কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নে ২১ জুলাই অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে চলছে প্রার্থীদের জোর প্রচারণা। নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থীর চারজন আওয়ামী লীগ ও একজন বিএনপির সমর্থক। উপজেলা রিটার্নিং কর্মকর্তা ত্রিরতন চাকমা জানান, ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ছয়জন। এ ছাড়া নয়টি সাধারণ সদস্য পদ ও তিনটি সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হয়েছেন ৫৩ জন। প্রার্থীদের মধ্যে ইতিমধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।আওয়ামী লীগ-সমর্থক চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন—কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মফিজুল হক (গরুর গাড়ি), উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক বিপ্লব মারমা (টেলিফোন), রাঙামাটি জেলা কৃষক লীগের সদস্য আবুল বশর (জাহাজ) ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হানিফ বাবুল (দোয়াত কলম)। বিএনপি-সমর্থিত একমাত্র প্রার্থী হলেন মো. ওয়াজি উল্যাহ (দেয়াল ঘড়ি) এবং নির্দলীয় প্রার্থী হলেন মো. হারুনর রশিদ (আনারস)। আওয়ামী লীগ-সমর্থক চেয়ারম্যান পদপ্রার্থীরা রাঙামাটির সাংসদ ও পার্বত্য প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের সমর্থন লাভের জন্য দৌড়ঝাঁপ করছেন বলে জানা গেছে। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, সাংসদ সরাসরি কাউকে সমর্থন দেননি।আওয়ামী লীগের সভাপতি ও গত দুইবার নির্বাচিত চেয়ারম্যান মফিজুল হক জানান, ‘স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্ব তাঁর সঙ্গে আছেন।’একই দাবি করেছেন বিপ্লব মারমা, হানিফ বাবুল ও বশর। বিএনপি-সমর্থক মো. ওয়াজি উল্যাহ জানান, বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী বর্তমানে এক জোট হয়েছেন। তাঁরা চন্দ্রঘোনায় বিএনপির নির্বাচিত প্রতিনিধি দেখতে চান। প্রার্থীদের অনেকেই একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছেন। চেয়ারম্যান পদপ্রার্থী বিপ্লব মারমা এবং হানিফ বাবুল তাঁদের কর্মী-সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ ব্যাপারে অভিযোগ করেছেন বলেও প্রথম আলোকে জানান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন প্রথম আলোকে বলেন, ‘গত ১৫ জুন উপজেলার চিৎমরম, কাপ্তাই ও ওয়াগ্গায় সুষুম ও সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। চন্দ্রঘোনায়ও সুষুম নির্বাচন করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইতিমধ্যে এক চেয়ারম্যান এবং এক সদস্য পদপ্রার্থীকে জরিমানা করা হয়েছে।’ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও দায়িত্ব পালন করবেন বলে তিনি জানান। রিটার্নিং কর্মকর্তা ত্রিরতন চাকমা জানান, ইউনিয়নে ভোটার সংখ্যা আট হাজার ২৫৫ জন। নয়টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ২৫টি ।উল্লেখ্য, গত ১৫ জুন উপজেলার অন্য তিন ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়। সীমানাবিরোধকে কেন্দ্র করে দায়ের করা মামলার কারণে বাকি তিনটি ইউনিয়নের সঙ্গে চন্দ্রঘোনার নির্বাচন হয়নি।