আওলাকির মৃত্যুর তাৎপর্য
পশ্চিমা বিশ্বের ইংরেজিভাষী মুসলিমদের মধ্যে নিজেকে একজন পথপ্রদর্শক মনে করতেন আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলার জ্যেষ্ঠ নেতা আনওয়ার আল-আওলাকি। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার আদর্শ পাশ্চাত্যের দেশে দেশে ছড়িয়ে দিতে সামাজিক যোগাযোগের আধুনিক মাধ্যমগুলোকে কাজে লাগিয়েছেন তিনি। প্রযুক্তিগত সুবিধা ব্যবহারের এই কাজে উল্লেখযোগ্য দক্ষতা ছিল তাঁর। নিজের অনুসারীদের সহিংস কর্মকাণ্ডে অংশগ্রহণে সফলভাবে অনুপ্রাণিত করেন ইয়েমেনভিত্তিক এই জঙ্গি নেতা।যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী অভিযান মূলত আদর্শগত একটি যুদ্ধ। এতে জয়ের জন্য চালকবিহীন বিমান (ড্রোন) হামলাই যথেষ্ট নয়। সন্ত্রাসবাদের বিস্তারে আওলাকির সাফল্য এটাই প্রমাণ করে। আল-কায়েদার বর্তমান প্রধান আইমান আল-জাওয়াহিরি একবার মন্তব্য করেছিলেন: হূদয় ও মন জয়ের মিডিয়াযুদ্ধে অবতীর্ণ হয়েছি আমরা। নিঃসন্দেহে এটি একটি দূরদর্শী মন্তব্য। আনওয়ার আল-আওলাকির মৃত্যু বিশ্বজুড়ে বিস্তৃত আল-কায়েদার মিডিয়া কার্যক্রমের ওপর একটি বড় আঘাত। আওলাকি ছিলেন আধুনিক যুগের একজন কুশলী সন্ত্রাসী। পশ্চিমাদের বিরুদ্ধে সহিংস লড়াইয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোকে ব্যবহারে তিনি বেশ দক্ষ ছিলেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ফলস চার্চের দার আল-হিজরাহ মসজিদের ইমাম হিসেবে একসময় কাজ করতেন আওলাকি। ওই মসজিদের মুখপাত্র জোহারি আবদুল মালিক বলেন, আওলাকি ছিলেন এক ‘ম্যাজিক বুলেট’। তাঁর মধ্যে ছিল সব ধরনের দক্ষতা। আওলাকি ছিলেন সহজাত ক্ষমতাসম্পন্ন একজন নেতা। তাঁর কোমল কণ্ঠ, আকর্ষণীয় বাচনভঙ্গি ও উদ্দীপনামূলক বক্তৃতায় আকৃষ্ট হয় সারা বিশ্বের অসংখ্য ইন্টারনেট ব্যবহারকারী। এভাবে প্রচুরসংখ্যক অনুসারী তৈরি করতে সমর্থ হন তিনি। সম্মোহনী বক্তৃতা ও সাবলীল হাসি দিয়ে মানুষকে ধরে রাখার সহজাত ক্ষমতা ছিল তাঁর। আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো: ইন্টারনেটের জটিল বিষয়গুলোর ওপর ভালো দখল ছিল আওলাকির। নিজের ও সংগঠনের আদর্শ বিশ্বজুড়ে প্রচারের কাজে তিনি ব্যবহার করেন এই প্রযুক্তি। ইউটিউবসহ অন্যান্য ওয়েবসাইটে পাওয়া যেত আওলাকির ধর্মীয় বক্তৃতা। এ ছাড়া, সারা বিশ্বের ইসলামি বইয়ের দোকানগুলোতে বিক্রি হতো তাঁর বক্তৃতার সিডি।সামাজিক যোগাযোগের বেশ কয়েকটি ওয়েবসাইটে সক্রিয় ছিলেন আওলাকি। নিজে একটি ব্লগ চালাতেন। সমর্থকেরা তাঁর নামে কয়েকটি পেজ চালু করেন ফেসবুক ও মাইস্পেসে। ইংরেজিভাষী মুসলমানদের মধ্যে পথপ্রদর্শকের ভূমিকায় আল-কায়েদার অন্য যেকোনো নেতার চেয়ে আওলাকির সাফল্য ছিল বেশি।