বিভিন্ন ইউনিয়নে দলীয় পরিচয়ে একাধিক ব্যক্তি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন রাঙ্গুনিয়া উপজেলায়। এ নিয়ে বেকায়দায় পড়েছেন ‘আওয়ামী লীগ-সমর্থিত’ দাবিদার প্রার্থীরা। এতে বিভ্রান্তিতে পড়েছেন সাধারণ কর্মী-সমর্থকেরা। এ রকম বিভ্রান্তি নিরসনে প্রার্থীদের কেউ কেউ দলের উচ্চ পর্যায়ের নেতাদের সহযোগিতা চেয়েছেন। সংশ্লিষ্ট প্রার্থীদের মতে, রাঙ্গুনিয়ার সাংসদ, পরিবেশ ও বন প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে এ সমস্যার সহজ সমাধান হতে পারে। নয়তো বিএনপি-সমর্থিত বা নির্দলীয় চেয়ারম্যানপ্রার্থীরা জয়ের সুযোগ কেড়ে নিতে পারেন। সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুল আলম বলেন, ‘আওয়ামী লীগ-সমর্থিত হিসেবে এ ইউনিয়নে চেয়ারম্যানপ্রার্থী হয়েছি। দলের অনুসারী আরও তিন প্রার্থী রয়েছেন এ ইউনিয়নে। অথচ একক প্রার্থী হলে বিএনপির দুর্গ হিসেবে খ্যাত এ ইউনিয়নে এবার নিশ্চিন্তে জয়ী হতাম আমি। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সহযোগিতা চেয়েছি।’ একই ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী নিজাম উদ্দিন ওরফে বাদশা এ প্রসঙ্গে বলেন, ‘স্বাধীনতার পর থেকে সরফভাটা ইউনিয়নের অধিকাংশ নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সৎ ও যোগ্য লোকের অভাবে অতীতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা পরাজিত হন। তাই যোগ্য হিসেবে এবার আমি প্রার্থী হয়েছি।’ শিলক ইউনিয়নের প্রার্থী নজরুল ইসলাম জানান, ২০০৩ সালে আওয়ামী লীগ-সমর্থিত একক প্রার্থী হিসেবে জাহাঙ্গীর হোসেন চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হন। ওই সময় বিএনপি-সমর্থিত একাধিক প্রার্থী থাকায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হতে পেরেছিলেন। কিন্তু এবার অবস্থা ভিন্ন। নজরুল ইসলাম বলেন, ‘এবার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি প্রার্থী হলেও একই দলের জাহাঙ্গীর হোসেন চৌধুরীসহ আরও তিনজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অথচ বিএনপি-সমর্থিত প্রার্থী রয়েছেন একজন। এ সুযোগে তিনিই জয় ছিনিয়ে নিতে পারেন। তাই পরাজয় এড়াতে দলীয় সমর্থক অন্য প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।’ চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন চৌধুরী ও বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘ইউপি নির্বাচন তো দলীয় নির্বাচন নয়। সৎ ও যোগ্য লোক নির্বাচিত হওয়ার জন্যই ইউপি নির্বাচন। এ ক্ষেত্রে দলের জনসমর্থনহীন কোনো প্রার্থীর জন্য প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর পর তিনি যদি না জেতেন তাহলে আমও যাবে ছালাও যাবে।’একইভাবে স্বনির্ভর ইউনিয়নের নুরুল্লাহ, রাজানগর ইউনিয়নের খালেক মঞ্জু, ইসলামপুর ইউনিয়নের সিরাজুল ইসলাম চৌধুরী, দক্ষিণ রাজানগর ইউনিয়নের আহমদ সৈয়দ তালুকদার, পারুয়া ইউনিয়নের ইব্রাহিম হোসেন, মরিয়মনগর ইউনিয়নের লোকমান হোসেন তালুকদার, বেতাগী ইউনিয়নের বদিউল আলম তালুকদার, পোমরা ইউনিয়নের জাহেদুল ইসলাম চৌধুরী ও পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাহাবুবর রহমান চৌধুরী ক্ষোভ প্রকাশ করে জানান, তাঁদের সঙ্গে দলের একাধিক প্রার্থী রয়েছেন। আর এ সুযোগ কাজে লাগিয়ে নির্বাচনে বিএনপি বা নির্দলীয় প্রার্থীরা জয় ছিনিয়ে নেওয়ার কৌশল ঠিক করছেন। আওয়ামী লীগ-সমর্থিত একক প্রার্থী হলে উপজেলার সব ইউনিয়নে অন্য দলের প্রার্থীদের জয়ের সম্ভাবনা থাকত না বলে তাঁরা মন্তব্য করেন। এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় নয়। তবুও দলীয় পরিচয়ে নির্বাচন করছেন প্রার্থীরা। দলের সুনাম ধরে রাখার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে দলের অনুগত সব চেয়ারম্যানপ্রার্থীর মধ্যে সমন্বয়ের চেষ্টা করা হয়েছে। অনেকে তা না মেনে প্রার্থী হয়েছেন। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদকেও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু দলীয়ভাবে নির্বাচন না হওয়ায় তিনি এ ব্যাপারে কোনো মত দিতে রাজি নন।’