আওয়ামী লীগের গৃহবিবাদে, স্বস্তিতে বিএনপির প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করছেন ছয়জন। এর মধ্যে আওয়ামী লীগের সমর্থক প্রার্থী আছেন তিনজন। আওয়ামী লীগের এই গৃহবিবাদের কারণে স্বস্তিতে আছেন গত দুবারের কাউন্সিলর ও বিএনপি–সমর্থিত প্রার্থী মাহবুবুল আলম।
আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা জানান, চান্দগাঁও ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটি রয়েছে দুটি। এই দুই কমিটির দুই নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন। তাঁরা হলেন ওয়ার্ড আওয়ামী লীগের একটি কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন খালেদ ও অন্য কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল হক। তবে আওয়ামী লীগ দলীয়ভাবে সমর্থন দিয়েছে চান্দগাঁও দক্ষিণ-মধ্যম মহল্লা কমিটির সভাপতি সরোয়ার আলম চৌধুরীকে। অপরদিকে মাহবুবুল আলম বিএনপির নেতৃত্বাধীন ২০–দলীয় জোটের একক প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করা অপর দুজন হলেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইসমাইল ও জামায়াতের কর্মী গোলাম ফারুক।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭১ হাজার ৪৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৬ হাজার ২০৫ জন এবং নারী ভোটার ৩৫ হাজার ২৫৯ জন। ওয়ার্ডে ভোটকেন্দ্রের সংখ্যা ২৯টি।
ওয়ার্ডের ভোটার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা রিফাত ওমর বলেন, ‘গত ১০ বছরে তেমন উন্নয়নকাজ না হওয়ায় এবার এই ওয়ার্ডে আমাদের দলের প্রার্থীর জয়ী হওয়ার দারুণ সম্ভাবনা ছিল। কিন্তু তিনজন প্রার্থী দলের সমর্থক হওয়ায় ভোট ভাগাভাগি হয়ে যাবে।’
তবে বিষয়টি নিয়ে ভাবছেন না বলে জানান আওয়ামী লীগ সমর্থক কাউন্সিলর প্রার্থীরা। প্রার্থী মো. সাইফুদ্দিন খালেদ বলেন, ‘আওয়ামী লীগের হয়ে অন্য যঁারা নির্বাচন করছেন, তাঁরা দলীয় কোনো পদে নেই। একমাত্র আমিই দলের পদে আছি। ফলে যেখানেই যাচ্ছি বেশ ভালো সাড়া পাচ্ছি।’ দলের সমর্থন পাওয়া প্রার্থী সরোয়ার আলম চৌধুরী বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। দলীয় কোনো পদে না থাকলেও আমার পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ কারণে দল আমাকে মনোনীত করেছে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’
তবে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মাহবুবুল আলম মনে করেন প্রতিদ্বন্দ্বী শিবিরের এই অনৈক্য তাঁর বিজয়ের পথ প্রশস্ত করবে। তিনি বলেন, ‘আমি নির্বাচিত হয়ে গত দশ বছরে ওয়ার্ডে অনেক উন্নয়ন কাজ করেছি। এর ফলে এলাকার মানুষ আমাকেই ভোট দেবে। পাশাপাশি আওয়ামী লীগের হয়ে তিনজন প্রার্থী নির্বাচন করায় আমার জন্য সুযোগ আরও বেড়ে গেল।’
তবে সাধারণ ভোটাররা বলছেন ওয়ার্ডের সমস্যার সমাধানে যাকে যোগ্য মনে হবে তাকেই ভোট দেবেন তাঁরা। ওয়ার্ডের হামিদচর এলাকার মুদি দোকানদার মোহাম্মদ রফিক বলেন, ‘ডোম খালের ওপরের সেতুটি ভেঙে গেছে প্রায় দুবছর হলো। কিন্তু নতুন করে সেতু করার জন্য কোনো উদ্যোগ নেই। এর ফলে বহদ্দারহাট থেকে মালপত্র আনতে আমাদের দ্বিগুণ খরচ হচ্ছে। এতে জিনিস বিক্রি করে লাভ থাকছে না। এসব সমস্যার সমাধান যে দিতে পারবে তাকেই আমরা ভোট দেবো।’