সন্ত্রাসবাদের প্রতি নৈতিক সমর্থনদান এবং সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম ও ইন্টারনেটে নিজের অনুসারী আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর ওপর নিয়ন্ত্রণ স্থাপনের মাধ্যমে পশ্চিমা বিশ্বের কাছে একজন বিপজ্জনক ব্যক্তিতে পরিণত হয়েছিলেন আওলাকি।অনলাইনে আওলাকির ইংরেজি বক্তৃতাগুলোর কয়েকটি ছিল অহিংস ও প্রচলিত ধর্মীয় বিষয়কেন্দ্রিক। কিন্তু অন্য বক্তৃতাগুলোতে সহিংস কর্মকাণ্ডের প্রতি তাঁর জোরালো সমর্থন ছিল। উদাহরণস্বরূপ, ‘জিহাদে সমর্থনের ৪৪ উপায়’ শীর্ষক ধর্মীয় বক্তৃতায় আওলাকি তাঁর অনুসারীদের অনুপ্রাণিত করেন পাশ্চাত্যের বিরুদ্ধে আত্মঘাতী অভিযান চালাতে। আত্মঘাতী বোমা হামলাকারীদের পরিবারকে সহায়তা করারও আহ্বান জানান তিনি। ইয়েমেনে নিজের ঘাঁটি থেকেও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি সমর্থন দেন আওলাকি। বিভিন্ন সন্ত্রাসবাদী হামলায় কৌশলগত ও প্রায়োগিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে তাঁর ছিল কেন্দ্রীয় ভূমিকা। যেমন ২০০৯ সালের বড়দিনে যুক্তরাষ্ট্রে একটি বিমান উড়িয়ে দেওয়ার চেষ্টার দায়ে অভিযুক্ত উমর ফারুক আবদুল মুতাল্লাবকে যাবতীয় নির্দেশনা দেন এই আওলাকি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মনোচিকিৎসক মেজর নিদাল মালিক হাসানকে তিনি অনুপ্রাণিত করেন মার্কিন সেনাদের হত্যা করতে। এ ব্যাপারে অসংখ্য ই-মেইল বিনিময় হয় আওলাকি ও মেজর হাসানের মধ্যে। মেজর হাসান ২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুডে গুলি করে ১৩ জনকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। ওই হামলায় আহত হন ৪৩ জন। প্রচারণামূলক কাজ আর সহিংস কর্মকাণ্ড—এই দুয়ের মিশেলই আওলাকিকে এত বিপজ্জনক ব্যক্তিতে পরিণত করেছিল।আওলাকি একবার লেখেন, ‘জিহাদের আহ্বান ছড়িয়ে দেওয়া ও মুজাহিদিনদের খবর জানার জন্য ইন্টারনেট একটি বিরাট মাধ্যমে পরিণত হয়েছে।’আলোচনা ফোরাম প্রতিষ্ঠা, ই-মেইল তৎপরতা, জিহাদি সংবাদ ও লেখা প্রকাশ করার জন্য ওয়েবসাইট চালুর মাধ্যমে ‘ইন্টারনেট মুজাহিদিন’ হওয়ার জন্য অনুসারীদের উৎসাহিত করেন আল-কায়েদার এই নেতা।এখন কেবল আওলাকি নিহত হয়েছেন বলেই শেষ হয়ে যাবে না আল-কায়েদা বা এর আদর্শ। বর্তমানে কিছুটা দুর্বল হয়ে গেলেও পাকিস্তান, ইরাক, সোমালিয়া ও ইয়েমেনে বেশ কিছু সহযোগী নেটওয়ার্ক রয়েছে আল-কায়েদার। কাঙ্ক্ষিত লক্ষ্যে তাই এখনো অটল রয়েছে সংগঠনটির অনুসারীরা।