আওয়ামী লীগ সমর্থক দুই প্রার্থীকে নিয়ে জল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীপাড়া দিয়ে যাওয়ার পথে রিকশাচালক করিম মিয়া চরম বিরক্তি দেখালেন। যাত্রীর প্রতি নয়। রাস্তাঘাটের প্রতি। কারণ এগুলোর সংস্কার হয়নি দীর্ঘদিন। দেখলেই বোঝা যায়। সামান্য বৃষ্টিতে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভোট কাকে দেবেন? সঙ্গে সঙ্গেই তাঁর জবাব, ‘যিনি পথঘাট সুন্দর কইরা বানাইবেন, মানুষরে কষ্ট দেবেন না তাঁকে।’ তা আগে থেকে বুঝবেন কী করে? ‘ক্যান, দেখতেছেন না ভাঙাচোরা পথঘাট। এখানেই তো প্রমাণ হইয়া গ্যালো কে কী কাজ করছেন।’ শুধু চলাচলের পথের এ দুর্ভোগই নয়, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় যত্রতত্র আবর্জনা ছড়ানো দেখা গেছে বিকেলেও।এ ওয়ার্ডে মোট ভোটার ৮৩ হাজার ৭৭৪ জন। এর মধ্যে পুরুষ ৪২ হাজার ৯৫৩ এবং মহিলা ৪০ হাজার ৮২১। বর্তমান ওয়ার্ড কাউন্সিলর জাবেদ নজরুল ইসলামের কাজে সন্তুষ্ট নন এলাকার অনেকেই। তাঁদের কথাবার্তায় তা বোঝা গেছে। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন। আবদুল মালেক, বেলায়েত হোসেন, এনামুল হক, মাহবুবুল আলম, রকিব উল আমিন, বর্তমান কাউন্সিলর জাবেদ নজরুল ইসলাম, নাজমুল হক ওরফে ডিউক ও সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম। এঁদের মধ্যে দুজনকে নিয়েই জল্পনা-কল্পনা বেশি চলছে। এঁরা দুজনই আবার আওয়ামী লীগের সমর্থনপুষ্ট। একজন সিরাজুল ইসলাম। যিনি এর আগেও নির্বাচিত হয়েছিলেন। আর অন্যজন হলেন নাজমুল হক ওরফে ডিউক। এবারই প্রথম ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করছেন তিনি। মোক্তাদির হাসান নামে এক ভোটার জানান, ‘ডিউক পরীক্ষিত নেতা। ছাত্ররাজনীতিতেও যিনি যথেষ্ট স্বচ্ছতার পরিচয় দিয়েছেন।’ সরকারি চাকরিজীবী মোহাম্মদ শাহাবুদ্দীন বললেন, ‘বর্তমান কাউন্সিলর জাবেদ নজরুল আসলে এলাকার উন্নয়নে তেমন অবদান রাখতে পারেননি। ফলে তাঁর আস্থার জায়গাটা উনি নিজেই হারিয়েছেন। এ ছাড়া তিনি রাজনৈতিক নীতি আদর্শ থেকেও দূরে সরে গেছেন।’ মিস্ত্রিপাড়ার নাসির উদ্দিন বলেন, ‘যোগ্যতার মাপকাঠিতে এবার লড়াই হবে সিরাজুল ইসলাম ও নাজমুল হকের মধ্যে। সিরাজুল ইসলাম আগেই নির্বাচন করেছেন। তাঁর ভাবমূর্তিও খারাপ নয়। সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে নাজমুল হক ইতিমধ্যে এলাকাবাসীর নজরে পড়েছেন।’এবার নির্বাচনে দাঁড়ালেন কেন? ‘এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে নির্বাচন করছি। জলাবদ্ধতা, পানীয়জলের সমস্যা, চাঁদাবাজি প্রকট হয়ে উঠেছে এলাকায়। এগুলো নিরসন করা দরকার।’ বললেন সিরাজুল ইসলাম।