লন্ডন থেকে যখনই মাকে ফোন করি, অতিপ্রয়োজনীয় বিষয় পড়াশোনার কথা জিজ্ঞেস না করে মা তুলবেন অপ্রয়োজনীয় যত সব কথা। যেমন: তোর ওখানে এখন কটা বাজে, আজ ঠান্ডাটা কেমন, সূর্যটা দেখা যাচ্ছে নাকি মেঘে ঢেকে আছে, গতকালের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিটা এখনো চলছে কি না, অথবা আজ ফজর কটায় হয়েছে আর মাগরিব কখন হবে ইত্যাদি ইত্যাদি।মাকে এসব কথা জানাতে জানাতে আমার এখন লন্ডন-বাংলাদেশের সময় আর আকাশ-বাতাসের সাদৃশ্য-বৈসাদৃশ্য মুখস্থ হয়ে গেছে। আর মায়ের মতো আমিও এখন আমেরিকা, কানাডা, উগান্ডা, অস্ট্রেলিয়া কিংবা জাপানি বন্ধুদের ফোন করে পড়াশোনা ও চাকরির কথা জিজ্ঞেস না করে ওই সব দেশের আকাশ-বাতাস ও সময়ের কথা জিজ্ঞেস করি। যা হোক, এসব জেনে জেনে দেশ-বিদেশের আকাশ-বাতাসের বৈচিত্র্যের যে ছবিটা আমার মনের মধ্যে স্পষ্ট হয়ে আছে, তা-ই আপনাদের আজ দেখানোর চেষ্টা করছি।প্রকৃতির নানা রূপবৈচিত্র্য ধরার অন্যতম মাপকাঠি ঋতু দিয়েই শুরু করা যাক। আমার জানামতে, বাংলাদেশের মতো ছয়টি রূপের মৌসুম পার্শ্ববর্তী দেশ ভারত ছাড়া পৃথিবীর আর কোনো দেশে নেই। ব্রিটেনে আছে চারটি ঋতু। এখানে প্রতিটি ঋতুর স্থায়িত্ব তিন মাস। আর প্রথমেই আসে সম্মোহনী বসন্ত, যা মার্চে শুরু হয়ে মে মাসে গিয়ে ঠেকে। শীতে পাতা ঝরে ন্যাড়া হয়ে যাওয়া ব্রিটেনের গাছে গাছে মঞ্জরিত নতুন নতুন পত্রকুঁড়ি, ফুলকুঁড়ি, নীলচে রোদ আর মে ফুলের সৌন্দর্য-সৌরভ বলে দেয়, বাংলাদেশের ঋতুরাজ বসন্ত এখানে ব্রিটিশি ভাব আর রূপ নিয়ে হাজির। তারপর আসে প্রেয়সী গ্রীষ্ম, যা তার দীর্ঘস্থায়ী আলোকোজ্জ্বল যৌবন আর উষ্ণ ছোঁয়া দিয়ে ব্রিটেনবাসীর মনোযোগ কেড়ে নেয়। সারা দেশ হয়ে ওঠে উৎসবমুখর। এ সময় লন্ডনে গড় তাপমাত্রা থাকে ১২ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস। আর গ্রীষ্মের শেষ হতে না-হতেই এসে যায় আকাশবাহারি নীলমোহিনী শরৎ। ব্রিটিশ আবহাওয়ায় আসে হিমেল আমেজ, শুরু হয় ভারী ও উষ্ণ পোশাক-আশাকের আয়োজন। আকাশজুড়ে সবল দৌরাত্ম্যে আড্ডা মেরে বেড়ায় সাদা মেঘের দল। অতঃপর শরতের শেষের দিকের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থেকে হাড় ঠকঠকা কাঁপন নিয়ে আসে শীতের ডাইনি। এভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর তুষার শিশিরের জমজমাট আয়োজনে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত একচ্ছত্র রাজত্ব চলে শীতের। যা হোক, তাপমাত্রার তফাত থাকলেও আমার প্রশংসার ঋতু বসন্ত ও পছন্দের ঋতু শরতের দুটোই এখানে বেশ আমেজ নিয়ে আকাশ-বাতাস, ফুল-পাখি-লতাপাতা ও পাহাড়-নদী-সাগরের সঙ্গে তাল মিলিয়ে সাজে। তবে বর্ষা আর হেমন্ত ব্রিটেনের ঋতুর তালিকায় না থাকলেও একটু নজর দিলে এরাও আমাকে ধরা দেয়। আগস্ট-সেপ্টেম্বরের কদাচ ধুমধাম বৃষ্টি, আর শরতের মাঝামাঝি সময়ের বাতাসের ঢং ও রোদের রং থেকে আমি সহজেই তুলে নিতে পারি বাংলার বর্ষা ও হেমন্তকে।