লোহাগাড়া উপজেলার পুটিবিলা এমচরহাট এলাকার পুটিবিলা-১ বালুমহাল থেকে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে বালু তুলছেন ব্যবসায়ীরা। এতে ডলু সেতুসহ গ্রামীণ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হচ্ছে। অন্যদিকে বালু ব্যবসায়ীদের কাছ থেকে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতার নামে বিপুল টাকা টোল আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
চুনতি ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা উত্তম দত্ত জানান, গত ২১ মার্চ চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে পুটিবিলা-১ বালু মহালটির ইজারা সম্পন্ন হয়। ৫৬ লাখ ২০ হাজার টাকায় এটির ইজারা পান আওয়ামী লীগ নেতা নুরুল আবছার চৌধুরী। কিন্তু ওই দিন রাষ্ট্রপতির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করার কারণে যথাসময়ে ইজারার কাগজপত্র জমা দিতে পারেননি আরেক ইজারাদার মো. আলী। পরে তিনি বালুমহালটির ইজারা বাতিল চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করলে আদালত ইজারার কার্যাদেশের ওপর স্থগিতাদেশ দেন।
এদিকে আদালতের নির্দেশে ইজারা বন্ধ হলেও থেমে নেই বালু উত্তোলন। ড্রেজার মেশিন দিয়ে প্রতিদিন বালু তুলছেন বদিউল আলম, মো. শাহ আলম, মো. শিবলী, মো. ওসমান, মামুনুর রশিদ, আমানউল্লাহ, সাইদুল আলম, মো. শাহজাহান প্রমুখ বালু ব্যবসায়ী। প্রায় ৫০০ গজ জায়গা থেকে প্রতিদিন ৫০-৬০ ট্রাক বালু বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। এসব বালুবোঝাই ট্রাক চলাচলের কারণে স্থানীয় সড়ক, কালভার্ট, খেলার মাঠ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে ডলু সেতুর গোড়া থেকে বালু সরে গিয়ে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
বালু ব্যবসায়ীরা অভিযোগ করেন, ওই বালুমহাল থেকে বালু তোলার জন্য তাঁরা স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল আবছার চৌধুরী ও যুবলীগ নেতা মোরশেদ আলম চৌধুরীকে টাকা দিয়ে থাকেন। আবছার চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এবং মোরশেদ দক্ষিণ জেলা যুবলীগের সদস্য।
মো. বদিউল আলম, আমানউল্লাহ, মো. শাহ আলম ও হামেদ হাছান জানান, তাঁরা প্রতি ট্রাক বালুর জন্য দুই হাজার ৩০০ টাকা টোল দেন। নুরুল আবছার ও মোরশেদের পক্ষে মো. নাসির ও মো. জাফর নামে দুই ব্যক্তি জোট পুকুরিয়া এলাকায় ট্রাক থামিয়ে এ টোল আদায় করেন। আবছার ও মোরশেদের জন্য টোল আয়ের সত্যতা স্বীকার করেছেন নাসির ও জাফর। পুটিবিলা ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল আলমও বিষয়টি স্বীকার করেন।
উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বলেন, এ বালুমহাল থেকে বালু তোলার কারণে ডলু সেতু ও দরবেশহাট ডিসি সড়কসহ স্থানীয় গ্রামীণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ব্যাপারে তিনি গত এপ্রিল মাসে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অভিযোগ করেন। ওই সময় জেলা প্রশাসক ডলু সেতুর আশপাশে বালু উত্তোলন বন্ধ রাখতে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।
এ ব্যাপারে জানতে চাইলে নূরুল আবছার চৌধুরী ও মোরশেদ আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অবৈধ বালু উত্তোলনকারীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। বালু ব্যবসায়ীরা কেন আমাদের নাম ব্যবহার করছেন জানি না।’ দুজনেই পুটিবিলা-১ বালু হালের ওপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কথা স্বীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিজনূর রহমান ইজারা ছাড়াই বালু তোলার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘ওই বালুমহাল থেকে বালু তোলার সময় ড্রেজার মেশিন জব্দ করেছি এবং ভবিষ্যতে বালু না তোলার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করেছি। শিগগির আবার অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’