১৫ জুন অনুষ্ঠিত উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিপুল বিজয় পেয়েছে আওয়ামী লীগ। চট্টগ্রাম, ফেনী ও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার নির্বাচনী চিত্রে এই তথ্য উঠে এসেছে।
নির্বাচনে ভোট দিয়েছেন ইউনিয়ন পরিষদ (ইউপি) ও উপজেলা পরিষদের নারী সদস্যরা। সাধারণ ভোটারবিহীন এই নির্বাচনের ফলও গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগেরই পক্ষে। বিভিন্ন উপজেলার নির্বাচন নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন কক্সবাজার ও ফেনীর নিজস্ব প্রতিবেদক এবং পটিয়া ও সীতাকুণ্ডের প্রতিনিধিরা
ফেনী: ফেনী জেলার ছয়টি উপজেলার ১৫টি আসনের সব কটিতেই জিতেছেন আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থীরা। নির্বাচিত প্রার্থীদের মধ্যে তিনজন ছাড়া সবাই প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ছয়টি উপজেলা পরিষদের মধ্যে ফেনী সদর উপজেলায় চারটি, দাগনভূঞা ও সোনাগাজীতে তিনটি করে, ফুলগাজী ও ছাগলনাইয়াতে দুটি করে এবং পরশুরাম উপজেলায় একটি আসন রয়েছে। এগুলোর মধ্যে ফেনী সদর, দাগনভূঞা ও পরশুরাম উপজেলার সব আসনে এবং সোনাগাজী উপজেলার তিনটি আসনের দুটিতে নারী সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা হলেন: ফেনী সদর উপজেলার আঞ্জুমান আরা, সেলিনা বেগম, পারুল বেগম, গোলশান আরা বেগম, দাগনভূঞা উপজেলার মঞ্জু রানী ঘোষ, বিবি আয়েশা ও রিনা হালিম, ছাগলনাইয়া উপজেলার শাহেনা আক্তার ও নাজমা আক্তার হায়দার, পরশুরাম উপজেলার রহিমা আক্তার এবং সোনাগাজী উপজেলায় ফাতেমা বেগম ও জান্নাতুল ফেরদাউস।
এ ছাড়া ভোটে নির্বাচিত হয়েছেন সোনাগাজীর ছেমনা খাতুন, ফুলগাজীর শারমিন আক্তার ও রাশেদা জান্নাত।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন জানান, জেলার ছয়টি উপজেলায় সংরক্ষিত নারী আসনে ১২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং তিনজন সরাসরি ভোটে জয়ী হয়েছেন।
পটিয়া: পটিয়া উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে আওয়ামী লীগ। পরিষদের আটটি আসনের সাতটিতেই জিতেছেন আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থীরা। নির্বাচিত বাকি একজন নির্দলীয় প্রার্থী হিসেবে জয় পেয়েছেন।
১৫ জুন পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনের ৫, ৬, ৭ ও ৮ নম্বর আসনে ভোট দেন উপজেলা পরিষদের নারী কাউন্সিলর ও সদস্যরা। ১, ২ ও ৪ নম্বর আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন নারী সদস্য আগেই নির্বাচিত হন বলে ওই সব আসনে ভোট গ্রহণ হয়নি।