মহেশখালীতে ইউপি চেয়ারম্যান নির্বাচন
আওয়ামী লীগের ৩, বিএনপির ২ জন নির্বাচিত জামায়াতের দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত শনিবার অনুষ্ঠিত ছয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত তিনজন এবং বিএনপি সমর্থিত দুই জন বিজয়ী হয়েছেন। ভরাডুবি হয়েছে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীদের। এমনকি তাদের দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। মাতারবাড়ি, ধলঘাটা ও বড় মহেশখালী ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত এবং কালারমারছড়া, কুতুবজোমে বিএনপি সমর্থিত ও হোয়ানক ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।নির্বাচনে ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪২ জন, ১৮টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৫ জন এবং ৫৪টি সাধারণ পুরুষ সদস্য পদে ৩২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ১৭ জন, বিএনপি সমর্থিত নয়জন, জামায়াতে ইসলামী সমর্থিত তিনজন ও স্বতন্ত্র ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মাতারবাড়ি ইউনিয়নে পাঁচ হাজার ৩৩১ ভোট পেয়ে আওয়ামী লীগ সমর্থিত এনামুল হক চৌধুরী, ধলঘাটাতে তিন হাজার ৭৯ ভোট পেয়ে একই দলের আহসান উল্লাহ, কালারমারছড়া ইউনিয়নে নয় হাজার ৪৯৭ ভোট পেয়ে বিএনপি সমর্থিত মীর কাসেম চৌধুরী, হোয়ানক ইউনিয়নে চার হাজার ৭১৯ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী এনামুল করিম, বড় মহেশখালী ইউনিয়নে ১১ হাজার ৩৫৮ ভোট পেয়ে আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ শরিফ বাদশাহ এবং কুতুবজোম ইউনিয়নে চার হাজার ৮৬৮ ভোট পেয়ে বিএনপি সমর্থিত মাওলানা শফিউল আলম বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।এদিকে, কালারমারছড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জামায়াত নেতা জাবের আহমদ চৌধুরী, হোয়ানকে মোহাম্মদ আব্দুর রহমান ও ধলঘাটাতে মাওলানা আবদুল মান্নান নির্বাচনে হেরে গেছেন। এমনকি মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোটও না পাওয়ায় তিনজনের মধ্যে দুইজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাইনুল হক বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে জামায়াত বাজেয়াপ্ত হয়। প্রয়োজনীয় ভোট না পাওয়ায় কালারমারছড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জামায়াত নেতা জাবের আহমদ চৌধুরী ও ধলঘাটায় মাওলানা আবদুল মান্নানের জামানত বাজেয়াপ্ত হয়েছে।