কক্সবাজারের মহেশখালী উপজেলায় আওয়ামী লীগ নেতা আবু বক্করের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ৩ ফেব্রুয়ারি মানববন্ধন করেছে নাগরিক কমিটি। উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষকসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসীরা আবু বক্করকে হত্যা করেছে। এতে বক্তব্য দেন মহেশখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, সাবেক পৌর মেয়র সরওয়ার আজম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. নুরুল আমিন, সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শামসুল আলম প্রমুখ। উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি রাতে উপজেলার কুতুবজোম ইউনিয়নের কালামিয়া বাজারের একটি চায়ের দোকানে সন্ত্রাসীরা হামলা চালিয়ে পৌর আওয়ামী লীগের সদস্য আবু বক্করকে হত্যা করে।