‘ব্রোঞ্জ পদক পেয়েছি। একই সঙ্গে পর্যবেক্ষণ রাউন্ডে সর্বোচ্চ নম্বর। এটা সত্যি প্রত্যাশার বাইরে ছিল। তবে, সব সময়ই আকাশ আমার প্রিয় জায়গা। মনে মনে পূর্ব আকাশের কালপুরুষের রেখা টেনে টেনে যোগ করাটাও আমার নেশা। আমার পড়ালেখাটাও এই বিষয় নিয়েই পড়তে চাই। আর স্বপ্ন দেখি দেশকে ভালো কিছু উপহার দেওয়ার।’ বলছিলেন অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে ব্রোজপদক পাওয়া শিক্ষার্থী চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী সোয়াত সাত্তার। তিনি পর্যবেক্ষণ রাউন্ডে সর্বোচ্চ নম্বর পান। এছাড়া অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের আরও দুজন ব্রোঞ্জ পদক পেয়েছেন।১৩ ডিসেম্বর রুশ সংস্কৃতি কেন্দ্রে মিলনায়তনে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে তিনজন ব্রোঞ্জপদক প্রাপ্ত ও অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকস ওয়ার্কশপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন।কথা হয় অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে ব্রোজপদক পাপ্তদের সঙ্গে। মোহসিনুল কবির পড়ছেন রাজশাহী কলেজ প্রথম বর্ষে। তিনি বলেন, ‘এই পদক আমার স্বপ্ন তৈরি করতে সাহায্য করবে। কারণ, আমি বড় হয়ে জ্যোতিঃপদার্থবিদ হতে চাই।’ এবার বন্ধুকে থামতে বললেন পাশে বসে থাকা তুর্য দত্ত। ‘এবার আমাকে একটু বলতে দাও!’ অন্যরা মাথা নেড়ে সায় জানান। তুর্য নারায়ণগঞ্জ হাই স্কুলে দশম শ্রেণীর শিক্ষার্থী। তিনি বলেন, ‘এই উৎসবে আমরা অনেক মজা করেছি। আকাশ দেখেছি। ঘুরে বেড়িয়েছি। আরেকটা কথা হলো, আমি প্রথম দিন থেকেই খুব নার্ভাস ছিলাম। কোনো অলিম্পিয়াডে এটাই আমার প্রথম অংশগ্রহণ।’ তারপর গলায় ঝোলানো মেডেল দেখিয়ে বলেন, ‘এটা পাওয়ার পর এক নিমেষে সব ভয় উধাও হয়ে গেছে।’এ অলিম্পিয়াডে বিদেশি ৪৩ জনসহ ৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত এ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে চীন, রাশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও কাজাখস্তান ও বাংলাদেশ অংশ নেয়। এ অলিম্পিয়াড সম্পর্কে আয়োজক কমিটির চেয়ারপারসন মশহরুল আমীন জানালেন, জ্যোতির্বিজ্ঞানে তরুণদের আগ্রহী করাই আমাদের লক্ষ্য। আমরা চাই, আরও বেশি জনগণ এ বিষয়টির সঙ্গে পরিচিত হোক।অষ্টম এশিয়া প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের প্রধান উপদেষ্টা ছিলেন জামিলুর রেজা চৌধুরী বলেন, প্রথমবারের মতো এই আয়োজন হলো। এটা একটা মাইলফলক। বাংলাদেশের শিক্ষার্থীদের পারফরম্যান্সও বেশ ভালো ছিল। আশা করি, বাংলাদেশ জ্যোতির্বিজ্ঞানে আরও এগিয়ে যাবে।উল্লেখ্য, অষ্টম এশিয়া প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ২৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত হয়। এবারের অলিম্পিয়াডে চীন ও কোরিয়ার শিক্ষার্থীরা স্বর্ণ ও রৌপ্যপদক লাভ করে। ছয়টি দেশের অংশগ্রহণে আয়োজিত এ অলিম্পিয়াডের আয়োজক বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। সার্বিক সহযোগিতা করে ঢাকার রুরাশিয়ান দূতাবাসের বিজ্ঞান ও সাংস্কৃতিক বিভাগ। সহযোগিতায় ছিল প্রথম আলো, চ্যানেল আই ও গাইড ট্যুরস লিমিটেড।