একই সঙ্গে প্রচারণা ও অভিযানের কার্যকর নির্দেশনা দেওয়ার বিরল সামর্থ্য ছিল আওলাকির। এখন তাঁর স্থলাভিষিক্ত হওয়ার উপযোগী নেতা খুঁজে পাওয়া কঠিন হলেও পশ্চিমা লক্ষ্যগুলোর ওপর পরিকল্পিত হামলা অব্যাহত রাখবে আল-কায়েদা। তবে সহিংস কর্মকাণ্ডে উদ্দীপনা জোগানোর জন্য আওলাকির সাফল্যের অনেক প্রমাণ সত্ত্বেও মুসলিম বিশ্বের বিভিন্ন অংশে জনপ্রিয়তা কমে গেছে সংগঠনটির। মার্কিন গবেষণাপ্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক সমীক্ষায় দেখা গেছে, লেবাননে মাত্র ২ শতাংশ ও তুরস্কে মাত্র ৫ শতাংশ লোক আল-কায়েদা সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করে। জর্ডানে এই হার ১৫ শতাংশ। পরিসংখ্যান থেকেই বোঝা যায়, আল-কায়েদা ও এর আদর্শ জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে।বিভিন্ন কারণে আল-কায়েদার প্রতি স্থানীয় সমর্থন কমে যাওয়ায় আওলাকিকে হত্যা করার ক্ষেত্র প্রস্তুত হয়। সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা থাকায় ইয়েমেনের মানুষ ধীরে ধীরে আওলাকির প্রতি অসন্তুষ্ট হয়ে পড়ে। ফলে ইয়েমেনের কর্তৃপক্ষ ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা পেয়ে যান তাঁর অবস্থানের তথ্য। আওলাকির মৃত্যুর পরও অব্যাহত থাকবে আল-কায়েদাবিরোধী লড়াই। আংশিকভাবে আদর্শিক লড়াই হলেও এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সামরিক বাহিনীর ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। তবে জাওয়াহিরি যেমনটা বলেন, চূড়ান্ত পর্যায়ে এটি পরিণত হবে হূদয় ও মন জয়ের লড়াইয়ে।আল-কায়েদা ও আওলাকির মতো ব্যক্তিরা হয়তো একটি প্রান্তিক জঙ্গিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন, কিন্তু তাঁদের প্রচারিত আদর্শকে অবশ্যই আরও কার্যকরভাবে মোকাবিলা করতে হবে। কেবল ড্রোন হামলা কখনোই এই লড়াইয়ে চূড়ান্ত বিজয় নিশ্চিত করতে পারবে না।সেথ জি জোন্স: র্যান্ড করপোরেশনের একজন জ্যেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী। আল-কায়েদা ইন দি অ্যারাবিয়ান পেনিনসুলা প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালের জানুয়ারিতে। পূর্ব ইয়েমেনভিত্তিক আল-কায়েদা ইন সৌদি অ্যারাবিয়া অ্যান্ড ইয়েমেন নামে। এর নেতৃত্ব দিতেন ওসামা বিন লাদেনের সাবেক সহযোগী নাসের আল-ওহায়শি। দ্বিতীয় শীর্ষ নেতা ছিলেন সৌদি নাগরিক সাইদ আল-শাহরি। সংগঠনটির লক্ষ্য সৌদি রাজতন্ত্র ও ইয়েমেনি সরকারকে উৎখাত করে ইসলামি শাসনব্যবস্থা প্রবর্তন করা। ২০০৩ সালে রিয়াদে বোমা বিস্ফোরণ ও ২০০৮ সালে সানায় মার্কিন দূতাবাসে হামলার মধ্য দিয়ে আলোচনায় আসে। ২০০৯ সালের ডিসেম্বরে যাত্রীবাহী একটি মার্কিন জেট বিমান উড়িয়ে দিতে চেয়েছিল বলে অভিযোগ রয়েছে।বিবিসি থেকে ভাষান্তর: আশিস আচার্য