‘আওয়ামী লীগের মধ্যে ঢুকে যাচ্ছে জামায়াত-শিবির। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। স্থানীয় প্রশাসনকে জামায়াত-শিবিরের রাজনীতি সম্পর্কে সজাগ থাকতে হবে।’
গত ২৮ ফেব্রুয়ারি লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে লোহাগাড়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ‘ভয়াল ২৮ ফেব্রুয়ারি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রিদুয়ানুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী।
তিনি বলেন, ওই দিন লোহাগাড়ায় জামায়াত-শিবিরের কর্মীরা ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি অফিসে অগ্নিসংযোগ করেন। পাশাপাশি হাজার হাজার বৃক্ষ নিধন করা হয়। এ হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের দ্রুত বিচারের আহ্বান জানান তিনি।
আরও বক্তব্য দেন দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মো. শাহজাহান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিদুয়ানুল হক, উপজেলা আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান, আবুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান, রেজাউল করিম প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগ নেতা তৌহিদুল হাসান ও মোরশেদুল আলম।