
নতুন সাজে সাজছে কক্সবাজার সমুদ্রসৈকত। পর্যটকদের বিনোদনসেবা নিশ্চিতের পাশাপাশি সড়কগুলো আকর্ষণীয় করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ইতিমধ্যে শহরে ঢোকার মূল পয়েন্ট কলাতলীতে পশ্চিম দিকে সৈকতে নামার সড়কটি আকর্ষণীয় করার কাজ শুরু হয়েছে।
গত ২৬ আগস্ট সড়কটি পরিদর্শন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। তিনি সড়কটিকে আকর্ষণীয় করার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন। গত ২৮ আগস্ট সকালে গিয়ে দেখা গেছে, কলাতলী সড়কটির দুপাশে পানি চলাচলের জন্য নালা নির্মাণের কাজ চলছে। সড়কটি প্রশস্ত করার জন্য দুপাশের অবৈধ স্থাপনাও ইতিমধ্যে উচ্ছেদ করা হয়েছে।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, বিশ্বের দীর্ঘতম এই সৈকতে প্রতিবছর অন্তত ১৫ লাখ দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে আসেন। সমুদ্রে গোসল, সূর্যাস্ত আর কয়েকটি দর্শনীয় স্থান ভ্রমণ ছাড়া বিনোদনের তেমন কিছু এখানে নেই। তাই পর্যটকদের বিনোদনসুবিধা নিশ্চিতের পাশাপাশি শহরকে আকর্ষণীয় করতে কিছু উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমে কলাতলী সড়কটি উন্নয়নকাজ শুরু হয়েছে। ১৭০ মিটার লম্বা ও ১২৫ মিটার প্রস্থের এই সড়কটি সাজানোর কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে প্রায় ৩৪ লাখ টাকা ব্যয়ে সড়কের দুই পাশে পানি চলাচলের নালা নির্মাণের কাজ চলছে। থাকবে দুপাশে দুটি দৃষ্টিনন্দন সড়ক। এর একটি দিয়ে লোকজন সমুদ্রে নামবে, অন্যটি দিয়ে উঠবে। থাকবে ফুলের বাগানের সড়কদ্বীপ। যেখানে স্থাপন করা হবে পর্যটকদের বসার জন্য চেয়ার-ছাতা। তথ্যপ্রযুক্তির ব্যবহারে থাকবে ফ্রি ওয়াইফাই জোন। সড়কের দুপাশে থাকবে হাঁটাচলার জন্য দুটি ফুটপাত। সারা রাত লোকজনের জন্য জোনটি আলোকিত রাখা হবে।
জেলা প্রশাসক আরও জানান, প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে প্রায় আড়াই কোটি টাকা। অর্থসহায়তা দিচ্ছে একাধিক বেসরকারি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান। এ ছাড়া কলাতলীর মোড়ে নির্মিত সার্ক ফোয়ারাটি ভেঙে আরও আকর্ষণীয় ম্যুরাল তৈরির পরিকল্পনা চলছে। এতে কক্সবাজারের ইতিহাস–ঐতিহ্য তুলে ধরা হবে। বেসরকারি একটি ব্যাংক ম্যুরাল তৈরির ক্ষেত্রে অর্থসহায়তা দেবে। এরপর শহরের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্টসহ আরও কয়েকটি সড়ক আকর্ষণীয় করার পরিকল্পনা রয়েছে।
কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াছুর রহমান বলেন, হাজার কোটি টাকা খরচ করে সৈকতপারে চার শতাধিক হোটেল মোটেল কটেজসহ ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুললেও সড়কগুলো ময়লা–আবর্জনায় ভরপুর ও সন্ধ্যার পর অন্ধকারে ডুবে থাকে। যে কারণে পর্যটকদের ছিনতাইসহ নানা দুর্ভোগে পড়তে হয়। সড়কগুলো পরিচ্ছন্ন রাখার পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে শহরের সৌন্দর্য ও নিরাপত্তা নিশ্চিত হবে।