আকাশ থেকে পড়ল বিশাল দুটি পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকায় বিশাল আকৃতির দুটি পাখি উড়তে উড়তে হঠাৎ মাটিতে পড়ে যায়। আহত অবস্থায় পাখিগুলো উদ্ধার করেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। পাখি দুটির একটি শকুন ও অপরটি বিরল প্রজাতির বাজপাখি। আহত পাখি দুটি বর্তমানে টেকনাফ পরিবেশ অধিদপ্তরের হেফাজতে আছে। এলাকার বাসিন্দারা জানান, গত মঙ্গলবার আকাশে উড়ন্ত অবস্থায় পাখি দুটি পরস্পরকে আক্রমণ করে। একপর্যায়ে স্থানীয় বাসিন্দা সুলতান আহমদ ও ছিদ্দিক আহমদের বাড়ির আঙিনায় পাখিগুলো পড়ে যায়। বাড়ির বাসিন্দারা পাখি দুটিকে ধরে দড়ি দিয়ে বেঁধে রাখেন। পরে পরিবেশ অধিদপ্তরের কাছে পাখিগুলো হস্তান্তর করা হয়।পরিবেশ অধিদপ্তর, টেকনাফ অঞ্চলের সহকারী প্রশাসনিক কর্মকর্তা সাহিদ আল শাহীন জানান, শকুনটির ডানা দুটি প্রায় ১০ ফুট লম্বা, ওজন ১৫ কেজি এবং উচ্চতা সাড়ে তিন ফুট। বাজপাখিটির ওজন আট কেজি, ডানা দুটি পাঁচ ফুট লম্বা ও উচ্চতা প্রায় দুই ফুট। সাহিদ আল শাহীন আরও বলেন, ‘পাখি দুটি সুস্থ হয়ে উঠলে চকরিয়ায় অবস্থিত বঙ্গবন্ধু ডুলাহাজারা সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।’ টেকনাফ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা এ কে এম হুমায়ুন কবির পাখি দুটি সম্পর্কে বলেন, ‘পাখি দুটির একটি শকুন, অপরটি বাজপাখি। শকুনটি ডায়রিয়া আক্রান্ত এবং বাজপাখিটির ডানায় আঘাত লেগেছে।’এ প্রসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মো. শাহ আলম বলেন, ‘অতিরিক্ত শীতের কারণে জঙ্গল ছেড়ে এ ধরনের পাখি উপকূলের দিকে চলে যায়। এই পাখিগুলো সে কারণে টেকনাফের দিকে উড়ে গেছে বলে মনে হচ্ছে। পরস্পরের মধ্যে খাবার নিয়ে ঝগড়ার একপর্যায়ে আঘাত পেয়ে হয়তো তারা মাটিতে পড়ে যায়।’