আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে নেই দলের নেতারা সদলবলে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ অনুমোদিত দুই মেয়র প্রার্থীর কারও পক্ষেই প্রচারণায় নামছেন না দলের দায়িত্বশীল নেতারা। এ দুই প্রার্থীর মধ্যে যিনি জনগণের ভোটে বিজয়ী হবেন, তাঁকে বরণ করা হবে—এমন মনোভাব স্থানীয় নেতৃত্বের। দলের সিদ্ধান্ত না মেনে মেয়র পদপ্রার্থী হয়েছেন আওয়ামী লীগের আরও এক নেতা। দলীয় সমর্থন নেই তাঁর পক্ষেও। অন্যদিকে বিএনপির মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল হাসান দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রচারণায় নেমেছেন। তাঁরা বিভিন্ন এলাকায় গণসংযোগও করছেন সদলবলে।নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে পৌর এলাকায় প্রচারণায় নেমেছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ছোটখাটো অভিযোগ উঠলেও প্রচারণা শান্তিপূর্ণ রয়েছে।উল্লেখ্য, রাউজানের ছয় মেয়র পদপ্রার্থীর মধ্যে তিনজনই আওয়ামী লীগের। তবে দলের পক্ষে নির্বাচনী লড়াইয়ে নামার অনুমোদন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেবাশীষ পালিত। শফিকুল আনারস ও দেবাশীষ তালা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় না নামা প্রসঙ্গে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কামাল উদ্দিন বলেন, ‘দলের অনুমোদন পাওয়া দুজনই ত্যাগী নেতা। তাঁরা নিজেদের যোগ্যতায় নির্বাচন করছেন। যিনি জয়ী হবেন তাঁকে বরণ করা হবে।’এ দুজনের বাইরে দলের সিদ্ধান্ত না মেনে মেয়র পদপ্রার্থী হয়েছেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম। তিনি টেলিভিশন প্রতীক নিয়ে নির্বাচন করছেন। দলীয় পরিচয়ে নির্বাচন করছেন না বলে তিনি দাবি করেছেন। দলের নীতিনির্ধারকদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এক কনের জন্য তাঁরা দুই বর মনোনয়ন দিয়েছেন, তিন বর হলে আপত্তি কেন?’আচরণবিধি লঙ্ঘনের কথা মুখে বললেও লিখিত অভিযোগ করেননি কোনো প্রার্থী। আওয়ামী লীগ দলীয় প্রার্থী দেবাশীষ পালিতের অভিযোগ, প্রতিপক্ষ এক প্রার্থীর পক্ষে বিভিন্ন স্থানে ঘরের দেয়ালে স্টিকার লাগানো হয়েছে। তবে অন্য কোনো প্রার্থী এমন অভিযোগ করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা অঞ্জন কুমার পাল বলেন, ‘৯ জানুয়ারি প্রার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা হয়। সে সময় প্রার্থীরা ছোটখাটো অভিযোগের কথা তুললেও সুনির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। লিখিত অভিযোগ দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষে সব প্রার্থীকে আশ্বস্ত করা হয়েছে।’