে ভবিষ্যতে জলোচ্ছ্বাসে সাগরের পানি ঢুকে যেতে পারে। স্থানীয় লোকজনের এ মতামতের কারণে বেড়িবাঁধকে ৩১ থেকে ৩৩ ফুট পর্যন্ত উঁচু করা হচ্ছে। পতেঙ্গা থেকে সাগরিকা পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য হবে ১৫ কিলোমিটার। এর সঙ্গে সাগরিকা স্টেডিয়ামের আশপাশে দুটি সংযোগ সড়ক মিলে মোট দৈর্ঘ্য হবে ২১ কিলোমিটার।