আউল বাউল লালনের দেশে
‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া/ ঘর হতে শুধু দুই পা ফেলিয়া/ একটি ধানের শিষের উপরে একটি শিশিরবিন্দু’। তাই কোনো ধরনের পূর্বপরিকল্পনা ছাড়াই শুধু কুষ্টিয়ায় এক আত্মীয়র ফোন পেয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেললাম, যাবই। লালনের আখড়ার নাম শুনে শুনে বড় হয়েছি, কখনো দেখা হয়নি। ঢাকা থেকে কুষ্টিয়া, এমন কিছু দূর নয়, দূরপাল্লার বাসে ঘণ্টা পাঁচ-ছয় লাগল। বলা চলে, ঘর হতে দুই পা ফেলিয়াই। কুষ্টিয়ায় তখন চলছিল লালন মেলা, টানা পাঁচ দিনের দোল উৎসব। সারা দেশের সব বাউলসাধক তখন কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের আখড়ায়। প্রচণ্ড ভিড়। মানুষের ঢল। সন্ধ্যা নামতেই মানুষের স্রোত বাড়তে থাকে। রাত যত বাড়তে থাকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লালনভক্ত, লালনসাধকদের গানে মুখরিত হয়ে ওঠে আখড়া। লালনের গান মুহূর্তেই টেনে নিয়ে যায় অন্য ভুবনে, যেন বাড়ির কাছের সেই অদেখা আরশিনগরে।এখানে আসার অন্য উপলক্ষটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি। কুষ্টিয়া থেকে সামান্য একটু দূরেই শিলাইদহ। সেখানে সবুজে ঘেরা, ছায়াসুনিবিড় রবিঠাকুরের কুঠিবাড়ি। এটি এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে একটি দর্শনীয় স্থান। কবির বাড়ির আঙিনায় হাঁটতে হাঁটতে মনে হয়, একদিন এই বাড়ির এসব আঙিনায় পা পড়ত সেই অসাধারণ মানুষটির, আজ যেখানে হাঁটছি আমি! মাঝখানে কতগুলো বছরের ব্যবধান। বাড়ির বাঁ পাশে বিশাল একটি পুকুর। পুকুরপাড়ে সেই বকুলগাছটি, যেটি সাক্ষী হয়ে আছে ‘যেদিন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে’ গানটির। কবি এই বকুলতলায় বসে লিখেছিলেন গানটি। কুষ্টিয়া থেকে শিলাইদহ যাওয়ার পথেই মীর মশাররফ হোসেনের বাড়ি। সময়ের অভাবে যাওয়া হলো না তাঁর ভিটাবাড়িতে। কুষ্টিয়া-ফরিদপুর মহাসড়ক ধরে শিলাইদহ পর্যন্ত রাস্তাটি বেশ ভালো, কিন্তু সমস্যা দেখা দিল এরপর। মহাসড়ক থেকে ডানে কয়েক কিলোমিটার যেতে হয় কুঠিবাড়ির পথে। এ রাস্তাটির অবস্থা খুবই খারাপ!যখন ফিরছি তখন বারবার মনে হচ্ছিল, এই আমাদের বাংলাদেশ, সহজ-সরল রত্নগর্ভা মাতৃভূমি। কত রত্ন তার কোলে চিরদিনের জন্য ঘুমিয়ে আছে। কত মহাপুরুষ পা ফেলতেন এ মাটিতে। আজ সেই মাটিতেই আমাদের পদচারণ।