আউটার স্টেডিয়ামে বৃক্ষমেলায় ফুলের সৌরভ, ফলের ম-ম গন্ধ
পাকা আম ঝুলে আছে গাছে। দেখলেই ছিড়ে নিয়ে মুখে পুরে দিতে ইচ্ছে করে। কিন্তু ইচ্ছে করলেই খাওয়া যাবে না। বাধ সাধবে দোকানি। কারণ পুরো গাছটিই কিনে নিতে হবে। দামটাও যেনতেন নয়, নয় থেকে ১০ হাজার টাকা। তাই আম্রপালি আমের এ গাছটি নিয়ে দর্শনার্থীদের আগ্রহও বেশি। শুধু কি আম, জামরুল, লিচু, ডালিম, লটকন, আতা, পেয়ারা, সফেদা, আঙুর কমলাসহ কত রকমের ফল যে গাছে ঝুলছে তার হিসাব নেই। শুধু ফলদ নয় রয়েছে বাহারি সব ফুল ও পাতার গাছ। পাওয়া যাচ্ছে ওষুধি গাছও।সিটি করপোরেশনের আয়োজনে নগরের আউটার স্টেডিয়ামে চলছে মাসব্যাপী বৃক্ষমেলা। ৭ জুন মেলা উদ্বোধন করেন মেয়র মোহাম্মদ মন্জুর আলম । মেলার কারণে বিশাল এক বাগানে পরিণত হয়েছে আউটার স্টেডিয়াম প্রাঙ্গণ। দেশি-বিদেশি হাজার রকম গাছে ভরে আছে সেই বাগান। গাছ চেনা, গাছ কেনা কিংবা গাছের সঙ্গে নিরিবিলি সময় কাটাতে প্রকৃতি প্রেমীরা ছুটে আসছেন বৃক্ষমেলায়। মেলায় রয়েছে বন গবেষণাগার, বন বিভাগ, সিটি করপোরেশনের নার্সারিসহ চট্টগ্রামের খ্যাতনামা নার্সারিগুলোর স্টল।মেলায় ফুলের গাছের মধ্যে আছে গোলাপ, কামিনী, জুঁই, সন্ধ্যামালতী, শিউলি, বাগান বিলাস, কাঠ গোলাপ, ইন্ডিয়ান জবা, গ্ল্যাডিওলাস জাপানি চেরি ফুল, হাসনাহেনা, স্বর্ণ জুঁই, প্যাশন ফ্লাওয়ার, গোল্ডেন শাওয়ার প্রভৃতি। এগুলোর চারা পাওয়া যাচ্ছে ১০-১২০ টাকার মধ্যে। টবসহ ফুল গাছ পড়বে ২০০-৪০০ টাকা।ফলের মধ্যে আছে বেরাকাটা কমলা, মাল্টা, কলোম্ব লেবু, মিশরীয় মিষ্টি ডুমুর, থাইকুল, এলাচি লেবু, স্ট্রবেরি, বাতাবি লেবু, ট্যাং ফল, থাই পেয়ারা, আঙুর, স্ট্রবেরি পেয়ারা, এ ছাড়া দেশীয় বাহারি আম, জাম, লিচু তো রয়েছেই। এগুলোর ফলসহ গাছ পড়বে ৬০০ থেকে দশ হাজার পর্যন্ত।মেলায় আসা গৃহিণী উম্মে তাহেরা খুঁজছিলেন ওষুধি গাছ। তিনি জানান, তার ডায়াবেটিকস আছে তিনি খুঁজছেন এস্টবিয়া, আর সর্দি-কাশির জন্য তুলসি গাছ। মেলা ছাড়া এত ওষুধি গাছ আর কোথাও পাওয়া যায় না। তাই মেলায় আসা। মেলা ঘুরে দেখা যায় ওষুধি গাছের মধ্যে আছে এস্টবিয়া, পাথর কুচি, ঘৃতকুমারি, বাসক, নীম, অর্জুন, বহেরা, হরতকী। এগুলোর চারা পাওয়া যাচ্ছে ১০-১০০ টাকায়।চন্দন নগর নার্সারির বিক্রেতা মাহমুদুল ইসলাম বলেন, ‘বিভিন্ন জাতের ফল ও পাতাবাহারের চারা বিক্রি হচ্ছে বেশি। গৃহিণীদের আগ্রহ বিভিন্ন জাতের লেবুর প্রতি। সবমিলিয়ে বেচাবিক্রি বেশ ভালোই চলছে।’ মেলার আয়োজকেরা জানান, বৃক্ষপ্রেমীদের ভিড় দিন দিন বাড়ছেই। কেউই খালি হাতে ফিরছেন না বেশির ভাগই গাছ কিনে বাড়ি ফিরছেন। আবার কেউ কেউ গাছের সঙ্গে একটু পরিচিত হতে, একটু নির্মল নিঃশ্বাস নিতে আসছেন মেলায়। সেরকমই রুম্পা বড়ুয়া ও বিপাশা বড়ুয়া নামের দুই বোনোকে দেখা যায় টবের পানিতে রাখা নীল পদ্মের ছবি তুলতে।মেলার বনসাইগুলো সবাইকেই কাছে টানছে। বনসাইয়ের মধ্যে রয়েছে অসৎবট, চাইনিজ বট, কাটা মেহেদী, অর্জুন, বাগান বিলাস, অর্কিড, বাতাবি লেবু। এসব বনসাই পাওয়া যাবে এক হাজার ৫০০ থেকে ৪৫০০০ টাকায়। এ মেলার সবচেয়ে দামি চাইনিজ বটের বনসাইটি পাওয়া যাবে কসমো নার্সারিতে এটির বয়স প্রায় ২৬ বছর।এ ছাড়াও মেলায় প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত চলছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বায়ক নজরুল ইসলাম জানান, গাছ ও পরিবেশ সংক্রান্ত আলোচনা ছাড়াও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছে সিটি করপোরেশনের ৬০টি বিদ্যালয় ও রাতে অংশ নিচ্ছে চট্টগ্রামের বেতার, টিভি, ক্লোজআপ-ওয়ান, খুদে গানরাজের শিল্পীরা। মেলায় গাছের পাশাপাশি রকমারি টব, সার, কীটনাশক, গাছ লাগানো ও পরিচর্যার যাবতীয় উপকরণও পাওয়া যাচ্ছে।