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে ৫ নম্বর আসনে ধলঘাট ইউপির সদস্য পারভিন আক্তার নির্দলীয় সদস্য হিসেবে জয় পান। বাকি নির্বাচিত সদস্যরা আওয়ামী লীগ–সমর্থিত। ৬ নম্বর আসনে দক্ষিণ ভূর্ষি ইউপির সদস্য ইনসানা নাসরিন চৌধুরী, ৭ নম্বর আসনে কেলিশহর ইউপির সদস্য শিল্পী মিত্র ও ৮ নম্বর আসনে ভাটিখাইন ইউপির সদস্য শাহনাজ ফরিদ নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া ১ নম্বর আসনে চরপাথরঘাটা ইউপির সদস্য বানাজা আক্তার, ২ নম্বর আসনে বড় উঠান ইউপির সদস্য মোমেনা আক্তার, ৪ নম্বর আসনে আশিয়া ইউপির সদস্য আঞ্জুমান আরা হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে ৩ নম্বর আসনে নির্বাচন স্থগিত রয়েছে।
সীতাকুণ্ড ও মিরসরাই: উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য নির্বাচনে চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাইয় উপজেলার নির্বাচনে বিএনপি–সমর্থিত প্রার্থীরা ভালো করেছেন। সীতাকুণ্ডের তিন আসনের দুটিতে ও মিরসরাইয়ের ছয় আসনের তিনটিতে বিএনপি–সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন।
মিরসরাইয়ে আওয়ামী লীগ–সমর্থিত জয়ী প্রার্থীরা হলেন শামীমা ইয়াসমিন, জাহানারা বেগম ও শাহানা বেগম। এ ছাড়া জয় পেয়েছেন বিএনপি–সমর্থিত প্রার্থী ফারজানা আক্তার, তাহমিনা আক্তার ও দেল আফরোজ।
এদিকে সীতাকুণ্ডের তিন আসনের দুটিতে জয় পেয়েছেন বিএনপি–সমর্থিত প্রার্থীরা। বিএনপি–সমর্থিত বিজয়ী সদস্যরা হলেন মাসুদা বেগম ও রহিমা বেগম। এ ছাড়া তিন আসনের একটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী জয়নব বিবি।
১৫ জুন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত মিরসরাইয়ের বিআরডিবি ভবনের সম্মেলন কক্ষে ও সীতাকুণ্ডের উপজেলা মিলনায়তনে ভোট দেন ইউপি ও পৌরসভার নারী সদস্য ও কাউন্সিলররা।
কক্সবাজার: কক্সবাজারের আটটি উপজেলায় সংরক্ষিত নারী আসনে বিজয়ী ২৪ জন সদস্য নিজ নিজ এলাকার উন্নয়নের অঙ্গীকার করেছেন। জেলার ২৫টি আসনের মধ্যে রামুর একটি আসনে সমান ভোট পড়ায় সেখানে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন জানান, ২৫টি সংরক্ষিত আসনে প্রার্থী ছিলেন ৬৫ জন। ১৫ জুন ২২৩ জন ভোটার ভোট দিয়ে ২৪ জনকে নির্বাচিত করেন। অন্য দিকে সমান ভোট পাওয়ায় নির্বাচনী বিধি অনুযায়ী রামু উপজেলার ৩ নম্বর আসনে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনের দুজন প্রার্থী আফসানা জেসমিন ও সোনিয়া বড়ুয়া ১১টি করে ভোট পেয়েছেন।
রামু উপজেলার বিজয়ী প্রার্থীরা হলেন আনোয়ারা বেগম, আনার কলি ও খালেদা আকতার। কক্সবাজার সদর উপজেলা থেকে জয় পেয়েছেন রেহেনা ইয়াছমিন ছিদ্দিকা, সাবিনা ইয়াছমিন, জাহেরা বেগম ও খালেদা মেহবুবা আক্তার। চকরিয়া উপজেলা থেকে নির্বাচিত হন আনোয়ারা ইসলাম, মুরশিদা আক্তার, জান্নাতুল ফেরদৌস, রাশেদা বেগম, হুমাইরা বেগম ও জোসনা আকতার। এ ছাড়া পেকুয়া উপজেলায় মর্জিনা বেগম ও হাসিনা বেগম, মহেশখালী উপজেলায় রেহেনা বেগম, মনোয়ারা বেগম ও হোসনে আরা বেগম, কুতুবদিয়া উপজেলার শাফিয়া আখতার ও ফরিজা বেগম, উখিয়া উপজেলার রোকেয়া খানম ও জাহেদা বেগম এবং টেকনাফ উপজেলার রাশেদা বেগম ও সানজিদা বেগম জয় পেয়েছেন।