আওয়ামী লীগও মাঠে
বিএনপি নেতৃত্বাধীন চার দলের নেতা-কর্মীরা এখন রোডমার্চ উপলক্ষে ব্যাপক উর্যাসাহ-উদ্দীপনা নিয়ে মাঠে নেমেছেন। তবে রাজনীতির মাঠ ছেড়ে যায়নি আওয়ামী লীগও। আওয়ামী লীগ ও সমমনা ১৪ দল গতকাল শনিবার বিকেলে নগরে ট্রাক মিছিল করেছে। নগরের লালদীঘির মাঠ এলাকা থেকে এই মিছিল বের হয়। আওয়ামী লীগের নেতারা জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই ট্রাক মিছিলের আয়োজন করা হয়। এতে নগর এবং উত্তর ও দক্ষিণ জেলার নেতা-কর্মীরা অংশ নেন। নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম সুজন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার করা আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। প্রতিশ্রুতির বাস্তবায়নের দাবিতে আমরা ট্রাক মিছিল করেছি। অথচ যুদ্ধাপরাধীদের নিয়ে বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করছে।’ দলীয় কাজে করপোরেশনকে ব্যবহার: এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনকে দলীয় কাজে ব্যবহারের কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, বিএনপি ও জামায়াত-শিবিরের প্রচারকাজে সিটি করপোরেশনকে ব্যবহার করা হচ্ছে। অথচ নগরবাসীর করের টাকায় চলছে করপোরেশন। গত দেড় বছরের নগরের সেবার মান তো বাড়েনি বরং বসবাসের অনুপযোগী হচ্ছে সুন্দর এই শহরটি।দানু আরও বলেন, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী দায়িত্ব পালনকালে কখনো সিটি করপোরেশনকে রাজনৈতিক কাজে ব্যবহার করেননি। যেকোনো রাজনৈতিক দলের সমাবেশে তিনি সিটি করপোরেশনের পক্ষ থেকে পানি সরবরাহের ব্যবস্থা করতেন। কিন্তু কখনো সিটি করপোরেশনকে তিনি রাজনৈতিক কাজে ব্যবহার হতে দেননি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম সুজন জানান, সিটি করপোরেশনকে দলীয় কার্যালয়ে পরিণত না করা এবং দলীয় কাজে ব্যবহার না করার প্রথম প্রতিশ্রুতি ছিল বিএনপির। এখন যেভাবে করপোরেশনকে ব্যবহার করা হচ্ছে তা দুঃখজনক। নগরবাসীর টাকা দিয়ে ডিজিটাল ব্যানার সাঁটানো হয়েছে নগরজুড়ে। নগরবাসী এর জবাব দেবে একদিন।