আউটার স্টেডিয়ামে নতুন উৎপাত ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আউটার স্টেডিয়ামে সারি করে রাখা হয়েছে ট্রাক ও পিকআপ। তার পাশে স্তূপ করে রাখা আছে ইট। মাঝখানে নেট অনুশীলনে ব্যস্ত খেলোয়াড়েরা। ছবিটি গতকাল বুধবার সকাল ১০টায় তোলা l সৌরভ দাশ
আউটার স্টেডিয়ামে সারি করে রাখা হয়েছে ট্রাক ও পিকআপ। তার পাশে স্তূপ করে রাখা আছে ইট। মাঝখানে নেট অনুশীলনে ব্যস্ত খেলোয়াড়েরা। ছবিটি গতকাল বুধবার সকাল ১০টায় তোলা l সৌরভ দাশ

নগরের কাজীর দেউড়ির আউটার স্টেডিয়ামে বছরের বেশির ভাগ সময় থাকে মেলা। তখন খেলা বন্ধ থাকে। এখন নতুন উৎপাত ট্রাক পার্কিং। ছয় মাসের বেশি সময় ধরে এটি ব্যবহার হচ্ছে মিনি ট্রাক ও পিকআপের টার্মিনাল হিসেবে। মাঠের মধ্যে চারদিকে কয়েক সারি করে প্রতিদিন রাখা হচ্ছে গাড়ি। উন্মুক্ত খেলার মাঠটিতে এভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হলেও এ নিয়ে কারও মাথাব্যথা নেই।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) সূত্র জানায়, আউটার স্টেডিয়ামটি দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর মালিকানায় ছিল। সম্প্রতি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই মাঠ ফিরে পেয়েছে। তবে মাঠে এখনো সিজেকেএসের কর্তৃত্ব নেই বললেই চলে। এই সুযোগে গত বছরের অক্টোবর মাস থেকে এখানে শুরু হয় ট্রাক রাখা। মাঝখানে ডিসেম্বর মাসে এটি দখলে ছিল বিজয়মেলার। মেলা শেষ হওয়ার পর আবার শুরু হয় ট্রাক রাখা। মাঠটি এখন খানাখন্দেও ভরে গেছে। এর মধ্যে সকাল-বিকেল ফুটবল ও ক্রিকেট খেলে বিভিন্ন এলাকার কিশোর ও তরুণেরা। এ ছাড়া এখানে বিভিন্ন ক্রিকেট ও ফুটবল একাডেমির প্রশিক্ষণও চলে।
সরেজমিনে দেখা গেছে, মাঠে পার্কিং করে রাখা হয়েছে কমপক্ষে ৪০টি ট্রাক ও পিকআপ। একপাশে স্তূপ করে রাখা হয়েছে ডেকোরেশন প্রতিষ্ঠানের বাঁশ ও ইট। আরেক পাশে রশি টানিয়ে শুকোতে দেওয়া হয়েছে ধোয়া কাপড়। শুধু তা–ই নয়, মাঠের মধ্যেই চলছে গাড়ি চালানো শেখা। এত উৎপাতের মধ্যে খেলার জন্য জায়গা আছে সামান্যই। তাতে ক্রিকেট খেলোয়াড়দের একটি দল নেট অনুশীলন করছে, অন্য দল করছে ওয়ার্মআপ। এ ছাড়া ছড়িয়ে-ছিটিয়ে ক্রিকেট খেলছে কিছু কিশোর।
মাঠেই কথা হয় মো. নাসির নামে এক পিকআপচালকের সঙ্গে। তিনি বলেন, ‘রাস্তায় রাখলে পুলিশ মামলা দিচ্ছে। তাই কিছুদিন ধরে আমরা এখানে গাড়ি রাখা শুরু করেছি। ভাড়া পেলে এখান থেকে চলে যাই। পরে আবার আসি।’
চালকেরা জানান, এসব ট্রাক কাজীর দেউড়ি এলাকায় স্যানেটারি, মেশিনারিজ এবং টাইলস দোকানের পণ্যসামগ্রী আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হয়। আগে এসব মিনি ট্রাক মূল সড়কের ওপর রাখা হতো। এখন পুলিশি অভিযান বাড়ার কারণে মাঠেই তা রাখা হচ্ছে। মাঠের পাশাপাশি সংলগ্ন ফুটপাতেও রাখা হয় মিনি ট্রাক।
মাঠে গাড়ি রাখলেও এ জন্য কারও অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করেননি কেউ। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও সিজেকেএসের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘মাঠটি আমরা আইনি প্রক্রিয়ায় পেয়েছি। এখনো কাগজপত্র হাতে আসেনি। তাই এখন এটিতে কেউ ট্রাক রাখছে, কেউ বা অন্য কাজে ব্যবহার করছে। আমরা শিগগির এটিতে সংস্কারকাজ শুরু করব।’
তিনি আরও বলেন, ‘আমরা মাঠটি সংস্কারের জন্য একটি পরিকল্পনা হাতে নিয়েছি। প্রথমে চারপাশে সীমানা প্রাচীর দেওয়া হবে। এরপর এখানে একটি কমপ্লেক্স গড়ে তোলা হবে। অন্য পাশে থাকবে মাঠ। যেখানে দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ফুটবল হতে পারবে। এ ছাড়া প্রশিক্ষণের মাঠ হিসেবে ব্যবহার করা যাবে।’
সাবেক ক্রিকেটার ও কোচদের সঙ্গে আলাপে জানা যায়, চট্টগ্রামের বিভিন্ন ক্রিকেট একাডেমি এই মাঠকে এখন অনুশীলনের জন্য ব্যবহার করে। এ ছাড়া বিভিন্ন দল এখানে তাদের ফুটবল ও ক্রিকেট অনুশীলন করে থাকে। অস্থায়ী ট্রাক টার্মিনাল ছাড়াও বছরের বিভিন্ন সময়ে মাঠটি মেলার জন্য বন্ধ থাকায় ব্যাঘাত ঘটে তাদের অনুশীলনে। ডিসেম্বর মাসজুড়ে ছিল বিজয়মেলা। এরপর হয়েছে গাড়ির মেলা। এ ছাড়া প্রতিবছর মাসব্যাপী বৃক্ষমেলাও হয় এই মাঠে।
সাবেক জাতীয় ক্রিকেটার ও ক্রিকেট কোচ আফতাব আহমেদ চৌধুরী বলেন, ‘মাঠটিতে বছরের প্রায় সময় মেলা হয়। এখন ট্রাক রাখা হচ্ছে। ফলে দিন দিন মাঠটি নষ্ট হয়ে যাচ্ছে। ছোটবেলায় আমরা এই মাঠেই খেলেছি। ছেলেদের অনুশীলন এখন বাধাগ্রস্ত হচ্ছে।’