ইংল্যান্ডের মতো পৃথিবীর বেশির ভাগ দেশেই ঋতু চারটি। তবে কোনো কোনো দেশে আবার দুটিতেই বছর শেষ। যেমন: আফ্রিকার বন্ধু ডা. টাইটাসের মতে, ইথিওপিয়া, রুয়ান্ডা ও অ্যাঙ্গোলার আবহাওয়ায় শুকনো মৌসুম ও বর্ষণ—এ দুটো বৈশিষ্ট্যই চোখে পড়ে। তবে সুইডেন ও নরওয়েতে থাকা অপু ও রিমনের মতে, সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ড শীতের দেশ হিসেবে পরিচিত হলেও এখানকার আকাশ-বাতাস ইউরোপের অন্য দেশগুলোর মতো চারটি ঋতু নিয়েই সাজে। এবার যাওয়া যাক আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ার দিকে। আমেরিকা ও কানাডার আকাশ-বাতাস ইংল্যান্ডের সঙ্গে প্রায় মিল রেখে চারটি ঋতু নিয়ে মার্চ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঘোরে, যদিও কানাডায় শীতের আধিপত্যই বেশি। তবে অস্ট্রেলিয়ায় ঋতু চারটি হলেও এগুলো ইংল্যান্ডের সঙ্গে মিল রেখে চলে না। গত জানুয়ারিতে লন্ডনে যখন অঝোরধারায় তুষার পড়ছিল, তখন ইউনিভার্সিটি অব মেলবোর্নের শিক্ষক, বন্ধু চন্দনকে ফোন করে জানা গেল, ওর ওখানে নাকি ভালোই গরম পড়ছে। আবার জুলাই মাসে লন্ডনে যখন গরম, তখন গরিলার দেশ উগান্ডায় থাকা আমার গবেষক বন্ধু শুভ্র জানায়, ওখানে নাকি মজার শীত পড়ছে, হা হা হা। এই হলো আমাদের পৃথিবীর আকাশ-বাতাসের রঙ্গমঞ্চের খবর।এবার পৃথিবীর আকাশ-বাতাসের সঙ্গে সুয্যি মামার চলাফেরা নিয়ে মজার কথা শুনুন। জানুয়ারিতে ব্রিটেনের এডিনবার্গে সূর্য ওঠে অফিস সময় আটটা ৪৪ মিনিটে, আর অস্ত যায় তিনটা ৪৯ মিনিটে। আবার জুনে রাত ১০টায় ব্রিটেনে সূর্য ডুব দেওয়ার প্রস্তুতি নেয়। নরওয়ে, ফিনল্যান্ড ও সুইডেনের অবস্থা আরও মজার। যেমন: নরওয়েতে থাকা রিমনদের ওখানে জুনে জানালায় ভারী পর্দা টাঙিয়ে কৃত্রিম রাত বানিয়ে ঘুমোতে যেতে হয়। কারণ, সূর্যাস্ত হয় সোয়া ১১টায়। আবার ডিসেম্বরে সুইডেনে সূর্যোদয় হয় পৌনে নয়টায় এবং সূর্যাস্ত পৌনে তিনটায়। সুইডেনের এ খবর শুনে মা খুশিতে বলে ওঠেন, বাহ্! তাহলে তো এক অজুতেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যাবে। দিন-রাত আর আকাশ-বাতাসের এসব কারসাজি দেখার জন্য মা আসছেন ইউরোপে। ইচ্ছে হয়, মায়ের সঙ্গে উড়ে উড়ে, ঘুরে ঘুরে দেখি পৃথিবীর বিচিত্র আকাশ-বাতাসের সব সৌন্দর্য।রাশেদ রাফিলন্ডন, যুক্তরাজ্য।