আকাশছোঁয়া মানালি

ভারতের অনেক কিছুই দেখা হয়েছে। কিন্তু মানালি গিয়ে মনে হলো, এ তো একেবারেই অন্য রকম এক জায়গা। হিমাচল প্রদেশে হিমালয়ের কোলঘেঁষে দাঁড়িয়ে আছে মানালি। মানালি যাওয়া-আসার জন্য যে পথ আছে, সেটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে উঁচু মোটরওয়ে। উঁচু পাহাড়ের পথের পাশে কখনো বরফঢাকা প্রকৃতি, কখনো আবার ঝরনা। দূরে হিমালয়ের হাতছানি তো আছেই।
মানালিতে যাঁরা যান, তাঁরা দুটি জায়গা অবশ্যই দেখেন। আমরাও তাই করলাম। প্রথমে গেলাম রোহটাং পাসে। মানালি শহর থেকে ৫২ কিলোমিটার দূরে চার হাজার মিটার উঁচুতে এই রোহটাং পাস মানালির অপূর্ব সুন্দর পাহাড়ি জায়গাগুলোর মধ্যে অন্যতম। যদিও বরফ আর তুষারঝড়ের কারণে কেবল মে থেকে নভেম্বর মাস পর্যন্ত এখানে থাকে পর্যটকদের আনাগোনা। পাহাড়ধসের কারণে বর্ষাকালও যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত সাধারণ পর্যটকদের।

রোহটাং পাসের পথে মেঘে ঢাকা বিশাল বিশাল সব পাহাড় চোখে পড়ল। আর এসব পাহাড়ের খাঁজে ছোট-বড় অনেক ঝরনা। গুনে শেষ করা যায় না। শীতকালের আশপাশের সময়গুলোতে রোহটাং পাসে বরফের দেখা পাওয়া যায় সহজেই। তবে অন্য সময়ে যদি আপনি ছোট্ট গ্লেসিয়ার বা বরফজমা ঝরনা ছুঁতে চান, তাহলে আপনাকে গাইড-টানা ঘোড়ার পিঠে চড়ে প্রায় ৪৫ মিনিট চড়াই পেরিয়ে উঠতে হবে পাহাড়ের চূড়ার কাছাকাছি। সে ক্ষেত্রে বরফে হাঁটার উপযোগী বুট ও জামা-কাপড় ভাড়া করে নিতে হবে রাস্তার আশপাশের দোকান থেকে। দুর্গম যে যাত্রায় আপনি মুখোমুখি হবেন প্রকৃতির অবিস্মরণীয় এক সৌন্দর্যের।
এবার আসি সোলাং ভ্যালিতে। এটা পড়ে রোহাটাং পাস যাওয়ার পথে। সোলাং ভ্যালি শীতকালে স্কিং করার জন্য অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা। এখানে প্যারাগ্লাইডিং করার ব্যবস্থাও আছে। অতটা সাহসে না কুলালে চড়ে বসতে পারেন কেব্ল কারে। উঠে যাবেন একেবারে পাহাড়ের চূড়ায়। আগস্ট-সেপ্টেম্বর মাসে গেলে অবশ্যই কেব্ল কারে করে পাহাড়ের চূড়ায় উঠবেন মেঘে ভেজা গোলাপি বুনোফুলের গালিচা দেখার জন্য।
মানালি শহরের আশপাশে রয়েছে অনেকগুলো আপেলের বাগান, ঘন দেবদারু বন, পাহাড়ি নদী-ঝরনাসহ ছোটখাটো অনেকগুলো ট্যুরিস্ট স্পট। মানালি গিয়ে সুস্বাদু ট্রাউট মাছ ভাজা না খেয়ে আসাটা ঠিক হবে না। দিল্লি থেকে মানালি সড়ক পথে ১৪ ঘণ্টার পথ। ভলভো এসি বাসে প্রতিজনে যাওয়া-আসার ভাড়া পড়বে প্রায় ২৫০০ রুপি। মানালিতে থাকা-খাওয়া আর ঘুরে বেড়ানোর খরচ খুব বেশি নয়। এখানে থাকা-খাওয়ার জন্য বিভিন্ন মানের হোটেল রয়েছে। রোহটাং পাস, সোনাং ভ্যালি আর শহরের কাছাকাছি অন্য ট্যুরিস্ট স্পটগুলো দেখতে কার ভাড়া করতে হবে যা আপনি হোটেলের সাহায্যে করতে পারেন অথবা শহরের ট্যাক্সিস্ট্যান্ডগুলো থেকে ভাড়া করে নিতে পারেন।