মিশরের সংগীতজ্ঞ, গায়ক ও গীতিকার ইমাদ গারবা। কয়েকমাস ধরে তিনি বাংলাদেশে ভ্রমণ এবং গান করছেন। এরই ধারাবাহিকতায় ৮ মার্চ সন্ধ্যায় এসেছিলেন স্থানীয় আলিয়ঁস ফ্রঁসেস মিলনায়তনে। পরিবেশন করেন মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র আউদ। অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেস ও ঢাকার গ্যাটে ইনস্টিটিউট। এটি ছিল দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। প্রথম পর্বে ছিল চলচ্চিত্র প্রদর্শনী। এতে দেখানো হয় পিটার পানকে পরিচালিত চলচ্চিত্র দ্যা রোড অব দ্য ট্রাউবাডোরস।একই দিন রাতে আলিয়ঁস ফ্রঁসেস মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘ইন্ডিয়া থ্রু দি লেনসেস অব অ্যালাইন দানিয়েল অ্যান্ড রেমন্ড ভার্নিয়ার’ (অ্যালাইন দানিয়েল—ইংল্যান্ড এবং রেমন্ড ভার্নিয়ারের—সুইস চোখে ভারত) শিরোনামে সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশন ও আলিয়ঁস ফ্রঁসেস এই প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনী শেষ হয়েছে ১৪ মার্চ।আলোকচিত্রী অ্যালাইন ও রেমন্ড দুজনই প্রয়াত। অ্যালাইন ইংল্যান্ডের বাসিন্দা আর রেমন্ড সুইজারল্যান্ডের। তাঁদের প্রদর্শনীর বিষয় ১৯৪০ ও ১৯৫০ দশকের দক্ষিণ-পূর্ব এশিয়ার সংগীত এবং সংগীতজ্ঞ। এতে ছিল ১৯৩০ দশকের শেষের দিকের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুর্লভ দুটি আলোকচিত্র। ১৯৫৩ সালে বেনারসে হরিপদ দেবনাথ বাউল, বারানসিতে গঙ্গার বুকে চারকোনা পালতোলা নৌকা, রেউয়া কুঠিবাড়ি থেকে অসিঘাট পর্যন্ত পদযাত্রা, হিন্দু-মন্দিরে সংগীত উৎসব, বেনারসে পণ্ডিত রবিশংকরের এসরাজ বাজানোর দৃশ্য, নৃত্যশিল্পী কেলো নায়ার, সকালের আলোয় দারভাঙ্গাঘাটে তীর্থযাত্রীদের নৌকা, নটরাজ, বারানসিতে ইয়োগা ভঙ্গি, মাদ্রাজে ১৯৫৫ সালে বুদালুর কৃষ্ণমূর্তি শাস্ত্রীর গোতুভাদিয়াম বাজানোর দৃশ্যসহ কিছু দুর্লভ আলোকচিত্র।