আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্ভার, বিএনপিতে দুশ্চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনীতি
রাজনীতি

আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা না হলেও চট্টগ্রাম-৭ সংসদীয় আসন রাঙ্গুনিয়ায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী ও কর্মী-সমর্থকেরা ইতিমধ্যে প্রস্তুতিমূলক তৎপরতা শুরু করেছেন। আলোচিত ব্যক্তিরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী সভা-সমাবেশ না করলেও দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় করে যাচ্ছেন।
এ ছাড়া, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে এলাকার লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখনো পর্যন্ত আওয়ামী লীগ ও জাতীয় পার্টির একজন করে, বিএনপির তিনজন এবং হেফাজতে ইসলাম ও ইসলামী ফ্রন্টের একজন করে নেতা নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
তাঁরা হলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী, উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ হাসনাত, শিল্পপতি মো. ইলিয়াছ চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মুফিত ফয়জুল্লাহ এবং ইসলামী ফ্রন্টের পক্ষে আহেল সুন্নাত ওয়াল জামায়াত নেতা মাওলানা রহুল আমিন। আওয়ামী লীগে রাঙ্গুনিয়ায় হাসান মাহমুদের মনোনয়ন একরকম নিশ্চিত। ইতিমধ্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বিশাল নির্বাচনী সমাবেশ করেছেন এলাকায়। গত কয়েক মাস ধরে প্রায় সপ্তাহে নির্বাচনী এলাকায় এসে বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। দল থেকে অন্য কোনো মনোনয়নপ্রত্যাশীর নাম এখনো শোনা যায়নি।
জানতে চাইলে রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী বলেন, রাঙ্গুনিয়াবাসী গত নির্বাচনে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাকা চৌধুরীকে পরাজিত করে বহিরাগত নেতৃত্বের অবসান ঘটিয়েছেন। হাছান মাহমুদ নির্বাচিত হওয়ার পর এলাকার রাস্তাঘাট, সেতু-কালভার্টসহ বিভিন্ন ক্ষেত্রে হাজার কোটি টাকার উন্নয়নকাজ হয়েছে—যা গত ৪০ বছরেও হয়নি। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে তাঁকে আবারও নির্বাচিত করবেন রাঙ্গুনিয়াবাসী।
এদিকে প্রার্থী মনোনয়ন নিয়ে দুশ্চিন্তায় আছেন বিএনপির নেতা-কর্মীরা। কারণ হিসেবে তাঁরা জানান, সালাউদ্দিন কাদের চৌধুরী মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত হওয়ায় তিনি প্রার্থী হতে পারবেন না এটা নিশ্চিত। এ অবস্থায় রাঙ্গুনিয়া থেকে মনোনয়নপ্রত্যাশী হিসেবে তিনজনের নাম আলোচনায় আছে।
জানতে চাইলে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী রাঙ্গুনিয়া থেকে মনোনয়ন পেতে পারেন। তবে উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ হাসনাতও নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে শিল্পপতি মো. ইলিয়াছ চৌধুরী দাবি করেছেন, তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন।
নির্বাচন সামনে রেখে রাঙ্গুনিয়ায় সংগঠিত হতে শুরু করেছেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা। দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল আলম বলেন, আশির দশকে জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত রাঙ্গুনিয়া থেকে দলের সাংসদ নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম। এবারও তাঁর বিকল্প কোনো মনোনয়নপ্রত্যাশী নেই। নির্বাচন ঘিরে নেতা-কর্মীরা আবারও সংগঠিত হচ্ছেন বলে জানান তিনি।
হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ মুঠোফোনে জানান, এবার রাঙ্গুনিয়া থেকে তিনি নির্বাচন করবেন।
সুন্নি জনতার ব্যানারে ইসলামী ফ্রন্টের প্রার্থী হিসেবে মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন আহেল সুন্নাত ওয়াল জামায়াত নেতা মাওলানা রহুল আমিন। তাঁর মনোনয়ন পাওয়ার সম্ভাবনার কথা জানান, উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি তৈয়ব আলী।