আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক ইউপি সদস্য বিপ্লব মারমা। তিনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মফিজুল হককে পরাজিত করেন। বিপ্লব মারমা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং মফিজুল হক সভাপতি।নির্বাচনে টেলিফোন প্রতীক নিয়ে বিপ্লব মারমা এক হাজার ৮৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। পরাজিত মেয়র প্রার্থী মো. মফিজুল হক দুই মেয়াদে টানা ১৩ বছর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। গরুর গাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করে তিনি পেয়েছেন এক হাজার ৫৮৬ ভোট। উল্লেখ্য, কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নে ২১ জুলাই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে গোলযোগের আশঙ্কায় প্রশাসন আগে থেকেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেয়। আনসার ও পুলিশের পাশাপাশি বিপুলসংখ্যক বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য নির্বাচনের দিন দায়িত্ব পালন করেন। নির্বাচনের দিন প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন ভোটকেন্দ্রে বিপুলসংখ্যক ভোটার উপস্থিত হন। উপজেলা রিটার্নিং কর্মকর্তা ত্রিরতন চাকমা জানান, ‘ইউনিয়নের আট হাজার ২৫৫ ভোটারের মধ্যে সাত হাজার ৭২ জন ভোট দিয়েছেন।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন জানান, ‘চন্দ্রঘোনা ইউপি নির্বাচনের দিকে রাঙামাটি জেলা প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি ছিল। এ কারণে নির্বাচন সুষুম হয়েছে।’ নবনির্বাচিত চেয়ারম্যান বিপ্লব মারমা জানান, ‘তিনি স্থানীয় উন্নয়নে সবার সহযোগিতা নিয়ে কাজ করবেন। এ ব্যাপারে তিনি সব চেয়ারম্যান পদপ্রার্থীর সহযোগিতা চান।’