আকাশপথে ক্যাটওয়াক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপার মডেল জেসিকা মিন আনের ‘স্প্রিং ফ্যাশন শো ২০১৪’-এর ক্যাটওয়াকের কল্পিত দৃশ্য। ছবি: ফিমেলফার্স্ট।
সুপার মডেল জেসিকা মিন আনের ‘স্প্রিং ফ্যাশন শো ২০১৪’-এর ক্যাটওয়াকের কল্পিত দৃশ্য। ছবি: ফিমেলফার্স্ট।

স্বর্গের উর্বশী, রম্ভা বা মেনকাকে এই ধরাধামে পাওয়া যাবে না তো কী! শিল্পীর সৃজনশীলতায় মাটির পুত্র-কন্যারাই তো হয়ে ওঠে স্বপ্ন-স্বর্গের আরাধ্য চরিত্র। মনের মতো করে সাজাতে পারলে তারা কেন কেবল রঙ্গমঞ্চেই হাঁটবে? কেন তাদের হাঁটতে দেখা যাবে না দুনিয়ার বিস্ময়কর সুন্দর সব স্থানে, স্থাপনায়? এ ভাবনায়ই ফ্যাশন ডিজাইনাররা এ যুগের রূপের দেব-দেবী বা সুপার মডেলদের ‘ক্যাটওয়াক’ নিয়ে যাচ্ছেন সিঙ্গাপুরের সমুদ্রপাড়ে ‘উদ্যানের আকাশপথে’। যুক্তরাজ্যের সাময়িকী ‘ফিমেলফার্স্ট’ এ খবর জানিয়েছে।

আলোচিত ফ্যাশন শো সংগঠক ও সুপার মডেল জেসিকা মিন আন লন্ডনে টেমস নদীর ওপর টাওয়ার ব্রিজ এবং যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়নে ফ্যাশন শো আয়োজনের সাফল্যের ধারাবাহিকতায়ই সিঙ্গাপুরে আরেকটি আয়োজনের কাজ হাতে নিয়েছেন। সেতুর ওপর বা মাটি থেকে উঁচুতে অনেকটাই শূন্যে ভাসমান র্যাম্পওয়েতে এই ক্যাটওয়াক হয়েছে বলে ফ্যাশন ডিজাইনাররা এর নাম দিয়েছেন স্কাইওয়াক বা আকাশপথে হাঁটা।

সুপার মডেল জেসিকা মিন আনের ‘স্প্রিং ফ্যাশন শো ২০১৪’-এর ক্যাটওয়াকের কল্পিত দৃশ্য। ছবি: ফিমেলফার্স্ট।
সুপার মডেল জেসিকা মিন আনের ‘স্প্রিং ফ্যাশন শো ২০১৪’-এর ক্যাটওয়াকের কল্পিত দৃশ্য। ছবি: ফিমেলফার্স্ট।

সিঙ্গাপুরে মাত্র কয়েক বছর আগে গড়ে তোলা এই ‘গার্ডেনস বাই দ্য বে’ বা সমুদ্রপাড়ের উদ্যান ইতোমধ্যেই বড় বড় কোম্পানি আর দেশ-বিদেশের অভিজাতদের নানা অনুষ্ঠান আয়োজনের জনপ্রিয় কেন্দ্রে পরিণত হওয়ায় এই ভেন্যুর প্রতি বিশেষ মনোযোগ ছিল জেসিকা মিন আনের। তবে, সিঙ্গাপুরের এই সমুদ্রপাড়ের উদ্যানে ফ্যাশন শোয়ের আয়োজন এই প্রথম। আর আন্তর্জাতিক অঙ্গনের নামকরা সব ফ্যাশন হাউস আর সুপার মডেলদের অংশগ্রহণে এই আয়োজনও দুনিয়ার ফ্যাশন মানচিত্রে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন আয়োজকেরা।

সিঙ্গাপুরের এ উদ্যানে বড় বড় গাছের আকৃতির ২৫ থেকে ৫০ মিটার উচ্চতার ইস্পাতের কাঠামোর ওপর ঘুরে ঘুরে বাগান দেখার জন্য বানানো হয়েছে এই আকাশপথ। স্থাপত্য জগতে তোলপাড় ফেলা এই ‘ওসিবিসি স্কাইওয়ে’ বা ওভারসি চায়না ব্যাংকিং করপোরেশন আকাশপথের দৈর্ঘ্য ১২৮ মিটার। এখানেই হাঁটবেন মর্ত্যের কার্তিক-উর্বশী-মেনকারা।

সিঙ্গাপুরে সমুদ্রপাড়ের উদ্যানে গাছের আকৃতির ইস্পাতের কাঠামো ‘সুপারট্রি গ্রোভ’।
সিঙ্গাপুরে সমুদ্রপাড়ের উদ্যানে গাছের আকৃতির ইস্পাতের কাঠামো ‘সুপারট্রি গ্রোভ’।

জেসিকা মিন আনের ‘স্প্রিং ফ্যাশন শো ২০১৪’ শিরোনামে এই ফ্যাশন শোতে নানান শাখায় নারীদের ফ্যাশন ও পোশাক-আশাক তুলে ধরার জন্য ইউরোপ, আমেরিকা, এশিয়া ও আফ্রিকার অনেক নারী-পুরুষ ডিজাইনার অংশগ্রহণ করবেন। কিন্তু এই বাসন্তী আয়োজনে পুরুষদের ফ্যাশন তুলে ধরতে একাই কাজ করছেন ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার মার্ক মারেনজো।

সিঙ্গাপুরের ‘এক নম্বর অ্যাকশন স্যালুন’ উদ্যানের ইস্পাতের কাঠামোর সঙ্গে মানানসই স্টাইলে মডেলদের জন্য ‘স্থাপত্য নকশার কেশসজ্জা’র দায়িত্ব নিয়েছে। আর জাপানের প্রসাধনী ব্র্যান্ড ‘শ্যু উয়েমুরা’ কাজ করছে মঞ্চের চেয়ে অনেক বেশি ভিন্নরকম আলো ও পরিবেশের এমন আকাশপথে হাঁটতে থাকা মডেলদের মুখশ্রী সাজানোর বা মেকআপের।

আগামী ৫ মার্চ এই ব্যতিক্রমী ফ্যাশন শোর অতিথিরাও কিন্তু বিশেষ। সিঙ্গাপুরের মন্ত্রী-সান্ত্রি, আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার ও সুপার মডেলরা এবং বিশ্ব গণমাধ্যমের নির্বাচিত সাংবাদিক আলোকচিত্রী ছাড়া কেবল আয়োজক কোম্পানি ‘গ্লোবাল ২০০০’ -এর পরিচালকেরাই এই ফ্যাশন শো দেখার সুযোগ পাবেন।

জেসিকা মিন আন লন্ডনের টাওয়ার ব্রিজ, যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ছাড়াও মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ারের ব্রিজ এবং দুবাইয়ে কোস্টা আটলান্টিকা জাহাজের ডেকে বিশ্বের প্রথম ভাসমান ক্যাটওয়াকের আয়োজন করেন। এ ছাড়া প্যারিসের সেন নদীর ওপর ভাসমান ক্যাটওয়াকের আয়োজনেও সাফল্য পান এই শিল্পী।