আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন হয়রানির বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদবিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বাংলাদেশ (ইউএনডিপি বাংলাদেশ) এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পাঁচফোড়ন।

১৮ জুন শুক্রবার ‘স্টপ সাইবার বুলিং ডে’ সামনে রেখে ইউএনডিপির ‘ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ’-এর বিজয়ী সোশ্যাল মিডিয়া ইমপ্যাক্ট প্লাটফর্ম পাঁচফোড়নের উদ্যোগে এবং ইউএনডিপি ও ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের সহযোগিতায় দশ দিনের একটি ক্যাম্পেইন শুরু হয়েছে।

৯ জুন বুধবার রাত ৯টায় ইউএনডিপি এবং পাঁচফোড়নের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে অভিনেতা চঞ্চল চৌধুরীর একটি ভিডিও বার্তা প্রকাশের মাধ্যমে ক্যাম্পেইনটির উদ্বোধন হয়। চঞ্চল চৌধুরী বলেন, ‘আমরা চুপ থাকি বলেই সাইবার বুলিংয়ের মতো ক্রাইম যারা করে, তারা শক্তিশালী হয়ে যাচ্ছে। এ কারণেই সাইবার বুলিংয়ের বিরুদ্ধে আপনাকে সতর্ক থাকতে হবে, প্রতিবাদ করতে হবে।’

প্রসঙ্গত, সম্প্রতি মা দিবসে চঞ্চল চৌধুরী তাঁর মায়ের সঙ্গে দেওয়া এক ছবিতে কুরুচিপূর্ণ কিছু মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। অনলাইনে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হওয়া অনেক তারকাই তখন এই প্রতিবাদে শামিল হয়েছিলেন।

এ ছাড়া ৯ থেকে ১৮ তারিখ পর্যন্ত প্রতিদিন রাত ১০টায় সাইবার বুলিং নিয়ে একটা করে ভিডিও প্রচার করা হচ্ছে, যাতে ভিডিও বার্তা দিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, ক্রিকেটার জাহানারা আলম, কমেডিয়ান কিটো ভাই, কার্টুনিস্ট মোরশেদ মিশু, লেখক ও নির্মাতা সাদাত হোসাইন, ট্রান্সজেন্ডার নারী সংবাদ পাঠক তাসনুভা আনান ও মডেল মুমতাহিনা টয়া।

ভিডিও বার্তার এই আট তারকার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট বা ছবিতে অপ্রীতিকর মন্তব্য দেখানো হয়। সেগুলো নিয়ে তারকাদের ভাবনাগুলো তুলে ধরা হয়।
একই সঙ্গে এই ক্যাম্পেইনের মাধ্যমে অনলাইনে মিডিয়া তারকাসহ যে কারও বিরুদ্ধে হয়রানিমূলক আচরণ বন্ধে সচেতনতা এবং যেকোনো হয়রানির বিরুদ্ধে চুপ না থেকে প্রতিবাদ করায় উৎসাহিত করে তোলা হচ্ছে।

১০ দিনের ‘হ্যাশট্যাগMyResponse’ নামক ক্যাম্পেইনটিতে ‘অনলাইন হয়রানির বিরুদ্ধে রেসপন্স করাই আমাদের রেসপনসিবিলিটি’ স্লোগানে পাবলিক ফিগারদের সঙ্গে সাধারণ নেটিজেনরাও নিজ অবস্থান থেকে প্রতিবাদে শামিল হচ্ছেন।
প্রসঙ্গত, প্রতিবছর জুন মাসের তৃতীয় শুক্রবার বিশ্বব্যাপী স্টপ সাইবার বুলিং ডে পালন করা হয়।